কার উদ্দেশে মেসির এই রহস্যময় বার্তা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এই ছবিটাই ইন্সটাগ্রামে পোস্ট করেছেন লিওনেল মেসি
এই ছবিটাই ইন্সটাগ্রামে পোস্ট করেছেন লিওনেল মেসি

ইন্সটাগ্রামে সাধারণত নিজের পরিবার, সতীর্থদের সঙ্গে তোলা ব্যক্তিগত ছবিই শেয়ার করেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। কিন্তু দুই দিন আগে হঠাত্ করেই দেখা গেল এক রহস্যময় বার্তা। কালো ব্যাকগ্রাউন্ডের একটা ছবিতে লেখা আছে, ‘একটা সিংহ কখনো ভেড়ার মতামতের পরোয়া করে না।’ কার উদ্দেশে মেসির এই রহস্যময় বার্তা?
নিশ্চিত করে বলার উপায় নেই। তবে ধারণা করা হচ্ছে, নতুন করে কর ফাঁকির মামলায় জড়িয়ে যাওয়ার পরই ক্ষুব্ধ হয়ে ছবিটি ইন্সটাগ্রামে পোস্ট করেছেন এ সময়ের অন্যতম সেরা এই ফুটবলার।
মেসির বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগটা উঠেছিল গত বছর। ২০০৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত মেসি নাকি প্রায় ৪০ লাখ ইউরোর বেশি কর ফাঁকি দিয়েছেন। এ জন্য গত বছরের সেপ্টেম্বরে আদালতের কাঠগড়াতেও দাঁড়াতে হয়েছিল বার্সেলোনার এই তারকা ফুটবলারকে। বকেয়া করসহ প্রায় ৫০ লাখ ইউরো পরিশোধও করেছিলেন।
এ বছর বিশ্বকাপ চলার সময় স্প্যানিশ আদালতের এক রায় দেখে মনে হয়েছিল যে ঝামেলাটা ঝেড়ে ফেলতে পেরেছেন মেসি। সে সময় এক বিবৃতিতে বলা হয়েছিল, ‘লিওনেল মেসি নিজের উপার্জনের ব্যবস্থাপনা বা লেনদেনের সঙ্গে জড়িত সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া সম্পর্কে ওয়াকিবহাল নন।’
কিন্তু এখন আবার নতুন করে মেসিকে জড়ানো হয়েছে এই মামলার সঙ্গে। আর্থিক হিসাব-নিকাশের অনেক কিছুই মেসি জানতেন এবং সেগুলোতে তাঁর সম্মতি ছিল—এমন অনেক প্রমাণ আছে বলে দাবি করেছেন কাতালোনিয়ার এক বিচারক। প্রমাণ হিসেবে যেসব কাগজপত্র তদন্ত করা হয়েছে, সেগুলোর অনেকগুলোতেই মেসির স্বাক্ষর আছে এবং এসব বিষয়ে তাঁর সতর্ক থাকা দরকার ছিল বলে মন্তব্য করেছেন ওই বিচারক। দোষী প্রমাণিত হলে নাকি ছয় বছরের জেলও হতে পারে চারবারের ফিফা বর্ষসেরা ফুটবলারের। সেই সঙ্গে গুনতে হবে মোটা অঙ্কের জরিমানা।

এমন খবরে তো মেসির ক্ষুব্ধ হওয়াই স্বাভাবিক। তবে তিনি যে এসব কথাবার্তায় খুব বেশি বিচলিত হচ্ছেন না, সেটাই হয়তো জানিয়েছেন ইন্সটাগ্রামের বার্তাটি দিয়ে।