কিপটে জার্মানদের খোঁচা রাশিয়ান ক্লাবের
ইউরোপের ফুটবল পরাশক্তিদের মধ্যে কিপটেমিতে বায়ার্ন মিউনিখের সঙ্গে সম্ভবত কেউ পেরে উঠবে না। লিগের অন্য ক্লাবগুলোর খেলোয়াড়দের মুফতে টেনে নেওয়ার জন্য বিখ্যাত ক্লাবটি। নিজের খেলোয়াড়দের যে খুব বেশি বেতন দেয়, এমনও নয়। এই তো, বেতন নিয়ে সন্তুষ্ট নয় বলে ক্লাব ছাড়তে চাইছেন রবার্ট লেভানডফস্কি। চুক্তি নবায়ন করতে চাইছেন না লিরয় সানেও।
দলবদলের বাজারে অন্য লিগ থেকে খেলোয়াড় টানার সময়ও কিপটেমি দেখায় বায়ার্ন। লেভানডফস্কি ও সানের ওপর চাপ সৃষ্টি করতে আগেই বিকল্প জোগাড় করতে চায় তারা। লিভারপুলের সাদিও মানেকে পছন্দ হয়েছে তাদের। কিন্তু সেনাগালিজ ফরোয়ার্ডের জন্য যে অর্থ সেধেছে তারা, তাতে প্রচণ্ড বিরক্ত লিভারপুল। সে কারণেই হয়তো বায়ার্নের দেওয়া প্রস্তাবটি সংবাদমাধ্যমের কাছে পৌঁছে গেছে দ্রুত। যে প্রস্তাব দেখে খোঁচা দেওয়ার লোভ সামলাতে পারেনি রাশিয়ান ক্লাব স্পার্তাক মস্কো।
লেভানডফস্কি ও সানের মতো লিভারপুলে মানেরও চুক্তির মেয়াদ আর মাত্র এক বছর বাকি। ৩০ বছর বয়সী ফরোয়ার্ড নিজেও চাইছেন ক্লাব ছাড়তে। সে সুযোগ নিতে চাইছে বায়ার্ন। মানেকে পেতে এর মধ্যে দুবার প্রস্তাব দিয়েছে। প্রাথমিকভাবে ২ কোটি ৫০ লাখ পাউন্ডের প্রস্তাব দিয়েছিল বায়ার্ন। সে প্রস্তাব উড়িয়ে দিয়েছে লিভারপুল। তাদের চোখে মানের দাম অন্তত ৪ কোটি পাউন্ড।
লিভারপুলের এমন অবস্থান দেখে বায়ার্ন নতুন এক প্রস্তাব পাঠিয়েছে। সে প্রস্তাব এমন, আপাতত ২ কোটি ৩৫ লাখ পাউন্ড, সে সঙ্গে কিছু শর্ত পূরণ করলে আরও ৬৫ লাখ পাউন্ড। গত বছর ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এক ফরোয়ার্ড যিনি ২৩ গোল করেছেন, তাঁর জন্য অঙ্কটা খুবই নগণ্য। এতেই লিভারপুলের খেপে যাওয়া যথেষ্ট ছিল। বায়ার্নের শর্তগুলো পুরো প্রস্তাবকে আরও হাস্যকর বানিয়ে দিয়েছে। ৬৫ লাখ পাউন্ড লিভারপুল পাবে, যদি বায়ার্ন আগামী তিন বছর চ্যাম্পিয়নস লিগ জেতে এবং এই তিন বছরই ব্যালন ডি’অর জেতেন মানে!
ক্যারিয়ারে কখনোই ব্যালন ডি’অরের সেরা তিনে জায়গা পাননি মানে। তাঁর জন্য এমন এক শর্ত মানা কঠিন। সে সঙ্গে কোনো দল টানা তিনবার চ্যাম্পিয়নস লিগ জিতবে এমন কিছু রিয়াল মাদ্রিদের জন্য অবিশ্বাস্য বলা না গেলেও বাস্তবে আবার কারও পক্ষে করে দেখানো কঠিন। আর রিয়ালের টানা চ্যাম্পিয়নস লিগজয়ী সে দলের সবচেয়ে বড় তারকা ক্রিস্টিয়ানো রোনালদোই টানা তিনবার ব্যালন ডি’অর জিততে পারেননি। আর মেসি টানা চারবার জিতলেও তাঁর দল টানা দুটি চ্যাম্পিয়নস লিগ জেতেনি।
এমন দলবদলের প্রস্তাব তাই হাস্যকর মনে হচ্ছে অনেকের। তবে জম্পেস খোঁচাটা এসেছে স্পার্তাক মস্কোর কাছ থেকে। এর আগে বার্সেলোনার ইউরোপা লিগে খেলা নিয়ে খোঁচা দিয়ে বেশ শোরগোল তোলা ক্লাবটি একটি কাল্পনিক দলবদলের প্রস্তাব দিয়েছে টুইটারে।
যেখানে স্পার্তাকের গত মৌসুমের সর্বোচ্চ গোলদাতা আলেক্সান্দর সবোলেভকে ব্যবহার করা হয়েছে। দেখানো হয়েছে, তাঁকে পেতে প্রস্তাব পাঠিয়েছে বায়ার্ন মিউনিখ।
টুইটারের পোস্টটি এমন,
‘প্রিয় স্পার্তাক মস্কো, তোমাদের খেলোয়াড় আলেক্সান্দর সবোলেভের জন্য একটি দলবদলের প্রস্তাব পাঠাচ্ছি। প্রথমে এক হাজার ইউরো দিচ্ছি।
এর সঙ্গে শর্তসাপেক্ষে আর যা দেওয়া হবে:
বায়ার্ন ইউরোভিশন (গান লেখার প্রতিযোগিতা) জিতলে ১ কোটি ইউরো।
ম্যানচেস্টার ইউনাইটেড কোনো ট্রফি জিতলে ১ কোটি ৫০ লাখ ইউরো।
লিওনেল মেসি রিয়াল মাদ্রিদে যোগ দিলে ২ কোটি ইউরো।
শুভকামনা: বায়ার্ন মিউনিখ ফুটবল ক্লাব।’
অসম্ভব দুটি সম্ভাবনার সঙ্গে ম্যানচেস্টার ইউনাইটেডের ট্রফি জেতার সম্ভাবনা উল্লেখ করে রোনালদোর বর্তমান ক্লাবকেও খোঁচা দিয়েছেন স্পার্তাক মস্কোর টুইটার পেজের অ্যাডমিন। এরই মধ্যে এক লাখ বার মানুষের ভালোবাসা পেয়েছে এই পোস্ট। ১৫ হাজার বার রিটুইট হয়েছে। তুলনার স্বার্থে এটুকু বলা যায়, গত এক সপ্তাহে স্পার্তাকের কোনো পোস্টে পাঁচ শর বেশি ‘লাভ’ রিঅ্যাকশন পড়েনি।