কার্ডিফের অপেক্ষায় গ্যারেথ বেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিজ শহর কার্ডিফে গিয়েও এভাবে জ্বলে উঠতে চান গ্যারেথ বেল
নিজ শহর কার্ডিফে গিয়েও এভাবে জ্বলে উঠতে চান গ্যারেথ বেল

রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর থেকেই একটা দৃশ্য কল্পনা করতে শুরু করেছিলেন গ্যারেথ বেল। নিজ শহর কার্ডিফে খেলছেন উয়েফা সুপার কাপে। ওয়েলসের এই শহর থেকেই শুরু হয়েছিল বেলের তারকা হয়ে ওঠার যাত্রা। ছোটবেলায় এই শহরের একটা ছোট্ট ক্লাবেই ফুটবলে হাতেখড়ি হয়েছিল বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড়ের। প্রায় এক বছর পর বেলের স্বপ্নটা বাস্তবে পরিণত হতে যাচ্ছে। আগামীকাল কার্ডিফের মিলেনিয়াম স্টেডিয়ামে উয়েফা সুপার কাপে সত্যিই মাঠে নামতে যাচ্ছেন ওয়েলসের এই ফরোয়ার্ড।


এ বছরের উয়েফা সুপার কাপের শিরোপা জয়ের লড়াইটা যে কার্ডিফে হবে, সেটা ঠিক হয়েছিল ২০১২ সালের জুনে। তখনো বেল ছিলেন টোটেনহামের খেলোয়াড়। ২০১৩ সালের সেপ্টেম্বরে ট্রান্সফার ফির নতুন রেকর্ড গড়ে যখন মাদ্রিদে পা রেখেছিলেন, তখন থেকেই কার্ডিফে ফেরার স্বপ্ন দেখেছিলেন বলে জানিয়েছেন বেল, ‘কার্ডিফে খেলাটা হবে আমার জন্য বিশেষ কিছু। আমার পুরো পরিবার ও বন্ধুরা সেখানে থাকবে। আমি জানতাম যে ফাইনালটা ওখানে হবে। আর মাদ্রিদে আসার পর থেকেই আমি আশা করেছিলাম যে চ্যাম্পিয়নস লিগ জিতব আর কার্ডিফে খেলব। কাজেই এটা হতে যাচ্ছে আমার জন্য খুবই আবেগী একটা ম্যাচ।’

ইউরোপিয়ান ফুটবলের নতুন মৌসুম শুরুর আগে উয়েফা সুপার কাপে মুখোমুখি হয় চ্যাম্পিয়নস লিগ ও ইউরোপা লিগের শিরোপাজয়ী দুই দল। গত মৌসুমে ইউরোপা লিগ জিতেছিল সেভিয়া। আর দীর্ঘ ১২ বছর পর চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বাদ পেয়েছিল রিয়াল। রিয়ালের ইউরোপসেরা হওয়ার পেছনে বেল নিজেও রেখেছিলেন একটা বড় ভূমিকা। পুরো টুর্নামেন্টে করেছেন ছয়টি গোল। অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ফাইনালেও করেছিলেন একটি গোল।

আগামীকাল অবশ্য শুধু মাঠে নামাই না, শিরোপা জয়ের দিকেও চোখ থাকবে বেলের। আর তাঁর পায়ের দিকেই হয়তো তাকিয়ে থাকবেন রিয়ালের সমর্থকেরা। কারণ রিয়ালের হতাশাজনক প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচগুলোতে বেলই ছিলেন সবচেয়ে উজ্জ্বল।

ওয়েলসের এই তারকা অবশ্য ব্যক্তিগত পারফরম্যান্সের চেয়ে দলীয় সমন্বয়কেই বেশি প্রাধান্য দিচ্ছেন। তিনি বলেছেন, ‘৫-০ ব্যবধানে জিততে আমার ভালোই লাগবে। কিন্তু সে জন্য গোল করতে হবে। কে গোল করতে পারল, সেটা নিয়ে আমি চিন্তা করি না। গুরুত্বপূর্ণ ব্যাপার হলো আমরা একটা দল হিসেবে ভালো খেলতে পারছি কি না। যদি সেটা করতে পারি, তাহলে আমরা যে কাউকেই হারাতে পারব।’