কিছু না-জেতা ভেনতুরা ইতালির কোচ!

প্রায় ৪০ বছরের কোচিং ক্যারিয়ার। দীর্ঘ এ ক্যারিয়ারে ১৭টি ক্লাবের কোচ ছিলেন। কিন্তু কখনোই বলার মতো কোনো ট্রফি জিততে পারেননি। এমনই একজনকে কিনা দেওয়া হলো চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালির কোচের দায়িত্ব!
ভদ্রলোকের নাম জিয়ামপিয়েরো ভেনতুরা। আগেই জানা ছিল, এবারের ইউরো শেষে ইতালির দায়িত্ব ছেড়ে দিচ্ছেন আন্তোনিও কন্তে। এরপরই তাঁর জায়গাটা নিচ্ছেন ভেনতুরা। আপাতত ২০১৮ বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব দেওয়া হয়েছে তাঁকে।
দীর্ঘ ক্যারিয়ারের বেশির ভাগ সময়ই ছোটখাটো ক্লাবের কোচিং করে পার করেছেন ভেনতুরা। বড় ক্লাব বলতে শুধু নাপোলি, উদিনেসে আর সাম্পদোরিয়াকে কোচিং করানোর অভিজ্ঞতা আছে। তবে সিরি ‘আ’, সিরি ‘বি’ বা ইতালিয়ান কাপ—জিততে পারেননি কিছুই। লেচ্চেকে শুধু একবার সিরি ‘সি’ জিতিয়েছিলেন! এএফপি।
এমন একজনকে কোচ হিসেবে বেছে নিয়েও অবশ্য দারুণ খুশি ইতালিয়ান ফুটবল ফেডারেশনের সভাপতি কার্লো তাভেচ্চিও। এক বিবৃতিতে বলছেন, ‘আমি তাঁকে বেছে নিয়েছি, কারণ তিনি ফুটবলের মাস্টার। তাঁর কাছ থেকে অনেক কোচ সৃষ্টিশীল অনেক কিছু শিখেছে। তাঁর মাধ্যমে অনেক খেলোয়াড়ের জাতীয় দলে ক্যারিয়ার শুরু হয়েছে।’