
ফাইনাল তো বটেই, টুর্নামেন্ট সেরার সঙ্গে সর্বোচ্চ গোলদাতা—একটা টুর্নামেন্টের একজন ফুটবলারের জন্য এটি সর্বোচ্চ অর্জনই। তিনটি বড় পুরস্কার হাতে তুলে শেখ কামাল টুর্নামেন্টটাকে নিজের করে নিলেন চ্যাম্পিয়ন চট্টগ্রাম আবাহনীর এলিটা কিংসলে।

নাইজেরিয়ান স্ট্রাইকার সেমিফাইনালে দুই গোলের সঙ্গে ফাইনালেও পেলেন দুটি গোল। নামের পাশে পাঁচ গোল নিয়ে টুর্নামেন্টের সবচেয়ে বেশি আলো কাড়া কিংসলে ম্যাচের পর নিজেই অবাক। এত এত পুরস্কার নাকি আশাই করেননি, ‘পুরস্কার পাব, সর্বোচ্চ গোলদাতা হব, সেরা পুরস্কারের আসনে বসব—টুর্নামেন্ট শুরুর আগে এমন ভাবনা আমার মনে ছিল না।’
কিন্তু টুর্নামেন্টে তাঁরই বাজিমাত। ২০১১ সালে বাংলাদেশে প্রথম এসে আরামবাগে খেলা কিংসলে মুক্তিযোদ্ধায় নাম লেখান পরের মৌসুমে। গতবার তো লিগের প্রথম পর্বে দলই পাননি, দ্বিতীয় পর্বে ঠাঁই হয় বিজেএমসিতে। সেই কিংসলে কালকের রাতটিকে তাঁর ক্যারিয়ারেরই সেরা রাত বললেন, ‘এটিই আমার ফুটবল জীবনের সবচেয়ে বড় অভিজ্ঞতা বলতে পারেন। সবচেয়ে বড় প্রাপ্তিও।’ নিজের জন্য খেলেন না। দলের জন্যই নিজেকে নিংড়ে দিতে চান। বলতে ভুললেন না এ কথাও।
কোচ শফিকুল ইসলাম মানিকের পাশে বসে কিংসলে যখন কথা বলছেন সংবাদ সম্মেলনে, ততক্ষণে বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন ও চট্টগ্রামের মেয়র আ জ ম নাছির উদ্দীন যৌথভাবে পুরস্কার তুলে দিলেন মাঠে। পুরস্কারের ঘোষণা এরপরও আসতে থাকল। শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়া চট্টগ্রাম আবাহনীর প্রত্যেক খেলোয়াড়কে এক লাখ টাকা দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চট্টগ্রাম আবাহনীর পক্ষ থেকে দলের জন্য বোনাস থাকছে ১৫ লাখ।
ঘরের মাঠে চট্টগ্রাম আবাহনীর জার্সি গায়ে খেললেন মূলত শেখ রাসেলের খেলোয়াড়েরা। সেই কৃতজ্ঞতা থেকেই এই ট্রফিটা শেখ কামালের ছোট ভাই প্রয়াত শেখ রাসেলের নামেই উৎসর্গ করলেন কোচ শফিকুল ইসলাম মানিক।
মানিকের জন্যও এটি বিশাল এক অর্জন। ১৯৮১ সালে ঢাকায় আগা খান গোল্ড কাপে ব্যাংকক ব্যাংক ক্লাবের সঙ্গে যৌথ চ্যাম্পিয়ন হয়েছিল ব্রাদার্স, সেই ব্রাদার্সের খেলোয়াড় ছিলেন নবীন মানিক। ফাইনালে এক গোলে পিছিয়ে পড়া ব্রাদার্সকে ওয়াসিমের মাইনাসে ম্যাচে ফেরান মনোয়ার। অতিরিক্ত সময়ে আর গোল হয়নি। যুগ্ম চ্যাম্পিয়ন ব্রাদার্সের রাইট ব্যাক মানিক কাল কোচ হিসেবেও আন্তর্জাতিক ট্রফি জিতে বড় একটা সাফল্যই পেলেন।
মাঠ থেকে সংবাদ সম্মেলনে আসা মানিকের চোখে-মুখে সেই গর্বের ঝিলিক, কণ্ঠে উচ্ছ্বাস, ‘খেলোয়াড় ও কোচ—দুই ভূমিকাতেই আন্তর্জাতিক ট্রফি জয় আমার ফুটবল জীবনকে সমৃদ্ধই করেছে। খুব খুশি লাগছে।’ খুশি তো হবেনই। অল্প কয়েক দিনের অনুশীলনে চট্টগ্রাম আবাহনী দলটাকে তৈরি করলেন, চ্যাম্পিয়ন হয়েই শেষ করলেন এই ভ্রমণ।
সাফল্যের পেছনে দেখছেন তিনটি কারণ—খেলোয়াড়েরা উজ্জীবিত ছিলেন, একই দলের খেলোয়াড় পেয়েছেন এবং বিদেশিরা ভালো করেছেন। তবে নিজে কৃতিত্ব না নিয়ে সব দিলেন খেলোয়াড়দেরই, ‘সব কৃতিত্ব ওদের। আমি শুধু পরিকল্পনা করেছি। মাঠে তা বাস্তবায়ন করেছে ছেলেরা। ওরা ট্রফিটা জেতার প্রতিজ্ঞা করেছিল। সেটা রেখেছে।’
গ্রুপ পর্বে একটু অগোছালো চট্টগ্রাম আবাহনীকে ২-১ গোলে হারিয়েছিল ইস্টবেঙ্গল। ফাইনালে কেন হলো না? ইস্টবেঙ্গল কোচ প্রতিপক্ষকে বাহবা দিয়ে দুষলেন তাঁর খেলোয়াড়দেরই, ‘ফাইনালে আমরা ভালো খেলতে পারিনি। যাদের ওপর বেশি আশা ছিল, সবাই হতাশ করেছে। ডিফেন্স সবচেয়ে বাজে খেলেছে এদিনই। আমার ছেলেরা অপরিপক্ব। চট্টগ্রাম আবাহনী পরিপক্বতার পরিচয় দিয়েছে।’
ভুল বলেননি বিশ্বজিৎ। টুর্নামেন্ট যত এগিয়েছে, চট্টগ্রাম আবাহনী ততই হয়েছে গোছানো এবং অবশ্যই ধারালো।