কার্লোসের চোখে দূরের ছবি
তিনি এখন ক্লাব কোচ। আনঝি মাখাচকালায় শুরু করে তুরস্কের সিভাসপোর হয়ে এখন আছেন সে দেশেরই আরেক ক্লাব আখিসার বেলেদিয়েপোরে। তবে কোচ হিসেবে ক্লাবের মধ্যেই সীমাবদ্ধ থাকতে চান না। জাতীয় দলের দায়িত্ব নিতে চান এবং সেটা ব্রাজিলেরই। মনের কোণে লুকিয়ে রাখা সেই স্বপ্নটা এবার খোলাখুলিই জানালেন ব্রাজিল ও রিয়াল মাদ্রিদের সাবেক ডিফেন্ডার রবার্তো কার্লোস, ‘আমার লক্ষ্যই জাতীয় দলের কোচ হওয়া।’
তবে এখনই জাতীয় দল নয়। আগে ভালো করতে চান ক্লাব কোচিংয়ে। ব্রাজিলিয়ান দৈনিক ফোলহা ডি সাও পাওলোকে সেটিই জানিয়েছেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী দলের সদস্য কার্লোস, ‘আমি জানি আমার জন্য এটা অনেক দূরের পথ। যে কারণে জাতীয় দলের কোচ হওয়ার জন্য আমি কোনো সময়সীমা বাঁধছি না।’
২০০৬ বিশ্বকাপটা ছিল ব্রাজিলের শিরোপা ধরে রাখার মিশন। কোয়ার্টার ফাইনালে ১–০ গোলে হেরে গিয়েছিল ফ্রান্সের কাছে। অনেক ব্রাজিলিয়ানই এখনো বিশ্বাস করেন সে ম্যাচে কার্লোস গ্যালারি শো করতে যাওয়াতেই দল গোল খেয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ে। সেই তিক্ত অভিজ্ঞতা মন থেকে মুছে ফেলেছেন কার্লোস। জানিয়েছেন, ‘জাতীয় দলের হয়ে যা কিছু অর্জন করেছি তা অসাধারণ। ১৪ বছর ধরে জাতীয় দলে খেলেছি আমি। কোপা আমেরিকা, কনফেডারেশনস কাপ এবং বিশ্বকাপের মতো বড় শিরোপাও জিতেছি। দল এখনো টানে আমাকে। দলে ফেরার জন্য উন্মুখ হয়ে আছি আমি।’
কোচিং ক্যারিয়ারটা উপভোগই করছেন কার্লোস, ‘কাজটা সহজ। ফুটবল খেলে এবং চাপের মধ্যে থেকেই এর ভালো একটা প্রস্তুতি হয়েছে আমার।’ জাতীয় দলের বাইরে বড় ক্লাবে খেলেছেন, পেয়েছেন অনেক বিখ্যাত কোচের সান্নিধ্য। এটা তাঁর কোচিং ক্যারিয়ারকে আরও গতিময় করে তুলবে বলে বিশ্বাস ব্রাজিলের সাবেক এই লেফটব্যাকের, ‘আমি জাগালো, পাহেইরা, দেল বস্ক, ক্যাপেলো, স্কলারি ও রয় হজসনের অধীনে কাজ করেছি। সবার কাছ থেকেই কিছু না কিছু শিখেছি।’
তাহলে কি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচদের পাশেও একদিন দেখা যাবে কার্লোসকে? গোলডটকম।