কালই কি মেসির রেকর্ড গড়ার দিন?

লা লিগায় লিওনেল মেসির এক দশক পূর্ণ হলো গতকালই। ১০ বছর পূর্তি উদযাপন করার দারুণ এক সুযোগ বার্সেলোনা ফরোয়ার্ডের সামনে। লিগে মেসির গোল সংখ্যা ২৪৯। আর দুটি গোল হলেই ছোঁয়া হয়ে যাবে তেলমা জারার স্প্যানিশ লিগে সর্বোচ্চ গোলের রেকর্ড।
চল্লিশ ও পঞ্চাশের দশকে খেলা জারার ২৫১ গোলের রেকর্ডটা এত দিন অস্পর্শনীয়ই মনে হয়েছিল। কিন্তু মেসির সামনে এ রেকর্ড ভাঙা এখন স্রেফ সময়ের ব্যাপার। তবে শুধু শুধু সময়ক্ষেপণ কেন? আর্জেন্টিনা অধিনায়কের সুযোগ রয়েছে শনিবার এইবারের বিপক্ষে ম্যাচেই জারার রেকর্ড ছোঁয়া কিংবা সেটা ভেঙে ফেলার। আর সেটি যদি করেই ফেলেন, তবে ৬০ বছর বাদে একদা অস্পর্শনীয় মনে হওয়া জারার রেকর্ডটি চলে যাবে পেছনের পাতায়!
এদিকে প্রতিযোগিতামূলক ফুটবলে এক দশক পূর্তিতে সবাইকে ধন্যবাদ জানিয়েছেন মেসি। ফেসবুক অ্যাকাউন্টে বার্সা ফরোয়ার্ড লিখেছেন, ‘অবিশ্বাস্য এ ১০ বছরে আমাকে সহায়তা করার জন্য আমার পরিবার, বন্ধু, সতীর্থ, বার্সেলোনার সব কর্মকর্তাকে ধন্যবাদ জানাই।’ এ-ও জানিয়েছেন, ভবিষ্যতে আরও উন্নতি করতে চান, দলকে আরও শিরোপা এনে দিতে চান। সূত্র: এএফপি।