কারখানা থেকে আর্সেনালে

মাত্র ২৪ ঘণ্টায় একটা জীবন বদলে যেতে পারে? বছরের পর বছর সংগ্রাম করতে থাকা মানুষ হয়তো প্রশ্নটা শুনেই ক্লান্ত চোখে নিরাসক্ত দৃষ্টিতে তাকাবেন। তবে মানুষটা যদি কোহেন ব্রামাল হন? প্রশ্নটা শুনে তাঁর চোখ চকচকই করবে। মাত্রই আর্সেনালে যোগ দেওয়া তরুণ লেফটব্যাকের নিজের জীবনই যে বদলে গেছে মাত্র ২৪ ঘণ্টায়! ২৪ ঘণ্টার মধ্যেই ‘বেকার’ ব্রামাল নিজেকে আবিষ্কার করেছেন আর্সেনালের অনুশীলন মাঠে, সানচেজ-ওজিলদের পাশে।
ফুটবলটা ভালোই খেলেন, অন্তত ইউটিউবে ছড়িয়ে পড়া তাঁর ‘র্যাবোনা অ্যাসিস্ট’ বা দুই-তিন ডিফেন্ডারকে কাটিয়ে গোলের ভিডিও তা-ই বলে। কিন্তু ব্রামাল খেলতেন অপেশাদার লিগের দল হেডনেসফোর্ডে! পেশাদার ফুটবলার হওয়ার স্বপ্নবিভোর মনের ক্ষুধাটা তাতে মেটে, পেটের ক্ষুধা নয়। সেটির তাড়নাই ২০ বছর বয়সী ব্রামালকে নিয়ে যায় ক্রু অঞ্চলে বেন্টলির মোটর ফ্যাক্টরিতে। সপ্তাহে ৪০০ পাউন্ডের চাকরি, এর মধ্যেই সময় বের করে ফুটবলটাও চলছিল।
কিন্তু সব বদলে গেল ডিসেম্বরের শেষ সপ্তাহে এসে। শেফিল্ডে গিয়েছিলেন ট্রায়ালে, সোমবার একটা ম্যাচও খেলেন। কিন্তু ফিরে এসে মঙ্গলবারেই ব্রামাল শুনলেন, চাকরিটা গেছে! বেন্টলির ফ্যাক্টরিতে তাঁকে আর দরকার নেই। নিজের মতো করে বেড়ে ওঠার প্রত্যয়ে তরুণ বয়সেই ঘর ছেড়ে বেরোনো ব্রামাল তখন ‘বেকার’, জীবনের গতিপথের সূত্র মেলাচ্ছিলেন।
সমাধানটা নিজেই ধরা দিল পরের দিন। বুধবার সকালে তাঁর এজেন্সি থেকে ফোন এল, ‘আর্সেনাল ডেকেছে ট্রায়ালে!’ প্রথম ভাবলেন, কেউ মজা করছে। কিন্তু পরে নিশ্চিত হয়ে নিয়ে লন্ডনের উদ্দেশে ব্যাগ গুছিয়ে রওনা হলেন। যাত্রাটাই ছিল স্বপ্নের। এরপরের গল্পটা সহজ—গেলেন, ট্রায়াল দিলেন, আর্সেনালের চুক্তিও পেলেন। অঙ্ক? সপ্তাহে ৩ হাজার পাউন্ড!
ব্রামালের এখনো এটি বিশ্বাস হতে চায় না, ‘পাগলাটে একটা সময়। বিশ্বাসই হচ্ছে না আমি এখানে!’ ডেইলি মেইল।