কাভানির ৪ গোল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এডিনসন কাভানির গোল উদ্‌যাপন l এএফপি
এডিনসন কাভানির গোল উদ্‌যাপন l এএফপি

শিরোনামে আশ্চর্যবোধক চিহ্নটির দুটি ব্যাখ্যা হতে পারে। এক খেলোয়াড় ৪ গোল করায় বিস্ময়। আরেক বিস্ময় খেলোয়াড়টি এডিনসন কাভানি হওয়ায়।
মৌসুমের শুরু থেকেই গোল করার চেয়ে একের পর এক সহজ সুযোগ নষ্ট করেই বেশি আলোচনায় ছিলেন প্যারিস সেন্ট-জার্মেই স্ট্রাইকার। এ নিয়ে তাঁকে কম সমালোচনা সইতে হয়নি। সবকিছুর জবাবই হয়তো পরশু দিয়ে দিলেন কাভানি। ফ্রেঞ্চ লিগের ম্যাচে কাঁয়ের বিপক্ষে করেছেন চার-চারটি গোল! সেটিও ৩৫ মিনিটের মধ্যে! তাতে পিএসজি জেতে ৬-০ গোলে।
ইব্রাহিমোভিচ গত মৌসুম শেষে পাড়ি জমিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডে। এই মৌসুমে গোলের জন্য তাই কাভানিই পিএসজির ভরসা। লিগে প্রথম তিন ম্যাচ ও চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের বিপক্ষে দুটি গোল করলেও নষ্ট করেছেন অনেক। কিন্তু পরশু করলেন গোল উৎসব। বিরতির পর আর মাঠে নামেননি। ১২ মিনিটে শুরু করে তার আগেই করে ফেলেছেন ৪ গোল।
দ্বিতীয়ার্ধে পিএসজির অন্য গোল দুটি করেছেন লুকাস মওরা ও জাঁ-ভু অগাস্টিন। এএফপি।