কামড়ের 'ব্যথা' কিছুটা কমল সুয়ারেজের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিষেধাজ্ঞার মেয়াদ না কমলেও এখন থেকে অন্তত অনুশীলনটা করতে পারবেন লুইস সুয়ারেজ
নিষেধাজ্ঞার মেয়াদ না কমলেও এখন থেকে অন্তত অনুশীলনটা করতে পারবেন লুইস সুয়ারেজ

কামড়টা তিনিই বসিয়েছিলেন। তবে আসল ব্যথাটাও যেন পেয়েছেন লুইস সুয়ারেজই। একজন ফুটবলারকে মাঠে খেলা তো দূরের কথা, অনুশীলন থেকেও যদি দূরে রাখা হয়, এর চেয়ে বড় কষ্ট আর কী হতে পারে। আন্তর্জাতিক ক্রীড়া আদালতে (সিএএস) আপিলের পরও শাস্তির মেয়াদ কমল না। তবে অনুশীলনের ওপর থেকে নিষেধাজ্ঞা উঠে গেল। ম্যাচে না হোক, মাঠে অন্তত বল পায়ে রাখতে পারবেন বার্সেলোনায় নাম লেখানো এই স্ট্রাইকার।
বিশ্বকাপে ইতালির ডিফেন্ডার জর্জো কিয়েলিনিকে কামড় দিয়ে চার মাসের জন্য ফুটবলের সব ধরনের কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ হয়েছিলেন। জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ফুটবলেও খেলতে পারবেন না নয়টি ম্যাচ। ৮ আগস্ট শুনানি শেষে সিএএসও ফিফার এই রায় বহাল রাখল। অক্টোবরের ২৫ তারিখ পর্যন্ত মাঠে নামার সুযোগ নেই সুয়ারেজের।
নিষেধাজ্ঞা শেষ হওয়ার পরের দিনই এবারের মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে বার্সেলোনা। এই ম্যাচেই হয়তো বার্সার হয়ে অভিষেক হয়ে যেতে পারে সুয়ারেজের। আর এ জন্য প্রস্তুত হওয়ার সুযোগটাও পাচ্ছেন এই উরুগুয়ের স্ট্রাইকার। ফিফা সুয়ারেজকে সব ধরনের ফুটবলীয় কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ করলেও অনুশীলনের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে আন্তর্জাতিক ক্রীড়া আদালত। সূত্র: গোল ডটকম।