কামড়-কাণ্ডের পর সুয়ারেজের প্রথম গোল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বহুদিন পর গোল পেলেন সুয়ারেজ। ফাইল ছবি
বহুদিন পর গোল পেলেন সুয়ারেজ। ফাইল ছবি

বিশ্বকাপে ইতালির জর্জো কিয়েলিনিকে কামড়ে চার মাস এবং ৯টি প্রতিযোগিতামূলক ম্যাচে নিষিদ্ধ হয়েছিলেন লুইস সুয়ারেজ। পরে অবশ্য আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আপিল করে প্রীতি ম্যাচ খেলার অনুমতি পেয়েছেন। আজ ওমানের বিপক্ষে প্রীতি ম্যাচে জোড়া গোল করলেন বার্সেলোনা ফরোয়ার্ড। বোঝালেন, ধারটা আগের মতোই আছে! সুয়ারেজের জোড়া গোল ওমানকে ৩-০ গোলে হারিয়েছে উরুগুয়ে।
ম্যাচের ৫৭ ও ৬৭ মিনিটে জোড়া গোল করে দলকে এগিয়ে নেন সুয়ারেজ। ৮৭ মিনিটে ব্যবধান বাড়িয়ে নেন জোনাথন রদ্রিগেজ। একটি গোলও শোধ করতে পারেনি ওমান। এর আগে শুক্রবার সৌদি আরবের বিপক্ষে প্রীতি ম্যাচেও খেলেছিলেন সুয়ারেজ। খেলেছেন বার্সার প্রীতি ম্যাচগুলোতেও। ২৫ অক্টোবর কাটবে চার মাসের নিষেধাজ্ঞা। ফলে ২৬ অক্টোবর ‘এল ক্লাসিকো’তে মাঠে নামতে অসুবিধা নেই সুয়ারেজের। তার আগে নিজেকে ভালোই ঝালিয়ে নিলেন এ উরুগুয়ে স্ট্রাইকার! সূত্র: এএফপি