কালু পড়ে গেলেন মাঠেই, মনে পড়ছিল এরিকসেনকে
সে ঘটনার কথা মনে পড়লে যেকোনো ফুটবলভক্তের মন এখনো ধক করে ওঠে।
বল রিসিভ করতে গিয়ে মাটিতে মুখ থুবড়ে পড়ে গেলেন ফুটবলার। সঙ্গে সঙ্গেই সতীর্থ-ডাক্তাররা ছুটে এলেন তাঁর দিকে। সবার উদ্বিগ্ন মুখই বলে দিচ্ছিল, অবস্থা ভীষণ গুরুতর। একপর্যায়ে ফুটবলারের বুকে হাত দিয়ে চেপে (সিপিআর) তাঁর শ্বাসপ্রশ্বাস ফেরানোর চেষ্টা করা হচ্ছিল। সতীর্থেরা ভেবেছিলেন, হয়তো মরেই গেছেন তিনি। শেষ পর্যন্ত সে ধরনের কিছু হয়নি, হাঁপ ছেড়েই বেঁচেছেন সবাই।
বলা হচ্ছিল ডেনমার্কের তারকা ফুটবলার ক্রিস্টিয়ান এরিকসেনের কথা। ইউরোর দ্বিতীয় দিনে ফিনল্যান্ডের বিপক্ষে ম্যাচে সেদিন দুঃস্বপ্নের মুহূর্তটার শিকার হয়েছিলেন ক্রিস্টিয়ান এরিকসেন। প্রায় ১৫ মিনিট ধরে মাঠেই চিকিৎসা চলে।
এরিকসেনের স্মৃতি গতকাল আবারও ফিরে এসেছিল, এবার ফ্রান্সে। ফ্রেঞ্চ লিগ ওয়ানে বোর্দোর বিপক্ষে গতকাল খেলতে নেমেছিল অলিম্পিক মার্শেই। সেখানেই ঘটে শঙ্কিত হওয়ার মতো ঘটনাটি। ম্যাচের পাঁচ মিনিটের মাথায় মাঠে পড়ে যান নাইজেরিয়ান উইঙ্গার স্যামুয়েল কালু— বোর্দোর ১০ নম্বর তারকা। এরিকসেনের মতোই সতীর্থেরা তাঁকে ঘিরেও মানববর্ম রচনা করেছিলেন। বলা বাহুল্য, কালুকে ঘিরে রাজ্যের সব খারাপ চিন্তা এসে ভর করেছিল মাঠে উপস্থিত সবার মাথায়!
যদিও এরিকসেনের মতো অবস্থা অতটা খারাপ হয়নি কালুর। সবাইকে চমকে দিয়ে কিছুক্ষণ পর উঠে কয়েক মিনিট খেলেছেনও। কিন্তু বোর্দোর কোচ ভ্লাদিমির পেতকোভিচ কোনো ঝুঁকি নিতে চাননি। ১৪ মিনিটেই কালুকে মাঠ থেকে উঠিয়ে নিয়েছেন।
মার্শেইয়ের মাঠ স্তাদে ভেলোদ্রোমে খেলতে নেমেছিলেন কালুরা। প্রচণ্ড গরম সহ্য করতে পারেননি। তাই এই দশা। পরে যখন উঠে আবার খেলতে নেমেছিলেন, তাঁর চেষ্টা ও দলের প্রতি আত্মনিবেদনকে সাধুবাদ জানিয়ে মাঠের সব দর্শক দাঁড়িয়ে অভ্যর্থনা জানিয়েছেন তাঁকে।
মাথায় বরফের ব্যাগ ধরে কালুকে মাঠের বাইরে আসতে দেখা যায় পরে। উপস্থিত সবাই হাঁপ ছেড়ে বাঁচেন, যাক, কিছু হয়নি! পানিশূন্যতার কারণেই নাকি এমন হয়েছে কালুর।
২৩ বছর বয়সী উইঙ্গারের জীবনে অবশ্য এ ঘটনা এবারই প্রথম ঘটল না। ২০১৯ সালে দেশের হয়ে আফ্রিকান কাপ অব নেশনস খেলতে গিয়ে এভাবেই মাটিতে লুটিয়ে পড়েছিলেন তিনি।