কিংবদন্তির নীরব বিদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুইডেনের জার্সি গায়ে আর দেখা যাবে না ইব্রাকে l এএফপি
সুইডেনের জার্সি গায়ে আর দেখা যাবে না ইব্রাকে l এএফপি

বিদায়টা তাহলে কিংবদন্তির মতো হলো না ইব্রাহিমোভিচের!
এসেছিলেন টুর্নামেন্টটাকে নিজের মতো করে রাঙিয়ে নিতে, কিন্তু গ্রুপ পর্বেই নিঃশব্দে বিদায় হয়ে গেল সুইডিশ কিংবদন্তির। বেলজিয়ামের কাছে পরশু ১-০ গোলে হেরে ইউরোর গ্রুপ পর্ব থেকেই বিদায় হলো সুইডেনের। তাতে শেষ হয়ে গেল আন্তর্জাতিক ফুটবলে ইব্রাহিমোভিচ-অধ্যায়েরও।
এই ইউরোই তাঁর শেষ, সেই আভাস মিলছিল আগে থেকেই। বেলজিয়ামের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচের আগে আনুষ্ঠানিক ঘোষণাটাই দিয়ে দেন। সঙ্গে অবশ্য একটা পাদটীকা জুড়ে দিয়েছিলেন, বিদায়টা কাম্য নয় দ্রুতই। কিন্তু ফুটবল এত রোমান্টিক হলো না ইব্রাহিমোভিচের প্রতি। আরেকবার আন্তর্জাতিক মঞ্চে শূন্যতাই সঙ্গী হলো সুইডিশ স্ট্রাইকারের।
সুইডেন টুর্নামেন্ট জিতবে, সে আশা বাড়াবাড়িই ছিল। তবে ইব্রাহিমোভিচের জাদুতে টুর্নামেন্টে অনেক দূর যাওয়ার স্বপ্ন নিশ্চয়ই দেখেছিল সুইডিশরা। ইব্রা নিজেও কি দেখেননি? কিন্তু সবুজ মাঠের চৌহদ্দিতে রঙিন সেই স্বপ্ন বিবর্ণ হয়েই রইল। বেলজিয়াম ম্যাচটা জিতলেই অন্তত আরও এক ম্যাচ বেড়ে যেত ইব্রার আন্তর্জাতিক ক্যারিয়ারের ব্যাপ্তি। কিন্তু ম্যাচের ৮৪ মিনিটে বেলজিয়াম মিডফিল্ডার রাজা নাইঙ্গোলানের ২৫ গজি শটটাই জানিয়ে দিল, ইব্রার বিদায় হচ্ছে শূন্য হাতেই।
অতৃপ্তিটা ছুঁয়ে যাচ্ছে সুইডেনের কোচ এরিক হামরেনকেও, ‘চেয়েছিলাম ওর শেষটা আরও ভালো হোক।’ বিরল এক প্রতিভা হারানোর আক্ষেপও ছিল তাঁর কণ্ঠে, ‘সুইডেনের মতো ছোট্ট একটা দেশে ওর মতো খেলোয়াড় মনে হয় না আর কখনো পাব। ও সত্যিই অন্য রকম।’ বেলজিয়াম অধিনায়ক এডেন হ্যাজার্ড ইব্রাকে শুভকামনা জানিয়ে রাখলেন ক্লাবের হয়ে বাকি ক্যারিয়ারের জন্য, ‘ওকে এভাবে বিদায় নিতে দেখা হতাশার, তবে আমার মনে হয় ক্লাব পর্যায়ে এখনো অনেক কিছু অর্জনের বাকি আছে ওর।’
সেটিই হয়তো ভরসা ইব্রাহিমোভিচের। না হলে এবারের ইউরোতে সুইডেন দলের মতো বিবর্ণ ছিলেন ৩৪ বছর বয়সী স্ট্রাইকার নিজেও। একটি গোল পেলেই টানা চারটি ইউরোতে গোল করার রেকর্ডে ক্রিস্টিয়ানো রোনালদোর পাশে নাম লেখাতে পারতেন, কিন্তু পুরো টুর্নামেন্টে গোলে কোনো শটই নেই তাঁর!
এখন আর ওই হিসাব করে কী লাভ! আর একটি টুর্নামেন্ট নয়, বিদায়বেলায় ইব্রার স্মৃতিতে ভাসছে পুরো আন্তর্জাতিক ক্যারিয়ারেরই টুকরো টুকরো ছবি। অভিবাসী বাবা-মায়ের সঙ্গে মালমোর বঞ্চিত সম্প্রদায় থেকে উঠে আসা সুইডেনের মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়ার গর্বটাই খেলে গেল ইব্রাহিমোভিচের কণ্ঠে, ‘এটা হতাশার, কঠিনও। কিন্তু একই সময়ে আমি উপভোগও করেছি। অনেক সুন্দর কিছু স্মৃতি আছে আমার।’ এএফপি, রয়টার্স।