কারণ কর-মামলা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ভবিষ্যতের কথা কিছুই নিশ্চিত করে বলা যায় না’— লিওনেল মেসির এই কথাটাই যেন হঠাৎ বারুদে আগুন ধরিয়ে দিল। কেন মেসি বার্সেলোনা ছাড়তে চাইছেন, এ নিয়ে এখন ডালপালা মেলছে নানা গুঞ্জন। তবে স্প্যানিশ দৈনিক এল কনফিডেনশিয়াল-এর দাবিটা একটু অন্য রকম, মেসি আসলে বার্সা নয়, স্পেনই ছাড়তে চাইছেন। কর ফাঁকি মামলায় তিতিবিরক্ত হয়েই নাকি স্পেনের ওপর থেকে মন উঠে গেছে তাঁর।
গত বছর মেসির বিরুদ্ধে প্রায় ৪১ লাখ ইউরো কর ফাঁকি দেওয়ার অভিযোগ ওঠে। ব্রাজিল ও উরুগুয়েতে ‘ইমেজ-স্বত্ব’ থেকে পাওয়া অর্থের কোনো কর নাকি মেসি দেননি। স্প্যানিশ আইন অনুযায়ী, এক লাখ ২০ হাজার ইউরোর বেশি কর ফাঁকি দিলে সেটি দণ্ডযোগ্য অপরাধ। তবে জরিমানা দিয়ে সাজাটা এড়ানো যায়। মেসি কিন্তু প্রায় ৫০ লাখ ইউরোর মতো জরিমানা দিয়েছেন। কিন্তু তার পরও আদালত তাঁকে রেহাই দেননি, এখনো মামলা চলছে।
এল কনফিডেনশিয়াল-এর অনুমান, কর্তৃপক্ষের দ্বৈত নীতির কারণেই খাপ্পা মেসি। অনেক বড় বড় তারকার বিরুদ্ধেও আগে এ রকম অভিযোগ এসেছে। ইকার ক্যাসিয়াস, জাবি আলোনসো এমনকি রাফায়েল নাদালের বিরুদ্ধেও কর ফাঁকির অভিযোগ উঠেছিল। তবে জরিমানা দিয়ে এঁরা সবাই পার পেয়ে গেছেন। মেসিকে এখনো আইনি লড়াই চালিয়ে যেতে হচ্ছে। নিজেকে নির্দোষ প্রমাণ করতে না পারলে এমনকি কারাগারেও যেতে হতে পারে। এ কারণেই মেসি স্পেন ছাড়ার কথা ভাবছেন।
কিন্তু মেসিকেই এই আইনি হ্যাপা সামলাতে হচ্ছে কেন? এল কনফিডেনশিয়াল এখানে কাতালান বনাম স্পেন সরকারের দ্বন্দ্ব দেখছে। কাতালুনিয়ার স্বাধীনতা নিয়ে অনেক দিন ধরেই চলছে চাপান-উতোর। মেসিকে কাতালান-বিরোধী ষড়যন্ত্রের বলি হতে হয়েছে।
রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি ইঙ্গিত দিয়েছেন, মেসির জন্য রিয়ালের দুয়ার খোলা। কিন্তু কনফিডেনশিয়াল-এর দাবি, আগে যদি মেসির রিয়ালের যাওয়ার সামান্যতম সম্ভাবনাও থেকে থাকত, এখন সেটাও নেই! গার্ডিয়ান।