'কিং অব নর্থ' এর জন্য কবিতা লিখলেন 'জেইমি ল্যানিস্টার'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>১৬ বছর পর প্রিমিয়ার লিগে খেলার অনুমতি পেয়েছে ইংল্যান্ডের অন্যতম ঐতিহ্যবাহী ক্লাব লিডস ইউনাইটেড। খবর শুনে আনন্দে বিহ্বল হয়ে গিয়েছেন বিশ্বখ্যাত 'গেম অফ থ্রোনস' সিরিজের 'জেইমি ল্যানিস্টার' চরিত্রে রূপদানকারী নিকোলায় কস্টার-ওয়ালদু

ইংলিশ ফুটবল ঐতিহ্যের অনেক বড় একটা অংশ জুড়ে রয়েছে লিডস ইউনাইটেড। বিশ্বজোড়া খ্যাতনামা সমর্থকেরও তাই অভাব নেই দলটার।

বিখ্যাত অভিনেতা রাসেল ক্রো থেকে শুরু করে 'দ্য অফিস' এর 'ফিঞ্চি' রালফ ইনেসেন, হ্যারি পটারের 'নেভিল লংবটম' ম্যাথু লুইস, সাবেক ইংলিশ ক্রিকেট দলের অধিনায়ক নাসের হোসেইন, লেবার পার্টির নেতা এড মিলিব্যান্ড, বিখ্যাত ব্যান্ড ডেফ লেপার্ডের ভিভিয়ান ক্যাম্পবেল, সাবেক টেনিস তারকা ম্যাটস উইল্যান্ডার, কাসাবিয়ান ব্যান্ডের ক্রিস এডওয়ার্ডস – সবাই পাঁড় লিডস ভক্ত। তালিকায় আছেন নিকোলায় কস্টার-ওয়ালদুও।

নামটা খটমটে ঠেকছে? চিনতে পারছেন না? তাহলে খোলাসা করা যাক। বিখ্যাত টিভি সিরিজ 'গেম অফ থ্রোনস' –এ জেইমি ল্যানিস্টার চরিত্র এই ড্যানিশ তারকাই রূপদান করেছিলেন। দর্শকদের প্রিয় এই চরিত্র আবার লিডস ভক্তও। যেমন তেমন ভক্ত নন, আনুষ্ঠানিকভাবে সমর্থক হিসেবে লিডসের খাতায় নামও লেখা আছে তাঁর। লিডসের খেলায় আগের সেই প্রাধান্য দেখে কোস মার্সেলো বিয়েলসাকে বেশ কদিন আগেই 'কিং অব নর্থ' বলে ঘোষণা দিয়েছেন। 'গেম অব থ্রোনস'-এর সনচেয়ে জনপ্রিয় ট্যাগটা বিয়েলসাকে দিয়ে নিজের ভালোবাসা জানিয়েছিলেন। ১৬ বছর পরে দ্বিতীয় বিভাগ থেকে অবশেষে প্রথম বিভাগে উঠতে পারা লিডসের সাফল্যে কস্টার-ওয়ালদুর আনন্দটা বাঁধনহারা হবে, সেটা না বলে দিলেও চলছে।

লিডসের এমনই পাগল ভক্ত নিকোলায়। ছবি: টুইটার
লিডসের এমনই পাগল ভক্ত নিকোলায়। ছবি: টুইটার

গত রাতে লিডসের প্রিমিয়ার লিগে ফেরা নিশ্চিত হয়ে যাওয়ার পর বিবিসি স্পোর্টসের কল্যাণে একটা ভিডিও দেখতে পেরেছেন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা। ভিডিওতে দেখা যাচ্ছে, আনন্দে উদ্বেলিত কস্টার-ওয়ালদু লিডসের কোচ মার্সেলো বিয়েলসাকে ধন্যবাদ জানিয়ে একটা ফোনকল করেছেন। ফোনকলে যা বলেছেন, তা আধুনিক গীতিকবিতা বললেও মন্দ হয় না! ভক্ত হিসেবে গত ১৬ বছর ধরে কত কষ্ট, কত যন্ত্রণা, কত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন তিনি, তাই কাল্পনিক এই ফোনকলে উল্লেখ করেছেন 'জেইমি ল্যানিস্টার'। কী সেই অভিজ্ঞতা? আসুন, দেখে নেওয়া যাক!

'হোলা (হ্যালো), মার্সেলো!
এটা আমি, লিডসের ফ্যানবয় (পাগল ভক্ত) নিকোলায়,
আমি নিশ্চিত তুমি এখনো অনেক ব্যস্ত, কিংবা কাজ করছ,
প্রিমিয়ার লিগের সর্বশেষ অন্তত পাঁচ হাজার দিনের ম্যাচগুলোর মূল একাদশ পর্যালোচনা করছ
এখন একটু হাঁপ নাও মার্সেলো, তুমি আমাদের প্রিমিয়ার লিগে উঠিয়েছ

লিডসকে নিয়ে রচনা করেছ ইতিহাস
আজ রাতে, তুমি অমর হয়ে গেলে,
তোমার কাজ, তোমার নাম, তোমার স্টাইল দিয়ে

মার্সেলো, কত দিন কেটে গেল!
শেষবার লিডস যখন প্রিমিয়ার লিগে ছিল, এরপর গোটা শৈশবই পার হয়ে গেল
যেদিন আমরা অবনমিত হলাম, তুমি জানো? আমার মেয়ের তখন মাত্র তিন বছর বয়স
ওর দিকে এখন তাকিয়ে দেখ, ও ভোট দেয়, গাড়ি চালায়, কাজ করতেও যায়

আমরা এখন সবাই অনেক বয়সী হয়ে গিয়েছি, মনে হয়, অন্য একটা পৃথিবীতে বাস করছি।
কিন্তু আজ, তোমার জন্য মনে হচ্ছে আবারও যৌবন ফিরে পেয়েছি
যন্ত্রণাদায়ক ষোলোটা বছরের পর
এখন যে পুরুষ, সে তখন শিশু ছিল, কেঁদেছিল অবনমনের কান্না

তুমি কুপার, ক্লিচ আর কেপিকে দেখিয়েছো কীভাবে বল পাস করতে হয়
ডালাসকে করেছ সুপারম্যান, তুমি জানতে প্যাট শেষে গোল করবে
তুমি পাবলোকে করেছ চিরযৌবনা
লুক এইলিংকে করেছো মুক্ত
দলকে কোচিং করে লিগের সেরা বানিয়েছ

মার্সেলো আমি চাই তুমি আমার এই বার্তাটা শোনো
আমরা ভালোবাসি তোমায়।
তুমি যতটুকু জানো, তার চেয়েও বেশি।
এগিয়ে যাচ্ছি একসঙ্গে…'