কার হৃৎপিণ্ডে কত জোর?

‘তুমি যদি খেলা দেখো, তাহলে বুসকেটসকে দেখতে পাবে না, আর যদি বুসকেটসকে দেখো, তাহলে পুরো খেলাটাই দেখতে পাবে।’
বার্সেলোনার সার্জিও বুসকেটস প্রসঙ্গে স্পেনের সাবেক কোচ ভিনসেন্ট দেল বস্ক শুনিয়েছেন এ কথা। প্রয়োজন অনুযায়ী মাঝমাঠে বুসকেটসের মতো পরিশ্রমী ফুটবলাররা খেলেন বলেই মাঝমাঠকে বলা হয় দলের হৃৎপিণ্ড। পাসের পর পাস খেলে শরীরে রক্ত সঞ্চালনের কাজটা করেন তাঁরাই। আবার প্রতিপক্ষকে ধ্বংস করতেও পটু হতে হয় তাঁদের। ফলে যেকোনো দলের মাঝমাঠ হওয়া চাই শক্ত।
দেশের ফুটবলে বুসকেটসের মানের ফুটবলার নেই। তবে একজন আছেন, নিখুঁত পাসিংয়ের জন্য সতীর্থরা যাঁকে ভালোবেসে ‘বুসকেটস’ ডাকেন, তিনি ইমন বাবু। ঢাকা আবাহনীর কোচ জর্জ কোটানের চোখে শেষ মৌসুমে তাঁর দলের চ্যাম্পিয়ন হওয়ার পেছনে মূল কারিগর ইমন। নতুন মৌসুমে কোন দলগুলো মাঝমাঠে ছড়ি ঘোরাতে পারে, তা নিজেই জানাচ্ছেন ইমন।
>প্রিমিয়ার লিগের শক্তিমত্তা বিচার করে এবার পরীক্ষার খাতার মতোই অঙ্ক কষে বের করা হবে। দেশের ফুটবল জায়ান্টদের শক্তির ধারণা দেওয়ার জন্য গতকাল শনিবার শুরু হয়েছে রক্ষণভাগ দিয়ে, আজ রোববার থাকছে মাঝমাঠ। ধারাবাহিকভাবে আসবে আক্রমণভাগের কথা। মোট ১০০ নম্বরের মধ্যে রক্ষণভাগ পাচ্ছে ৪০, মাঝমাঠ ৩০, আক্রমণভাগ ৩০। ফলে অঙ্ক কষেই মেপে নেওয়া যাবে কাদের হাতে উঠতে পারে দশম পেশাদার প্রিমিয়ার লিগের শিরোপা।
ঢাকা আবাহনী: ২৫/৩০
পাস, পাস আর পাস। ফুটবলের ভাষায় যাকে বলে ‘ফ্লুইড ফুটবল’। আবাহনীর মাঝমাঠ এমন পাসিং ফুটবলেরই বিজ্ঞাপন দেখিয়েছে গত মৌসুমে। এবার ইংলিশ মিডফিল্ডার লি টাক চলে যাওয়ার পর এসেছেন ল্যান্ডিং ডার্বো ও সোহেল রানা। পুরোনো ইমন বাবু, সাদ উদ্দিন ও সাহেদ তো আছেনই। আতিকুর রহমান ইনজুরিতে থাকায় ঘাটতি বলতে একজন পরিপূর্ণ হোল্ডিং মিডফিল্ডারের। তবু ইমনের চোখে তাঁর দলের মাঝমাঠই সেরা, ‘আমাদের মাঝমাঠ খুবই ব্যালান্সড। আতিকুর থাকলে একেবারেই পরিপূর্ণ হতো। আশা করি, নাসির ভাই সে ঘাটতিটা পোষাবে। ৩০-এ ২৫ পাব আমরা।’

সাইফ স্পোর্টিং: ২৩/৩০
জুয়েল রানা ও ইব্রাহিমের মতো দুই উইঙ্গার আছেন দলে। ৪-৪-২ ফর্মেশনে এ দুজনই হতে পারেন তুরুপের তাস। বল দখলের লড়াইয়ে দেশসেরা হোল্ডিং মিডফিল্ডার জামাল ভূঁইয়া তো আছেনই। সঙ্গ দেওয়ার জন্য আছেন তরুণ আল আমিন ও কলম্বিয়ান মিডফিল্ডার ডেইনার। তবে বেঞ্চের অনভিজ্ঞতা কোচের কপালে বড় ভাঁজ ফেলানোর জন্য যথেষ্ট। ঠিক এখানেই সাইফ পিছিয়ে রয়েছে বলে মনে করেন ইমন, ‘মাঝমাঠ ব্যালান্সড। কিন্তু কেউ চোটে পড়লে সে জায়গা পূর্ণ করার মতো অভিজ্ঞতা নেই বেঞ্চে।’
শেখ রাসেল ক্রীড়াচক্র: ২৩/৩০
অভিজ্ঞতা ও তারুণ্যের মিশ্রণে শেখ রাসেল ক্রীড়াচক্রের মাঝমাঠ বেশ শক্তিশালী। পুরোনোদের মধ্যে আছেন সাহেদ, মোনায়েম খান, আলমগীর কবির ও ফজলে রাব্বি। ভেড়ানো হয়েছে কাওসার রাব্বি ও মোবারক হোসেন ভূঁইয়ার মতো গতিশীল উইঙ্গারদের। রাসেলের মাঝমাঠকে নিজের দল থেকে মাত্র ২ নম্বর কম দিচ্ছেন ইমন, ‘সাহেদের মতো প্লে-মেকার আছে, রাজু ভাইয়ের মতো ডেডিকেটেড খেলোয়াড় আছেন। নিজের দিনে মোবারক ভাই মাঠে সেরা হতে পারেন।’
শেখ জামাল ধানমন্ডি: ২২/৩০
শেখ জামালে পুরোনোদের মধ্যে আছেন জাহেদ পারভেজ চৌধুরী ও এনামুল হক। নতুন যোগ দিয়েছেন মেজবাবুল হক, মোহাম্মদ আলি, মাজহারুল সৌরভ, ইমরান হোসেন ও ওমর ফারুক। মাঝমাঠে যেকোনো দলকেই বোতলবন্দী করার জন্য তাঁরা যথেষ্ট। কিন্তু একজন প্লে-মেকারের বড্ড অভাব। কোচ আপুসি জোসেফের দলের মাঝমাঠকে ২২ মার্ক দিচ্ছেন ইমন, ‘এ মুহূর্তে নামে হয়তো কোনো বড় তারকা নেই। তবে তাদের বিপক্ষে মাঠে নামলেই বোঝা যায়, তারা কতটা পরিপূর্ণ।’

মোহামেডান স্পোর্টিং লিমিটেড: ২০/৩০
এনামুল হক, আবদুল বাতেন, ফয়সাল মাহমুদ—মাঝমাঠের তারকা সবাই। কিন্তু তাঁদের এখন পড়তি ফর্ম। তবে এক খুদে জাদুকর আছেন, ভোজবাজির মতো বদলে দিতে পারেন ম্যাচের গতিপথ—স্যামসন ইলিয়াসু। ৫ ফুট ৪ ইঞ্চির এই নাইজেরিয়ান মাঝমাঠের নাটাই একাই ধরে রাখতে পারেন। সঙ্গে আছেন পরিশ্রমী ইমরুল। যোগ-বিয়োগ করে আহামরি না হলেও সমীহ করার মতো বলে মনে করেন ইমন বাবু, ‘আমার বিচারে মোহামেডান ২০ পাবে।’
চট্টগ্রাম আবাহনী: ২০/৩০
মামুনুল ইসলাম, জাহিদ হোসেন নিজেদের সেরা সময়ে থাকলে বলা যেত চট্টগ্রাম আবাহনীর মাঝমাঠই সবচেয়ে বেশি শক্তিশালী। কিন্তু এই দুজন এখন নিজেদের ছায়া। নতুন যোগ দিয়েছেন গত মৌসুমে আরামবাগে দুর্দান্ত পারফর্ম করা জাফর ইকবাল ও আবদুল্লাহ, মুক্তিযোদ্ধার মো. সোহেল ও মোহামেডানের মাসুক মিয়া জনি। এ ছাড়া কৌশিক বড়ুয়া তো আছেনই। কিন্তু প্লে-মেকার হয়ে উঠতে পারছেন না কেউ। এ ছাড়া জনিকে দিয়েও হচ্ছে না হোল্ডিং মিডফিল্ডের কাজ। ইমনের তা চোখ এড়ায়নি, ‘নাম বলে বলে হিসাব করলে চট্টগ্রাম আবাহনীর মাঝমাঠই বেশি শক্তিশালী। কিন্তু আমার মনে হয় মাঠে সবাই এক দল হয়ে উঠতে পারছে না।’
আরও পড়ুন...
রক্ষণে জিপিএ ৫ পাচ্ছে কারা?