ফিফা কেলেঙ্কারিতে নতুন একটা বোমা ফাটাল সানডে টাইমস। ইংলিশ পত্রিকাটির দাবি, ২০১০ সালে বিশ্বকাপ আয়োজনের ভোটাভুটিতে আসলে নির্বাচিত হয়েছিল মরক্কো, দক্ষিণ আফ্রিকা নয়! এ সংক্রান্ত একটা অডিও টেপও ফিফা সভাপতি সেপ ব্ল্যাটারের কাছে এসেছিল ২০১০ সালে। বিবিসি জানিয়েছে, অভিযুক্ত ফিফার সাবেক সহসভাপতি জ্যাক ওয়ার্নার ২০১০ বিশ্বকাপের জন্য দক্ষিণ আফ্রিকার কাছ থেকে পাওয়া ১ কোটি ডলার নিজের পকেটে ভরেছিলেন। ফিফার নিরীক্ষা বিভাগ আভাস দিয়েছে, ভোট কেনাবেচার অভিযোগ প্রমাণিত হলে ২০১৮ ও ২০২২ সালের পরের দুটি বিশ্বকাপ রাশিয়া ও কাতার থেকে সরিয়েও নেওয়া হতে পারে।
সানডে টাইমস-এর দাবি, ২০১০ বিশ্বকাপের ভোটের ফল নিয়ে একটা টেপ ব্ল্যাটারের কাছে এনেছিলেন সেই সময়ের নির্বাহী কমিটির সদস্য বতসোয়ানার ইসমাইল ভামজি। দক্ষিণ আফ্রিকা নয়, মরক্কোই জয়ী হয়েছিল। ভামজির দাবি, ‘সবার সঙ্গে কথা বলেছিলাম আমি, এত ভোটের গড়বড় কীভাবে হলো? আমরা জানতে পেরেছিলাম মরক্কো আসলে ২ ভোটে জিতেছে।’ ভামজির বিশ্বাস, ভোট গোনায় কারচুপি করা হয়েছে। ব্ল্যাটারও ব্যাপারটা জানতেন। সানডে টাইমস-এর খবর, মরক্কো ও দক্ষিণ আফ্রিকা দুই পক্ষই ঘুষ দিয়েছিল, ওয়ার্নার দুই পক্ষের কাছ থেকেই টাকা নিয়েছিলেন।
জুরিখের হোটেল থেকে ফিফার ৭ কর্মকর্তা গ্রেপ্তার হওয়ার দিনই টাকা আত্মসাতের দায়ে অভিযুক্ত ওয়ার্নার ত্রিনিদাদের আদালতে আত্মসমর্পণ করেন। কনক্যাকাফের সাবেক সভাপতি অবশ্য পরে জামিনে ছাড়া পেয়েছেন। বিবিসির তথ্যমতে, ২০০৮ সালের ৪ জানুয়ারি, ১ ফেব্রুয়ারি ও ১০ মার্চ তিন দফায় টাকা জমা হয়েছে ফিফা থেকে কনক্যাকাফের ব্যাংক হিসাবে। সে সময় ওয়ার্নার ছিলেন সভাপতি। সেই অর্থটা পরে গেছে বিভিন্ন হাতে। ত্রিনিদাদের জেটিএ সুপার মার্কেট পেয়েছে ৪৮ লাখ ডলার। ১৬ লাখ ডলার গেছে ওয়ার্নারের ব্যক্তিগত ঋণ ও ক্রেডিট কার্ডের বিল পরিশোধ করতে। বাকিটা পেয়েছেন ওয়ার্নারের সহচরেরা।
এদিকে ফিফার নিরীক্ষা কমিটির চেয়ারম্যান ডমিনিক স্কালা রয়টার্সকে আভাস দিয়েছেন, রাশিয়া ও কাতার টাকার বিনিময়ে ভোট কেনাবেচা করে বিশ্বকাপের আয়োজনভার পেয়েছে এটা প্রমাণিত হলে তাদের কাছ থেকে তা কেড়ে নেওয়া হতে পারে। কাতারের বিশ্বকাপ বিড কমিটির সদস্য ফায়েদরা আল মাজিদ এফবিআইয়ের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেছেন, নিজের গা বাঁচানোর জন্য ব্ল্যাটার ২০২২ বিশ্বকাপ কাতার থেকে সরিয়ে নিতে পারেন। মেইল অনলাইনের কাছে বর্তমানে যুক্তরাষ্ট্র নিবাসী ফায়েদরা বলেছেন, ‘আমার মনে হয় না ব্ল্যাটারের পুরোপুরি পদত্যাগ করার কোনো ইচ্ছা আছে। তিনি যা করেন সবই পরিকল্পিতভাবে। নিজেকে রক্ষা করার সব রকম চেষ্টাই তিনি করবেন।’ রয়টার্স, টেলিগ্রাফ।