কারণ ভাইরাস?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্যারাগুয়ের সঙ্গে শেষ আটে পরাজয়ের পর ব্রাজিলজুড়ে তোলপাড় চলবেই, পরাজয়ের ব্যবচ্ছেদও চলবে। আত্মপক্ষ সমর্থনে স্বাভাবিকভাবেই কোচ-খেলোয়াড়েরা কিছু বলেন। কিন্তু ব্রাজিল কোচ দুঙ্গা পরাজয়ের কারণ হিসেবে দেখিয়েছেন কিনা ভাইরাসকে!
ভুল পড়েননি, ভাইরাসই। দুঙ্গার দাবি, ব্রাজিলের বেশির ভাগ খেলোয়াড়ই এক সপ্তাহ ধরে ভাইরাস সংক্রমণে ভুগছেন, ‘আমি কোনো অজুহাত দিচ্ছি না। কিন্তু ১৫ জন খেলোয়াড় এক সপ্তাহ ধরে ভাইরাসে ভুগছে। অনুশীলনও কমিয়ে দিতে হয়েছে আমাদের। আজকের (পরশু) ম্যাচে গতিটা খুব গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু শেষ দিকে আমরা সেটার অভাবে ভুগেছি।’
কোপার আগেই দল থেকে ছিটকে পড়েন অস্কার, মার্সেলো, লুইজ গুস্তাভোরা। নিষেধাজ্ঞার কারণে নেই নেইমার। দুঙ্গার দাবি, বাকিরাও সুস্থ ছিলেন না, ‘তাদের অনেকেরই মাথাব্যথা, পিঠব্যথাসহ আরও বিভিন্ন রকম সমস্যায় ভুগছে। কারও কারও সমস্যা একটু বেশিই, কেউ কেউ বমিও করেছে।’ ভাইরাসের সমস্যা যে কারোরই হতে পারে, কিন্তু একসঙ্গে এতজনের আক্রান্ত হওয়াটা বিস্ময়েরই বটে।
সেটি আরও বেড়ে যাবে যখন জানবেন দলের কেউই ব্যাপারটা জানতেনই না। ‘আমি তো এ রকম কিছু শুনিনি। কারও কারও হয়তো সমস্যা হতে পারে, তবে আমার কিছু হয়নি’—লেফটব্যাক ফিলিপে লুইসের দাবি। গোলরক্ষক জেফারসনের কণ্ঠে অবশ্য কোচেরই প্রতিধ্বনি, ‘সবাই জ্বর, সারা গায়ে ব্যথা নিয়ে ঘুম থেকে উঠেছে। সবার একসঙ্গে কীভাবে হলো, ব্যাপারটা ঠিক বুঝে উঠতে পারছি না।’
তবে পেশাদার ফুটবলারদের ক্যারিয়ারেরই তো নিত্যসঙ্গী চোট। ভাইরাসকে ঢাল হিসেবে দেখানোটা তাই একটু অবাক হওয়ার মতোই। রবিনহো ব্যাপারটাকে তাই বড় করে দেখতে নারাজ, ‘আমি এটাকে কোনো অজুহাত হিসেবে দাঁড় করাব না। ভাইরাস থাক বা না থাক, আমাদের ম্যাচটা জেতা উচিত ছিল।’ জেফারসনেরও একই কথা, ‘এটা কোনো অজুহাত নয়। আমার মনে হয় না এটা ফলের ওপর কোনো প্রভাব ফেলেছে।’ এএফপি, রয়টার্স।