কিউবায় আবেগাপ্লুত ম্যারাডোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের বেশির ভাগ মানুষই তখন হয়তো গভীর ঘুমে। ভোররাতে শেষকৃত্য হয়েছে ফিদেল কাস্ত্রোর, শেষশ্রদ্ধা জানানো হয়েছে কিউবার বিপ্লবী নেতাকে। শবদাহের পর আজ সমাহিত করা হবে তাঁর দেহভস্ম। মহান এই নেতার অন্তিমযাত্রা শুরুর আগেই কিউবায় পৌঁছেছেন ডিয়েগো ম্যারাডোনা। ভালোবাসা আর চোখের জলে শেষবিদায় জানিয়েছেন ‘দ্বিতীয় পিতা’কে। আবেগাপ্লুত ম্যারাডোনা একসময় বলে দেন, ‘আমি একজন কিউবান।’

কাস্ত্রোর সঙ্গে আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তির প্রথম দেখা ১৯৮৭ সালে। দুজনের দ্বিতীয়বার দেখা ২০০৪ সালে, ম্যারাডোনা যখন জীবন-মৃত্যুর দোলাচলে ছিলেন। কোকেনের নেশা থেকে বেরোতে পারছিলেন না কিছুতেই। আর্জেন্টিনার হাসপাতালগুলো তখন ‘মরণাপন্ন’ ম্যারাডোনার চিকিৎসা করতে চায়নি। কাস্ত্রোর ইচ্ছাতেই কিউবার হাসপাতালে হয় ম্যারাডোনার চিকিৎসা, দ্বিতীয় জীবন পান তিনি। সেই থেকেই কাস্ত্রোকে ‘দ্বিতীয় জন্মদাতা’ হিসেবে মানেন ম্যারাডোনা।

ম্যারাডোনাকে নতুন জীবন দেওয়া কাস্ত্রো ৯০ বছর বয়সে পৃথিবীকে বিদায় জানান নভেম্বরের শেষ সপ্তাহে। কিউবায় নয় দিন শোক পালনের পর হলো তাঁর শেষকৃত্য। যেখানে কাস্ত্রোর শুভানুধ্যায়ীদের সঙ্গে উপস্থিত ছিলেন বিশ্বনেতারাও।

কাস্ত্রোর মতো অকৃত্রিম এক বন্ধুর বিদায় যেন কিছুতেই মেনে নিতে পারছেন না ম্যারাডোনা। বিলাপের মাঝেও বিপ্লবী এই নেতার রাজনৈতিক গুরুত্ব কী ছিল তা অবশ্য তুলে ধরার চেষ্টা করেছেন তিনি, ‘আমি মনে করি, এই পৃথিবীই তার নেতাকে হারিয়েছে।’ এএফপি।