কালই মেসির স্বপ্নপূরণ?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোপা আমেরিকা
কোপা আমেরিকা

ডিয়েগো ম্যারাডোনা হুমকি দিয়ে রেখেছেন, ‘জিততে না পারলে দেশে ফিরো না।’ কে না জানে এটা যতটা না হুমকি, তার চেয়ে বেশি ভালোবাসার আবদার। আর্জেন্টিনাকে একটা ট্রফি জিততে দেখার অপেক্ষায় তো আর্জেন্টাইন কিংবদন্তিও! ব্রাজিল বিশ্বকাপে খুব কাছে গিয়েও জেতা হয়নি। হয়নি গত বছরের কোপা আমেরিকাতেও। সান্তিয়াগোর ফাইনালে চিলির কাছে টাইব্রেকারে হেরে কান্নাভেজা চোখে মাঠ ছাড়তে হয়েছিল লিওনেল মেসিদের।
সান্তিয়াগোর সেই ফাইনালের পর সূর্যকে আরও একবার ঘুরে এসেছে পৃথিবী। এরই মধ্যে বিল গেটসের মাইক্রোসফট উইন্ডোজ-১০ বাজারে ছেড়েছে, সিরিয়ায় যুদ্ধবিমানের গর্জন আরও বেড়েছে, সারা পৃথিবীকে কাঁদিয়ে মোহাম্মদ আলী না-ফেরার দেশে চলে গেছেন, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য। আর্জেন্টিনার প্রতীক্ষা ফুরায়নি! ২২ পেরিয়ে ২৩ বছরের অপেক্ষা। কোপার আরও একটা ফাইনাল। আরও একবার স্বপ্নপূরণের খুব কাছে লিওনেল মেসি আর তাঁর আর্জেন্টিনা। নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডে বাংলাদেশ সময় কাল সকাল ৬টায় আবারও প্রতিপক্ষ সেই চিলি!
এবার কি প্রতিশোধ, না আরেকবার স্বপ্নভঙ্গ? তাবৎ ফুটবলমনস্ক মানুষই সম্ভবত একমত যে এ প্রশ্নের উত্তরটা নির্ভর করছে একটা বিষয়ের ওপর—লিওনেল মেসিকে চিলি থামাতে পারে কি না।
কাজটা সব সময়ই কঠিন। ফাইনালের আগে খুদে জাদুকরের ফর্ম দেখে সেটিকে আরও কঠিন বলেই মনে হচ্ছে। চোট নিয়ে এসেছিলেন এই টুর্নামেন্টে। সেই চোট সামলে-টামলে সব মিলিয়ে এবারের কোপায় ২৫৪ মিনিট খেলেছেন। এরই মধ্যে একটা হ্যাটট্রিকসহ পাঁচটা গোল করেছেন, করিয়েছেন আরও চারটি। মানে গড়ে প্রায় প্রতি ২৮ মিনিটে একটা গোলে তাঁর অবদান! গ্যাব্রিয়েল বাতিস্তুতাকে পেরিয়ে হয়েছেন আর্জেন্টিনার সর্বকালের সর্বোচ্চ গোলদাতাও। অনেকেরই মতে, জাতীয় দলের জার্সিতে মেসি তাঁর ক্যারিয়ারের সেরা ফর্মে আছেন এবার। এ টুর্নামেন্টে এখন পর্যন্ত তাঁকে আটকানোর কোনো মন্ত্র বের করতে পারেনি কোনো দল, চিলির কোচ হুয়ান আন্তোনিও পিজ্জির পক্ষে সেটি বের করা সম্ভব?
উত্তরটা ফাইনালেই পাওয়া যাবে। তবে সেই মন্ত্র জানা আছে বলে দাবি করতেই পারে চিলি। গত বছরের ফাইনালেও তো তারা মেসিকে সামলেই শিরোপা জিতেছে। যদিও তখন পিজ্জি নন, কোচ ছিলেন হোর্হে সাম্পাওলি।
এরপর অবশ্য এই চিলিকেই বিশ্বকাপের বাছাইপর্বে হারিয়েছে আর্জেন্টিনা, চিলিকে ২-১ গোলে হারিয়েই এবার শুরু করেছে কোপা। কিন্তু ওই জয় ২০১৫ ফাইনালের বদলা হয় না। কাল জিতলেই না হবে প্রতিশোধ!
সমস্যা হচ্ছে, দলটা আর্জেন্টিনা এবং বড় শিরোপার সামনে দাঁড়িয়েই কেন জানি তারা হঠাৎই একটু অচেনা হয়ে যায়। কখনো মেসিকে মেসি মনে হয় না, কখনো হিগুয়েইন গোল করার বুটজোড়া বাড়িতে ‘ফেলে’ আসেন, কখনো অ্যাঙ্গেল ডি মারিয়া চোট নিয়ে বাইরে বসে থাকেন!
সেই শঙ্কার মেঘ এবারও মাথার ওপর আছে। চোটের কারণে সেমিফাইনালে দুর্দান্ত খেলা এজেকিয়েল লাভেজ্জি ছিটকে গেছেন ফাইনাল থেকে, শঙ্কা আছে ডি মারিয়া-মার্কোস রোহোকে নিয়েও।
চিলির জন্য অবশ্য ভালো-মন্দ দুই ধরনের খবরই আছে। নিষেধাজ্ঞা কাটিয়ে আর্তুরো ভিদালের ফেরাটা যদি ভালো খবর হয়, খারাপ খবর মিডফিল্ডার পাবলো হার্নান্দেজের হাঁটুর চোট। শঙ্কা আছে মার্সেলো দিয়াজকে নিয়েও। তবে পিজ্জির দলের ইতিবাচক দিকটা হলো তারা নির্দিষ্ট কোনো খেলোয়াড়নির্ভর নয়, যতটা মেসির দিকে তাকিয়ে থাকে আর্জেন্টিনা।
নিউ জার্সিতে কাল স্বরূপে থাকাটা অবশ্য শুধু আর্জেন্টিনার জন্য নয়, দরকার মেসির নিজের জন্যও!