কিছু পাওয়ার সেরা সুযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের কোচ ফাবিও লোপেজ, কাল দুশানবেতে  l ছবি: বাফুফে
ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের কোচ ফাবিও লোপেজ, কাল দুশানবেতে l ছবি: বাফুফে

ফাবিও লোপেজ নিরন্তর একটা বাণীই দিয়ে যাচ্ছেন তাঁর শিষ্যদের। বাংলাদেশ কোচ দুশানবের হোটেল, মাঠ, জিম—সবখানেই খেলোয়াড়দের বলছেন, ‘বয়েজ, যা করার এই ম্যাচেই করতে হবে। বিশ্বকাপ বাছাইপর্ব থেকে কিছু পেতে হলে এই ম্যাচই তোমাদের জন্য সেরা এবং শেষ সুযোগ।’
বাস্তব চিন্তাই করছেন লোপেজ। ২০১৮ বিশ্বকাপের বাছাইপর্ব থেকে বাংলাদেশের যদি কিছু পাওয়ার থাকে, তা এই তাজিকিস্তানের সঙ্গে ম্যাচেই। প্রথম সুযোগটি তো হাতছাড়া। ঘরের মাঠে এগিয়ে গিয়েও শেষ সময়ে গোল খেয়ে ড্র। আজ বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু ফিরতি লড়াই।
বিশ্বকাপ বাছাইয়ে শেষ দুটি ম্যাচ শক্তিশালী অস্ট্রেলিয়া ও জর্ডানের সঙ্গে। ওই দুটি ম্যাচে হারই নিয়তি ধরে নিচ্ছেন সবাই। তার আগে আজ তাজিকিস্তানের বিপক্ষে ম্যাচটা বাংলাদেশের জন্য আসলে অঘোষিত ‘ফাইনালই’!
হ্যাঁ, ফাইনালই। বিশ্বকাপে তো আর বাংলাদেশ যেতে পারবে না। তাজিকদের সঙ্গে জিতলে পাঁচ দলের গ্রুপে চতুর্থ হওয়ার সম্ভাবনা থাকবে। সে ক্ষেত্রে এশিয়া কাপের বাছাইপর্বের দরজাটাও খুলে যেতে পারে।
সমীকরণটা এমন—আট গ্রুপের সেরা আটটি চতুর্থ দলের প্রথম চারটিই সরাসরি এশিয়া কাপের বাছাইয়ে খেলবে। বাকি চারটিকে যেতে হবে প্লে-অফে। গ্রুপ পঞ্চম হলেও প্লে-অফ পাবে বাংলাদেশ। কিন্তু তাতে ঝুঁকি থেকেই যায়।
দুশানবেতে ফোন করে জানা গেল, গোটা দল জয়ের নেশায় বুঁদ। ৩ পয়েন্টের জন্য ঝাঁপাতে দলের সেরা খেলোয়াড়কে ফিরিয়ে আনা হচ্ছে তাঁর আসল জায়গায়। কিরগিজস্তানের সঙ্গে অধিনায়ক মামনুল ইসলামকে প্লে-মেকারের ভূমিকা থেকে সরিয়ে ডান পাশে খেলানো হয়েছিল। সেই পরীক্ষা-নিরীক্ষায় আপাতত ক্ষান্তি দিলেন কোচ। খেলোয়াড়েরাই নাকি মামুনুলকে মাঝমাঠে চেয়েছেন। মামুনুল নিজে জানালেন, ‘কোচ বলেছেন, তুমি আগের জায়গায় খেলবে। আগের জায়গায় ফিরিয়ে আনার কারণটা অবশ্য বলেননি।’
দুই হলুদ কার্ডের খড়্গে মাঝমাঠে রাজুর না থাকাটাও হয়তো মামুনুলের আগের জায়গায় ফিরে আসার একটা কারণ। তাতে দলের মাঝমাঠের সংগঠনটা আরও শক্তিশালী এবং আক্রমণে গতি আসবে বলেও মনে করেন সতীর্থরা। মিডফিল্ডার জামাল ভূঁইয়া সংবাদ সম্মেলনে যেমন বলেছেন, ‘গ্রুপে চতুর্থ হতে চাইলে এই ম্যাচে জয় চাই আমাদের এবং শেষ সুযোগও। তাই আমরা আক্রমণাত্মক খেলব এবং চাইব দ্রুত গোল করতে।’ তবে ম্যাচটা যে সহজ হবে না, তা জানেন লোপেজ, ‘দুই দলই চায় গ্রুপে চতুর্থ হতে। জয়টা দুই দলের কাছেই সমান গুরুত্বপূর্ণ। তাই এটি খুব উপভোগ্য ম্যাচই হবে মনে হচ্ছে।’
শুধু তাজিকিস্তান নয়, দুশানবের ৬-৭ ডিগ্রির তীব্র ঠান্ডাও বাংলাদেশের প্রতিপক্ষ। বৃষ্টি হলে তাপমাত্রা আরও কমে যাবে। তাজিকিস্তানের মাটিতে খেলা আগের দুটি ম্যাচেই হারও বাংলাদেশের জন্য মনস্তাত্ত্বিক একটা বাধা। বিশ্বকাপ বাছাইপর্বেই ২০০৩ সালে ২-০, ২০০৭ সালে ব্যবধানটা গিয়ে দাঁড়ায় ৫-০! বাংলাদেশকে তাই আজ আসলে অনেক কিছুই জয় করতে হবে।
দুশানবের সেন্ট্রাল রিপাবলিক স্টেডিয়ামে ২০ হাজার দর্শক স্বাগতিক দলের শক্তি। কোচ মুবিন এরগাসও সেটি বললেন, ‘বাংলাদেশ ভালো দল। তবে দেশের মাটিতে আমরা দর্শক সমর্থক পাব, যা দলের দলের জন্য উজ্জীবনী শক্তি। আবহাওয়াও আমাদের অনুকূলে।’
আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে এবার ছয় দিন আগেই দুশানবে গিয়েছে বাংলাদেশ দল। পেছনে তাকিয়ে অনুপ্রেরণাও মিলছে—তাজিকদের বিপক্ষে এর আগের সাত ম্যাচের চারটি হার আর দুটি ড্রয়ের বিপরীতে একটি জয়ও আছে। যেটি এসেছে কলম্বোতে ২০১০ সালে এএফসি চ্যালেঞ্জ কাপে। মিশু ও এনামুলের গোলে ২-১ ব্যবধানে।
এশিয়া কাপের সম্ভাবনা ভালোভাবে বাঁচাতে দ্বিতীয় জয়টা আসুক না আজই!

বাংলাদেশের পাঁচ ম্যাচ
কিরগিজস্তান ১-৩
তাজিকিস্তান ১-১
অস্ট্রেলিয়া ০-৫
জর্ডান ০-৪
কিরগিজস্তান ০-২

পয়েন্ট তালিকা
দল ম্যাচ জয় ড্র হার গোল প.
জর্ডান ৫ ৪ ১ ০ ১২/১ ১৩
অস্ট্রেলিয়া ৪ ৩ ০ ১ ১০/৩ ৯
কিরগিজস্তান ৫ ২ ২ ১ ৮/৫ ৮
তাজিকিস্তান ৫ ০ ২ ৩ ৪/১২ ২
বাংলাদেশ ৫ ০ ১ ৪ ২/১৫ ১