কিম কারদাশিয়ানকে পেছনে ফেললেন মেসি
লিওনেল মেসিকে নিয়ে সংবাদমাধ্যম সব সময়ই ব্যস্ত থাকে। সময়ের সেরা দুই ফুটবলারের একজন, বার্সার ভক্তদের কাছে তো সর্বকালের সেরাই তিনি। তাঁকে নিয়ে সংবাদমাধ্যমের ব্যস্ত না থেকে উপায়ও নেই। তবে এ সপ্তাহে স্বাভাবিকের চেয়েও অনেক বেশি আলোচনা চলছে মেসিকে নিয়ে। বার্সেলোনা, চুক্তি, পিএসজি, মেসি—এ শব্দগুলো বারবার উঠে আসছে নানা আলোচনায়।
বার্সেলোনার সঙ্গে ২১ বছরের সম্পর্ক শেষ হয়েছে এ সপ্তাহে। কাতালান শহরে গেড়ে বসা শিকড় উপড়ে নিয়ে এখন অন্য কোথাও যেতে হবে মেসিকে। সেটা ফ্রান্সের রাজধানী হবে বলেই শোনা যাচ্ছে। প্রথাগত সংবাদমাধ্যম তো বটেই, সামাজিক যোগাযোগমাধ্যমও তাই ব্যস্ত মেসিকে নিয়ে। এরই প্রভাব পড়েছে ইনস্টাগ্রামে। ছবি ও ভিডিও শেয়ার করার এই সামাজিক যোগাযোগমাধ্যমে মেসির অনুসারীর সংখ্যা অবশেষে আমেরিকান মডেল ও টিভি ব্যক্তিত্ব কিম কারদাশিয়ানের অনুসারীকে ছাপিয়ে গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে অন্য তারকাদের চেয়ে একটু পিছিয়েই ছিলেন মেসি। ক্রিস্টিয়ানো রোনালদো, নেইমারের মতো তারকারা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আগে থেকেই সময় কাটান। মেসি তাঁদের চেয়ে একটু দেরিতেই যোগ দিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। বিশ্বজুড়ে তারকাদের মধ্যে ইনস্টাগ্রামে রোনালদোরই সবচেয়ে বেশি অনুসারী। ইউরো চলার সময়ই এই সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদোর অনুসারীর সংখ্যা ৩০ কোটি ছাড়িয়ে গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তারকাদের কাছে অনুসারীর সংখ্যাও গুরুত্বপূর্ণ। রোনালদোর যেমন অনেক বেশি অনুসারীসংখ্যা থাকায় স্পনসরড পোস্টের মাধ্যমে বাকিদের চেয়ে অনেক বেশি আয় করে থাকেন।
মেসি সে তুলনায় একটু পিছিয়ে ছিলেন। ইনস্টাগ্রামেই সবচেয়ে বেশি আগ্রহ তাঁর, যদিও সেটা অন্য তারকাদের চেয়ে কম ছিল। তবে এবার কোপা আমেরিকা জয়ের পর ইনস্টাগ্রামে একের পর এক পোস্ট করেছেন মেসি। এরই ছাপ পড়েছে ইনস্টাগ্রামে। হু হু করে বাড়ছে তাঁর অনুসারীর সংখ্যা। একটি নির্দিষ্ট পোস্টে ভালোবাসা পাওয়ায় কদিন আগেই রোনালদোকে ছাড়িয়ে গেছেন মেসি। এরই প্রভাব টের পাওয়া গেছে এবার। ইনস্টাগ্রামে ২৪ কোটি ৫০ লাখ অনুসারী এখন মেসির। ইনস্টাগ্রামে মেসির চেয়ে এখন বেশি অনুসারী আছে মাত্র পাঁচজনের।
শীর্ষে রোনালদোই। ইউরো শেষ হওয়ার আগেই আরও ২ কোটি অনুসারী জুটে গেছে তাঁর। এখন ৩২ কোটি ৩০ লাখ মানুষ প্রতিমুহূর্তে রোনালদো কী করছেন, সেটা জানার অপেক্ষায় থাকেন। এরপরই আছেন সাবেক রেসলার ও অভিনেতা ডোয়াইন জনসন (রক)। ২৫ কোটি ৯০ লাখ অনুসারী আছে জনসনের। তিনে আছেন গায়িকা আরিয়ানা গ্রান্দে (২৫ কোটি ৭০ লাখ অনুসারী)। এরপরই আছেন কাইলি জেনার। কিম কারদাশিয়ানের সৎবোন জেনারও তাঁর মতোই মডেল ও উদ্যোক্তা। ২৫ কোটি অনুসারী নিয়ে শীর্ষ পাঁচের শেষজন গায়িকা সেলেনা গোমেজ।
এত দিন সেলেনার পরই ছিলেন কিম কারদাশিয়ান। কিন্তু গত কিছুদিনে মেসির অনুসারীর সংখ্যা এত বেড়েছে যে তাল রাখতে পারেননি এই আমেরিকান মডেল। ২৪ কোটি ১০ লাখ অনুসারী এখন তাঁর। শীর্ষ দশে থাকা বাকি তিনজন অবশ্য বেশ পিছিয়ে। আট থেকে দশে আছেন সংগীতশিল্পী বিয়োন্সে (১৯ কোটি ৭০ লাখ অনুসারী), জাস্টিন বিবার (১৮ কোটি ৭০ লাখ অনুসারী) ও কেন্ডাল জেনার (১৭ কোটি ৯০ লাখ অনুসারী)।