কিছু বুঝে ওঠার আগেই চার গোল!

গড়ে প্রতি ৭ মিনিটে একটি গোল। প্রথম ২৯ মিনিটে ৪ গোল খেয়ে বসবে দল, এমনটা ভাবতেই পারেননি ডাগ-আউটে থাকা সাইফুল বারী। ম্যাচের পর সংবাদ সম্মেলনে বলেছেন বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত কোচ, ‘ছেলেরা মাঠে নেমে বুঝতেই পারল না কী হচ্ছে! এত দ্রুত চার-চারটি গোল হওয়া উচিত হয়নি। এটিই আসলে আমাদের বড় অতৃপ্তির জায়গা।’
অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার সঙ্গে খেলা কঠিন হবে, অনুমিতই ছিল বাংলাদেশের কাছে। পার্থ ওভালের কৃত্রিম ঘাসের মাঠে স্বাগতিক দল যেভাবে দ্রুত বল দেওয়া-নেওয়া করেছে সেটিও দলের কাছে নতুন অভিজ্ঞতা। টিটুর ভাষায়, ‘মাঠ, পরিবেশ—সবকিছুই আমাদের কাছে নতুন। এ ধরনের ম্যাচ আমরা খেলার সুযোগ পাই না। তারপরও ছেলেরা সাধ্যমতো চেষ্টা করেছে। দ্বিতীয়ার্ধে মোটামুটি আত্মবিশ্বাস নিয়ে খেলেছে।’
অস্ট্রেলিয়ায় ফোন করে জানা গেল, বাংলাদেশ দল অখুশি নয়। যেভাবে পুরো পেশাদারি মনোভাবে ঝাঁপিয়ে পড়েছিল এশিয়ান চ্যাম্পিয়নরা, তাতে গোল আরও বেশি হওয়া বিচিত্র ছিল না। তবে আরেকটি গোল কম হলে হয়তো বাংলাদেশ দল পুরোপুরিই খুশি হতো।
আন্তর্জাতিক ম্যাচে ৫ গোলের ব্যবধানে হার বা জয় দুটোই বড় ব্যাপার। বাংলাদেশের বিপক্ষে যেভাবে খেলেছে দল, তাতে খুশি অস্ট্রেলিয়ার কোচ অ্যাঞ্জে পোস্তেকোগলু। তবে আর গোল করতে না পারায় তিনি পুরোপুরি খুশি নন বলেই জানিয়েছেন সংবাদ সম্মেলনে।
ম্যাচের পর বলেছেন, অস্ট্রেলিয়া আরও বড় ব্যবধানে জিততে পারত। কিন্তু তাঁর দৃষ্টিতে বাংলাদেশ দল নাকি ম্যাচে বারবার সময় নষ্ট করেছে। এসব প্রসঙ্গ টেনে সকারুদের কোচ বলেছেন, ‘বাংলাদেশের বিপক্ষেই আমরা আমাদের মতো করেই জিততে চেয়েছিলাম। সেটা আমরা বেশির ভাগ ক্ষেত্রেই পেরেছি। তবে আমাদের আরও বেশি গোল পাওয়া উচিত ছিল।’
২৯ মিনিটেই ৪ গোল করে ফেলে অস্ট্রেলিয়া। বাকি সময়ে আর একটি মাত্র গোল করেছে। অস্ট্রেলিয়ার কোচ সেটা মনে করিয়ে দিয়ে বলেছেন, ‘আমরা জানতাম বাংলাদেশ দল রক্ষণাত্মক খেলবে। আমি তাই দেখতে চেয়েছি আমার ছেলেরা তাদের বিপক্ষে কতটা ভালোভাবে খেলতে পারে। সেটি তারা ভালোই পেরেছে।’