
গত কয়েক বছরে ব্যাপারটা অলিখিত রীতিই হয়ে গেছে। ব্যালন ডি’অরের দিনক্ষণ ঘনিয়ে আসার সঙ্গে চায়ের কাপে ‘মেসি না রোনালদো’ বিতর্ক উসকে উঠবে আরও। এরই মধ্যে ভোট দেওয়ার কাজটা সেরে ফেলেছেন অনেকে। অনুমিতভাবেই পর্তুগাল কোচ ফার্নান্দো সান্তোস নিজের ভোট ক্রিস্টিয়ানো রোনালদোকে দিয়েছেন। আর্জেন্টিনা কোচ জেরার্ডো মার্টিনো জানিয়েছেন, তাঁর ভোট যাচ্ছে লিওনেল মেসির বাক্সেই।
ব্যাপারটা স্বাভাবিকই। মেসির ফর্ম যেমনই যাক, নিজের দেশের কোচের ভোটটা তো তাঁর বাক্সেই যাওয়া উচিত। রোনালদোর ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। মার্টিনো এই জানা কথাটাই মনে করিয়ে দিলেন, ‘আমি যে আর্জেন্টাইন, এটা ভুললে চলবে না। আমি বিচার করার জন্য সেরা লোক নই, নিজের আবেগকে যৌক্তিক বিবেচনা থেকে আলাদাও করতে পারি না। মেসি ফুটবলীয় বিচারে যা-ই করুক, আমি ওকেই ভোট দেব।’ তার মানে মার্টিনো স্বীকার করে নিচ্ছেন, গতবারেরে মতো এবারও মেসির চেয়ে রোনালদোই ব্যালন ডি’অরের বেশি দাবিদার? মার্টিনো অবশ্য সরাসরি উত্তর দেননি, ‘আমি ফুটবলীয় বিচারেই কিন্তু এবার ওর (মেসি) পক্ষে আছি।’
মার্টিনো অকপটে বলে দিলেও পর্তুগালের গ্রিক কোচ সান্তোস খানিকটা কূটনৈতিক, ‘আমি ক্রিস্টিয়ানোকেই ভোট দিয়েছি। আমার মনে হয়, এ বছরে সে বিশ্বের সেরা খেলোয়াড়। কিন্তু মেসিকেও আপনার বিবেচনা করতে হবে, সেও অসাধারণ। আগেই বলেছি, মেসি ও রোনালদো দুজনেই বিরল প্রতিভা। কিন্তু রোনালদো এ বছর সেরা।’ রোনালদোর পর্তুগাল সতীর্থ রিকার্ডো কারভালহোও কিন্তু দ্বিধা না করেই জানিয়ে দিলেন, ‘আমাকে একটু পক্ষপাতদুষ্ট মনে হতে পারে, কিন্তু আমি মনে করি ও-ই সেরা।’
রোনালদো-মেসি যত দিন খেলবেন, তত দিন হয়তো ব্যালন ডি’অরের বড় দাবিদার হয়েই থাকবেন। তবে নেইমারের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। সাবেক ব্রাজিল তারকা রোমারিও সেটি বলছেন পরোক্ষে, ‘মেসিকে ছাড়িয়ে যাওয়ার মতো সবকিছুই নেইমারের আছে। মেসি এর মধ্যেই ইতিহাসের অংশ, কিন্তু নেইমার আরও বড় প্রভাব রাখতে পারে। মেসি আরেকটা বিশ্বকাপে নাও খেলতে পারে, কিন্তু নেইমার আরও তিন বা চারটিতে খেলবে।’ এএফপি, গোলডটকম।