কালো ব্যান্ড পরে মাঠে নামবেন রোনালদোরা

ইরাকে রিয়াল মাদ্রিদ সমর্থক ক্লাবের একটি শাখায় আইএস জঙ্গিদের হামলার ঘটনায় শোকস্তব্ধ রিয়াল মাদ্রিদ। নিহত ইরাকি সমর্থকদের স্মরণে দেপোর্তিভো লা করুনিয়ার বিপক্ষে আজ লা লিগার শেষ ম্যাচটিতে কালো আর্মব্যান্ড মাঠে নামবেন ক্রিস্টিয়ানো রোনালদোরা। ক্লাবের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে সামারার ঘটনাকে ‘হৃদয়বিদারক’ হিসেবে উল্লেখ করে নিহত ইরাকি সমর্থকদের আত্মার শান্তি কামনা করা হয়েছে।
এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিবৃতিতে বলা হয়, রিয়াল মাদ্রিদ ক্লাবের পক্ষ থেকে ইরাকের ওই ১৬টি পরিবার, যারা একজন করে সদস্যকে হারিয়েছে এবং ২০ জন, যারা আইএসএস জঙ্গিদের হামলায় আহত হয়েছেন, তাঁদের প্রতি সমবেদনা।
ক্লাবের পক্ষ থেকে বলা হয়, রিয়াল মাদ্রিদ ইরাকের জনগণের প্রতি সমব্যাথী, যারা প্রতিনিয়ত অবিচার ও ভয়াবহ সন্ত্রাসের শিকার। রিয়াল মনে করে ফুটবলসহ যেকোনো খেলাই পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে–ছিটিয়ে থাকা মানুষকে এককাতারে নিয়ে আসতে পারে।
উল্লেখ্য, ইরাকের সামারায় রিয়াল মাদ্রিদ সমর্থক ক্লাবের একটি শাখায় গতকাল শুক্রবার আইএসের হামলার ঘটনা ঘটে, যাতে ঘটনাস্থলেই নিহত হন ১৪ জন ইরাকি রিয়াল মাদ্রিদ সমর্থক। হামলার সময় প্রায় ৫০ জন মানুষ সেই ক্লাবে উপস্থিত ছিলেন। এই হামলায় গুরুতর আহত হয়েছেন আরও ২৮ জন।