কারও শেষ, কারও শুরু!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাডেমির জন্য ২০১২ সালে অনূর্ধ্ব-১৮ বছর বয়সী ২৭ জন ফুটবলার বাছাই করেছিল বাফুফে। সেই ফুটবলারদের বয়স এখন ২০। কাজেই একাডেমিতে সুযোগ পাওয়ার বয়সটা আর তাদের পক্ষে নেই। একাডেমি শুরু ‘হচ্ছে’, ‘হবে’ করে পেরিয়ে গেছে প্রায় দুই বছর। এই সময়টাই নির্বাচিত অনূর্ধ্ব-১৮ বাছাই ফুটবলারদের কপাল দিল পুড়িয়ে।
শুধু তা-ই নয়, বাছাই করা তরুণেরা বাফুফের তত্ত্বাবধানেও নেই। বলতে গেলে তাঁরা হারিয়েই গেছেন। অনূর্ধ্ব-১৮ খেলোয়াড়দের সঙ্গে ৩৭ জন অনূর্ধ্ব-১৪ খেলোয়াড়ও বাছাই করা হয় তখন। ওই খেলোয়াড়দেরও আর একাডেমির পরিকল্পনায় রাখতে পারেনি বাফুফে।
কদিন পরই যাত্রা শুরু করতে যাওয়া একাডেমিতে তাঁদের কেউই থাকছেন না। এতে নিশ্চিত করেই মন খারাপ হবে ৬৪ তরুণের। একাডেমির যাত্রালগ্নের আগের আমলাতান্ত্রিক জটিলতা কেড়ে নিয়েছে এই ফুটবলারদের স্বপ্ন!
কারও স্বপ্ন শেষ, কারও শুরু। একাডেমিতে হঠাৎই সুযোগ পেয়ে যাচ্ছে ৪০ জন খেলোয়াড়—অনূর্ধ্ব-১৩ ও অনূর্ধ্ব-১৬ বিভাগে সমান ২০ জন করে। এই খেলোয়াড়দের বিভিন্ন পর্যায়ে সারা দেশ থেকে তুলে এনেছে বাফুফে। পর্যায়ক্রমে আরও প্রশিক্ষণার্থী বাছাই করে একাডেমির আলো-বাতাসে তাদের পরিচর্যা করার কর্মসূচি তৈরি। বাফুফে চায় চারটি বয়সভিত্তিক দল একাডেমিতে রাখতে। প্রতি বিভাগে ২৫ জন করে মোট ১০০ খেলোয়াড়ের প্রশিক্ষণ নেওয়ার ব্যবস্থা থাকবে। পর্যায়ক্রমে প্রয়োজনীয় সুবিধাদি নিশ্চিত করার পরই চালু হবে পূর্ণাঙ্গ একাডেমি। খেলোয়াড়দের পড়াশোনার ব্যবস্থাও থাকছে। জানুয়ারি থেকে নতুন শিক্ষাবর্ষ চালু, তখনই হাউস টিউটর দিয়ে প্রশিক্ষণার্থীদের পড়াশোনা চালিয়ে নেওয়ার পরিকল্পনা আছে উদ্যোক্তাদের।
তবে একটা জায়গায় এরই মধ্যে পিছু হটতে হচ্ছে বাফুফেকে। একাডেমির জন্য কোচ করে আনা রেনে কোস্টার বিদায় নিয়েছেন। তাই আপাতত একাডেমির চারজন কোচই হচ্ছেন স্থানীয়—গোলাম জিলানী, মাহবুব হোসেন রক্সি, আবদুর রাজ্জাক ও জান-ই আলম রাহেল। বাফুফে চেষ্টা করছে যত দ্রুত সম্ভব বিদেশি কোচ আনতে। বিদেশি কোচ না আনা পর্যন্ত বাফুফের কোচরাই থাকবেন প্রশিক্ষণ কার্যক্রমের দায়িত্বে।
বাফুফে টেকনিক্যাল ডাইরেক্টর আবু জোবায়ের নিপু সামগ্রিক দিকটা দেখাশোনা করছেন। কদিন আগে একাডেমি পরিদর্শন করে এসেছেন। তাঁর কথা, ‘সব ঠিকঠাকই আছে ওখানে। মাঠের ঘাস কাটা, রোল করাসহ আরও কিছু টুকটাক কাজ বাকি আছে। এগুলো সবই হয়ে যাচ্ছে। এখন আমরা একাডেমি শুরু করতেই পারি।’
পূর্বনির্ধারিত সময়ের দুদিন আগে ১৩ নভেম্বরই উদ্বোধন হতে পারে একাডেমি। হাতে সময় কম, তাই বাফুফেতে তোড়জোড় চলছে একাডেমির ফিতা কাটা নিয়ে। বছর চারেক অপেক্ষার পর অবশেষে স্বপ্নের একাডেমি আলোর মুখ দেখছে! হোক না আপাতত ৪০ জন ছাত্র আর স্থানীয় কোচ, কিন্তু শুরু তো হচ্ছে।