কাল থেকে চট্টগ্রামে ফুটবল-উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাল থেকে এমএ আজিজ স্টেডিয়ামে পর্দা উঠছে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবলের। এই টুর্নামেন্ট দিয়ে ফুটবলের নবজাগরণ সৃষ্টি হবে বলে আশা করছেন আয়োজকেরা।
চট্টগ্রাম ক্লাব মিলনায়তনে কাল মিট দ্য প্রেস অনুষ্ঠানে আয়োজক কমিটি এমন আশাবাদ ব্যক্ত করে। অনুষ্ঠানে টুর্নামেন্ট কমিটির সহসভাপতি সাংসদ এম এ লতিফ, সদস্যসচিব সাংসদ শামসুল হক চৌধুরী, প্রধান সমন্বয়কারী তরফদার রুহুল আমীন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ, কমিটির সমন্বয়ক সৈয়দ শাহাবুদ্দিন শামীম, মিডিয়া কমিটির আহ্বায়ক আলী আব্বাস প্রমুখ বক্তব্য রাখেন।
টুর্নামেন্টের চার দল এরই মধ্যে চট্টগ্রাম এসে পৌঁছেছে। দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে আটটি দল। আবাহনী, মোহামেডান ও চট্টগ্রাম আবাহনীর সঙ্গে টুর্নামেন্ট খেলবে আফগানিস্তানের শাহিন আসমাই, কোরিয়ার পোচেন সিটিজেন, নেপালের মানাং মার্সিয়াংদি, কিরগিজস্তানের এফসি আলগা ও মালদ্বীপের টিসি স্পোর্টস। আগামীকাল বিকেল চারটায় উদ্বোধনী ম্যাচে মুখোমুখি এফসি আলগা ও পোচেন সিটিজেন। গ্রুপ পর্বে প্রতিদিন দুটি করে ম্যাচ হবে। টুর্নামেন্টের উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
গ্রুপ পর্বের দুটি ম্যাচের জন্য গ্যালারির টিকিটের মূল্য ধরা হয়েছে ৫০ টাকা ও প্যাভিলিয়ন ২০০ টাকা। সেমিফাইনালে গ্যালারি ১০০ ও ফাইনালে ৩০০ টাকা মূল্য নির্ধারণ করা হয়েছে। ফাইনালে প্যাভিলিয়নের টিকিট ৫০০ টাকা।