কালই নেইমারের ইতিহাস?

কয়েক সপ্তাহ ধরে চলতে থাকা নাটকটির তাহলে শেষ হতে চলেছে? চূড়ান্ত হতে চলেছে বার্সেলোনা ছেড়ে নেইমারের পিএসজি যাওয়ার প্রক্রিয়া? স্প্যানিশ, ফ্রেঞ্চ, এমনকি কাতারি সংবাদমাধ্যমের খবর সত্যি হলে দুটি প্রশ্নের উত্তরই ‘হ্যাঁ’। আর দুই দিনের মধ্যেই ২২২ মিলিয়ন ইউরোর বিশ্ব রেকর্ড গড়ে প্যারিসে চলে যাচ্ছেন নেইমার, যে দলবদলকে বলা হচ্ছে শতাব্দীর সেরা!
যুক্তরাষ্ট্রে প্রাক-মৌসুম প্রস্তুতি সফর শেষে দলের অন্য সবাই বার্সেলোনায় ফিরলেও নেইমার দলের সঙ্গে ফেরেননি। গুঞ্জন সতি্য হলে বার্সেলোনায় আর ফেরা হবেও না তাঁর। যুক্তরাষ্ট্র থেকে স্পনসরদের এক অনুষ্ঠানে যোগ দিতে চীনে গিয়েছিলেন ২৫ বছর বয়সী ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। কাতারি পত্রিকা এল ওয়াতান লিখেছে, চীন থেকে আজই কাতারে আসবেন নেইমার। দেখা করবেন পিএসজির কাতারি মালিক ও চেয়ারম্যান নাসের আল খেলাইফির সঙ্গে। তাঁর স্বাস্থ্যপরীক্ষাও আজই হবে কাতারে। নাসের আল খেলাইফির নাকি বড় শখ ছিল, কাঁড়ি কাঁড়ি টাকা খরচ করে দলে টানা মহাতারকাকে কাতারে আনবেন।
শুধু স্বাস্থ্যপরীক্ষাই নয়, পিএসজির জার্সিতে নেইমারকে বিশ্বের সামনে পরিচয় করিয়ে দেওয়ার অনুষ্ঠানটাও কাতারেই করতে চেয়েছিলেন আল খেলাইফি। তবে তা সম্ভবত হচ্ছে না। ইএসপিএন লিখেছে, নেইমারকে পিএসজির জার্সিতে পরিচয় করিয়ে দেওয়ার অনুষ্ঠানটা হবে প্যারিসেই। কালই হতে পারে সেই অনুষ্ঠান।
২০১২ সালে ইব্রাহিমোভিচের পরিচিতি অনুষ্ঠান পিএসজি করেছিল আইফেল টাওয়ারে, ২০১৫ সালে অ্যাঙ্গেল ডি মারিয়ার পরিচিতি অনুষ্ঠান হয়েছিল প্যারিসেরই এক পাঁচ তারকা হোটেলে। নেইমারের অনুষ্ঠানটা পিএসজির মাঠ পার্ক দো প্রিন্সেসে করার প্রাথমিক পরিকল্পনা ছিল। তবে এখন পিএসজির পরিকল্পনাটা আরও বড়। অনুষ্ঠান হবে প্যারিসের মূল শহরে। প্যারিস পুলিশের অনুমতিও নেওয়া হয়ে গেছে।
তাহলে কালই ফুটবল দেখবে চোখ ধাঁধিয়ে দেওয়া অঙ্কের বিশ্ব রেকর্ড গড়ে এক ফুটবলারের দলবদল! এই অঙ্কটাই এত দিন ছিল যত সমস্যার মূলে। ২২২ মিলিয়ন ইউরো দিতে গেলে উয়েফার আর্থিক সংগতির নীতিতে (ফেয়ার প্লে পলিসি) আটকা পড়ার সম্ভাবনা ছিল পিএসজির। বার্সেলোনা, এমনকি স্প্যানিশ লিগ কর্তৃপক্ষও পিএসজির বিরুদ্ধে উয়েফার কাছে এই ব্যাপারে নালিশ করার হুমকি দিয়ে যাচ্ছিল কদিন ধরে। তবে স্প্যানিশ ও ফ্রেঞ্চ সংবাদমাধ্যম বলছে, সব দিক সমঝেই নামছে প্যারিসের ক্লাবটি।
বার্সাও যেন নেইমারকে দলে রাখার এই লড়াইয়ে হার মেনে নিয়েছে। দুই দিন আগে মায়ামিতে ‘এল ক্লাসিকো’র পরই নাকি বার্সা সতীর্থদের নেইমার জানিয়ে দিয়েছেন, তিনি পিএসজিতে যাচ্ছেন। এমনকি ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদের ড্রেসিংরুমেও ১৫ মিনিটের মতো ছিলেন নেইমার। স্প্যানিশ সংবাদমাধ্যমের ধারণা, চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবটির খেলোয়াড়দেরও ‘বিদায়’ বলে এসেছেন ব্রাজিলিয়ান তারকা। এদিকে স্প্যানিশ ফুটবল লিগের সভাপতি হাভিয়ের তেবাসও এখন সুর বদলে বলছেন, ‘লা লিগা ও বার্সেলোনা নেইমারের চেয়ে বড়। ক্রিস্টিয়ানো রোনালদো বা লিওনেল মেসি চলে গেলে আমি বরং আরও বেশি উদ্বিগ্ন হতাম!’ মার্কা, এএস, ইএসপিএন, স্পোর্ত।