কারাদণ্ড পেলেন রবার্তো কার্লোস

খেলোয়াড়ি জীবনে মাঠে ত্রাসের অপর নাম ছিলেন। তাঁর ফ্রি কিকের সামনে দাঁড়িয়ে মনে মনে কারাদণ্ডকেই শ্রেয়তর ভেবেছেন মানবদেয়ালে দাঁড়িয়ে থাকা ফুটবলাররা। গোলার মতো শট, রক্ষণ থেকে আক্রমণ সমানে চষে বেড়ানো রবার্তো কার্লোস গড়েছেন বর্ণাঢ্য এক ক্যারিয়ার। তবে বিশ্বকাপজয়ী সাবেক এই ব্রাজিলিয়ানের ক্যারিয়ারে দাগ পড়ে গেল এবার। তাঁকে কারাদণ্ডের শাস্তি দেওয়া হয়েছে।
রিও ডি জেনিরোর বিচার বিভাগ সন্তানদের ভরণপোষণের খরচ না দেওয়ায় সাবেক রিয়াল মাদ্রিদ ডিফেন্ডারকে তিন মাসের কারাদণ্ড দিয়েছে। সাবেক সঙ্গিনী বারবারা থার্লারের কাছে ৬১ হাজার রিয়াল (২০ হাজার ডলার) বকেয়া আছে তাঁর। স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এই টাকা না দেওয়ার পেছনে নিজের অর্থনৈতিক দুরবস্থাকে কারণ হিসেবে দেখিয়েছেন সাবেক রিয়াল মাদ্রিদ তারকা।
কদিন আগেই নবম সন্তানের বাবা হয়েছেন ইতিহাসের অন্যতম সেরা লেফট ব্যাক। বর্তমান স্ত্রী মারিয়ানা লুসোনের নাম অনুসারে মেয়ের নাম রেখেছেন মারিয়ানা। এর মধ্যেই সাবেক প্রেমিকা তাঁকে আদালতে নিলেন।
এর আগে ২০০২ জাপান-কোরিয়া বিশ্বকাপ জয়ী ব্রাজিল দলের মিডফিল্ডার এডিলসন সিলভা ফেরেইরা একই কারণে দুবার জেলে গিয়েছেন। ভরণপোষণের খরচে তাঁর বকেয়া ছিল ৪ লাখ ৩০ হাজার রিয়াল (১ লাখ ৩৬ হাজার ডলার)। সূত্র: মার্কা।