কারা ফেবারিট?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারের বঙ্গবন্ধু গোল্ড কাপে কারা ফেবারিট? বাংলাদেশ দলের কোচ মারুফুল হক ফেবারিট বেছে নিতে পারছেন না কাউকেই, ‘অন্য কোনো দল সম্পর্কে তেমন ধারণা নেই, তাই কাউকেই ফেবারিট বলতে পারছি না।’ টুর্নামেন্টে শুরুর আগে জানা গিয়েছিল আট দলের মধ্যে পাঁচটি জাতীয় দল অংশ নেবে। কিন্তু এখন দেখা যাচ্ছে টুর্নামেন্টে অংশ নেওয়া অন্য দেশগুলো তাদের মূল জাতীয় দল পাঠাচ্ছে না। মালয়েশিয়ান সুপার লিগের পঞ্চম দল ফেলদা ইউনাইটেড এসেছে মালয়েশিয়া ফুটবল একাদশ নামে। বাহরাইনও অনূর্ধ্ব-২৩ দল পাঠাচ্ছে। শ্রীলঙ্কা, নেপাল ও মালদ্বীপের অনূর্ধ্ব-২৩ দল খেলবে। উদ্দেশ্য, আসন্ন এসএ গেমসের জন্য নিজেদের ঝালিয়ে নেওয়া। একই উদ্দেশে বাংলাদেশ দ্বিতীয় দল হিসেবে খেলাচ্ছে নিজেদের অলিম্পিক দলকে।

কাল শ্রীলঙ্কার কোচ সামপাথ পেরেরা জানালেন, ‘২৯ সদস্যের এই দলে অন্তত ১৬-১৭ জন অনূর্ধ্ব-২৩ বয়সের খেলোয়াড়। এটা অনূর্ধ্ব-২৩ দলই। এই দলের ৮ জন খেলেছে গত সাফে। আমরা এখানে এসেছি এসএ গেমসের প্রস্তুতির অংশ হিসেবে। এই ছেলেদের আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা খুব কম। অভিজ্ঞতা বাড়ানোর এটা একটা দারুণ সুযোগ।’

নেপালের সাফ দলের দায়িত্বে থাকা কোচ প্যাট্রিক অজেমস আসেননি। তাঁর বদলে এখানে নেপালের কোচ হয়ে এসেছেন বালগোপাল মহাজন। তিনিও নির্দিষ্ট কাউকে ফেবারিট বলতে পারছেন না, তবে নিজের দলের ভালোটাই তাঁর প্রথম চাওয়া, ‘আমি বঙ্গবন্ধু গোল্ড কাপে ভালো ফল উপহার দিতে চাই নেপালকে। গত সাফে হওয়া ভুলগুলো শুধরে নেওয়ার বড় সুযোগ এটি ছেলেদের কাছে। তা ছাড়া এই টুর্নামেন্টের পরই আমাদের খেলতে হবে এসএ গেমসে। এটা তারই প্রস্তুতির অংশ।’

কম্বোডিয়া যদিও জাতীয় দল পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে বাফুফেকে, কিন্তু দলটি না আসা পর্যন্ত তা নিশ্চিত করতে পারছেন না বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ, ‘বাহরাইন ও মালয়েশিয়া ছাড়া সবাই জাতীয় দল নামেই খেলবে এমনই বলা হয়েছিল আমাদের। কিন্তু অনূর্ধ্ব-২৩ দল নিয়ে খেলতে এলে আমাদের কিছু বলার নেই। ১০ জানুয়ারি আসবে কম্বোডিয়া। তখনই বোঝা যাবে ওরা কেমন দল পাঠিয়েছে।’

কম্বোডিয়ার জাতীয় দল এলে কাগজে-কলমে ফেবারিট তো হবে বাংলাদেশ ও কম্বোডিয়াই!