কাল মেসি-নেইমার যুগলবন্দি?

বিশ্বের অন্যতম সেরা দুই ফরোয়ার্ড—লিওনেল মেসি ও নেইমার বেশ কিছুদিন চোটের সঙ্গে লড়েছেন। এ মৌসুমে এখনো পর্যন্তু দুজনকে ম্যাচের শুরু থেকে একই সঙ্গে খেলতে দেখা যায়নি। বার্সেলোনা সমর্থকদের সুখবর, পরিপূর্ণভাবে সেরে ওঠা দুই তারকাকে হয়তো আগামীকাল লা লিগায় ঘরের মাঠে অনুষ্ঠেয় অ্যাটলেটিক বিলবাওয়ের বিপক্ষে শুরু থেকেই দেখে যেতে পারে ।
এ মৌসুমে এখনো পর্যন্ত শুরু থেকে মাঠে নামতে পারেননি নেইমার। চোটের কারণে এলচের বিপক্ষে লিগে নিজেদের প্রথম ম্যাচে ছিলেন না ব্রাজিলীয় সেনশেসন। সর্বশেষ ভিয়ারিয়ালের বিপক্ষে শেষ আধ ঘণ্টা মাঠে ছিলেন নেইমার। শোনা যাচ্ছে, লুইস এনরিকে আগামীকাল মৌসুমে প্রথমবারের মতো শুরু থেকেই নামাতে পারেন নেইমারকে। সে ক্ষেত্রে মাঠে মেসির সঙ্গে রসায়নটা ঠিকঠাক জমে উঠলে প্রতিপক্ষের রক্ষণভাগের ঘাম ছুটে যাবে।
বার্সা কোচ আজ সংবাদ সম্মেলনে বললেন, ‘সে এখন খেলার জন্য তৈরি। আসলে কালকের ম্যাচের জন্য খেলতে দলের প্রায় সবাই প্রস্তুত। নেইমার অসাধারণ খেলোয়াড়। মাত্রাতিরিক্ত চাপ কীভাবে নিতে হয়, দেশ ও ক্লাব ক্যারিয়ারে সে দেখিয়েছে। এ থেকে আশা করি, সে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়ে পরিণত হবে।’ মেসির সেরে ওঠা প্রসঙ্গে এনরিকে বললেন, ‘মেসি খেলার জন্য প্রস্তুত। একা একা এবং দলের সঙ্গে—দুভাবেই সে অনুশীলন করেছে।’ সূত্র: এএফপি ও রয়টার্স।