কার চোখে কে সেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুই বর্ষসেরা ফুটবলার—যুক্তরাষ্ট্রের কার্লি লয়েড ও আর্জেন্টিনার লিওনেল মেসি। মেসির এটা পঞ্চম ব্যালন ডি’অর হলেও লয়েড জিতলেন প্রথমবার। পরশু জুরিখে l রয়টার্স
দুই বর্ষসেরা ফুটবলার—যুক্তরাষ্ট্রের কার্লি লয়েড ও আর্জেন্টিনার লিওনেল মেসি। মেসির এটা পঞ্চম ব্যালন ডি’অর হলেও লয়েড জিতলেন প্রথমবার। পরশু জুরিখে l রয়টার্স

মূল অনুষ্ঠান শুরুর আগে ব্যালন ডি’অরের সেরা তিন খেলোয়াড়কে নিয়ে একটা যৌথ সংবাদ সম্মেলন হয় প্রতিবার। এবারও হলো। সেখানে ক্রিস্টিয়ানো রোনালদো নিজেই বললেন, এবারের সম্ভাবনায় মেসি তাঁর চেয়ে এগিয়ে। পুরস্কারটা মেসি বা নেইমারের কেউ একজন পেলে তিনি অবাক হবেন না।
রোনালদো পেতে পারেন—ঠিক এই কথাটা লিওনেল মেসি বলেননি। তবে এটা বলেছেন, সেরা তিনে যারা এসেছে, যোগ্যতা দিয়েই এসেছে।
তার মানে কী দাঁড়াল? রোনালদো মেনে নিচ্ছেন, সেরা তিনে মেসি থাকার মতো। মেসিও মানছেন, রোনালদো থাকতে পারেন সেরা তিনে। কিন্তু ভোট দেওয়ার বেলায় তাহলে তাঁদের কথা আর কাজে মিল নেই কেন? ভোটাভুটির তালিকা প্রকাশিত হওয়ার পর দেখা যাচ্ছে, মেসিকে সেরা তিনেই রাখেননি পর্তুগালের অধিনায়ক! রোনালদো ভোট পাননি আর্জেন্টাইন অধিনায়কের! ব্যাপারটা এবারই প্রথম হলো এমন নয়। মেসি-রোনালদো কোনোবারই একে অন্যকে ভোট দেন না!
কেন? আসলে কৌশল। ব্যালন ডি’অরের লড়াইয়ে সর্বশেষ আট বছর ধরে এই দুজনই মূল প্রতিদ্বন্দ্বী। আর ভোটের লড়াইয়ে নেমে কি এমন ‘প্রতিদ্বন্দ্বী’র বাক্সে নিজের ভোট দেওয়া যায়!
এবার মেসি তাঁর তিনটি ভোট দিয়েছেন যথাক্রমে লুইস সুয়ারেজ, নেইমার ও আন্দ্রেস ইনিয়েস্তাকে। মেসি যেমন তাঁর তিন ক্লাব সতীর্থের বাইরে যেতে পারেননি, রোনালদোও তা-ই। তাঁর তিনটি ভোট পেয়েছেন করিম বেনজেমা, হামেস রদ্রিগেজ ও গ্যারেথ বেল।
মেসি-রোনালদো না হয় কৌশলগত কারণে ভোট দিতে গিয়ে বিচিত্র পছন্দ বেছে নেন। কিন্তু ফিফার ওয়েবসাইটে ২০৯ দেশের কোচ-অধিনায়ক ও সাংবাদিকদের ভোটের তালিকা প্রকাশিত হওয়ার পর প্রতিবারই দেখা যায়, এর চেয়েও বিচিত্র কিছু ভোট পড়েছে। এবারও তার ব্যতিক্রম হয়নি।
ইংল্যান্ড কোচ রয় হজসনের কথাই ধরুন না। হজসন গতবার সবচেয়ে বড় শিরোনামের জন্ম দিয়েছিলেন সেরা হিসেবে হাভিয়ের মাচেরানোকে বেছে নিয়ে। অনেক হাসাহাসি হয়েছিল তাঁর ভোট নিয়ে। তবে এক বছর পর ইংল্যান্ড কোচের মতো আরও কয়েকজনকে পাওয়া গেল, যাঁরা এবার এক নম্বরে রেখেছেন মাচেরানোকে। গুয়াতেমালা অধিনায়ক হামবার্তো কার্লোস রুইজ, মৌরিতানিয়া অধিনায়ক ঔমার এনডিয়ায়ে ও নরওয়ে অধিনায়ক পার সিলিয়ান স্কেলব্রেডের মনে হয়েছে, আর্জেন্টাইন মিডফিল্ডারের গত বছরের পারফরম্যান্স বর্ষসেরা হওয়ার দাবি রাখে!

>ক্লাবপ্রীতি অবশ্য শুধু মেসি-রোনালদোই দেখাননি। আরও অনেকেই সেটি করেছেন। ব্রাজিলের নেইমার, কলম্বিয়ার হামেস রদ্রিগেজ, পোল্যান্ডের রবার্ট লেভানডফস্কি, চিলির আরদা তুরান, মরক্কোর মেহদি বেনাশিয়া—সবাই সেরা তিনে রেখেছেন নিজের ক্লাবের তিনজনকে!

পুরস্কার জেতেননি, তবে গ্যারেথ বেল এই ভেবে বেশ তৃপ্ত হতে পারেন যে, প্রয়োজনের সময় কাছে পাবেন এমন বন্ধু তাঁর কম নেই। সেটা ক্লাবই হোক বা জাতীয় দল। ওয়েলসের কোচ ও অধিনায়ক দুজনেরই বর্ষসেরা বেল। হতেই পারে। তবে বেল খুশি হবেন রোনালদোর ভোট দেখেও। দুজনের মধ্যে জমছে না বলে যে একটা গুঞ্জন চালু আছে, সেটিকেই তো ভুল প্রমাণ করল রোনালদোর ভোট।
ক্লাবপ্রীতি অবশ্য শুধু মেসি-রোনালদোই দেখাননি। আরও অনেকেই সেটি করেছেন। ব্রাজিলের নেইমার, কলম্বিয়ার হামেস রদ্রিগেজ, পোল্যান্ডের রবার্ট লেভানডফস্কি, চিলির আরদা তুরান, মরক্কোর মেহদি বেনাশিয়া—সবাই সেরা তিনে রেখেছেন নিজের ক্লাবের তিনজনকে!
খেলোয়াড়েরা যেমন নিজেদের ক্লাবপ্রীতি দেখিয়েছেন, কোচদের অনেকে দেখিয়েছেন তাদের নিজের দেশ কিংবা জাতীয় দলপ্রীতি। আর্জেন্টিনার কোচ জেরার্ডো মার্টিনো যেমন তাঁর সেরা তিনে রেখেছেন মেসি, সার্জিও আগুয়েরো আর মাচেরানোকে। জার্মানির কোচ জোয়াকিম লোর সেরা তিনে আছেন তিন জার্মান ম্যানুয়েল নয়্যার, টমাস মুলার ও টনি ক্রুস।
আবার ব্যতিক্রমও আছে। ক্লাবপ্রীতি কিংবা স্বজনপ্রীতি যা-ই বলুন, সেটার ঊর্ধ্বে থাকার উদাহরণ দেখিয়েছেন গিনির অধিনায়ক ফ্লোরেন্টিন পগবা। নিজে গিনির হয়ে খেললেও তাঁর ছোট ভাই পল পগবা খেলেন ফ্রান্স আর জুভেন্টাসের হয়ে। ২৩ জনের তালিকাতেও ছিলেন পল। কিন্তু ভোট পাননি ভাই ফ্লোরেন্টিনের কাছ থেকে!
এদের সবার পছন্দই তো কোনো না কোনো যুক্তিতে ফেলা যায়। তবে এমন কেউ কেউ আছেন, যাঁদের ভোট কোনো যুক্তিতর্ক দিয়ে মেলানো যায় না। পাকিস্তান কোচ বশির আল সালমান যেমন এক নম্বর পছন্দ হিসেবে রেখেছেন আরিয়েন রোবেনকে, দুই নম্বরে করিম বেনজেমা। চোটের কারণে বছরের প্রায় অর্ধেক যে রোবেন মাঠেই ছিলেন না, সেটা বোধ হয় পাকিস্তানি কোচ জানতেনই না! ফিফাডটকম।