কিংস কাপই এগিয়ে!

দেশের বাইরে এর আগেও সাফলে৵র পতাকা উড়িয়েছে বাংলাদেশের শীর্ষ ক্লাবগুলো। সেদিক থেকে শেখ জামালের কিংস কাপ জয় নতুন কিছু নয়। তবে বহুজাতিক ক্লাব টুর্নামেন্ট হওয়ায় ভুটানের এই টুর্নামেন্টের মাহাত্ম্যটা একটু বেশিই। কিংস কাপে খেলেছে বাংলাদেশ, ভারত, ভুটান, নেপাল, থাইল্যান্ডের মোট নয়টি দল।
সেই আশির দশকের শেষে ও নব্বইয়ের প্রথম দিকে আবাহনীর দুবার জিতেছিল ভারতের নাগজি ট্রফি। আবাহনী এরপর জিতেছে আসামের বরদুলই ট্রফি। যে টুর্নামেন্ট ঘরে তুলেছে ব্রাদার্সও। মোহামেডান জিতেছে এয়ারলাইনস কাপ, মুক্তিযোদ্ধা ম্যাকডোনাল্ড কাপ। এ ছাড়া টুকটাক আরও দুই-তিনটা ট্রফি এসেছে। শেখ জামাল এর আগে ২০১১ সালে দেশে এনেছে নেপালের পোখরা কাপ।
তবে সব ছাপিয়ে কিংস কাপকেই এগিয়ে রাখছেন কোচ শফিকুল ইসলাম মানিক, ‘শেখ জামালের এই জয় বাংলাদেশের ফুটবলের জন্য একটা মাইকফলকই। অন্যসব টুর্নামেন্টের চেয়ে এটিকেই এগিয়ে রাখব।’