লিগ চ্যাম্পিয়ন হয়েছে দুই ম্যাচ বাকি রেখেই। এবার এএফসি কাপের বাছাইয়ের প্লে-অফ খেলতে কিরগিজস্তান যাচ্ছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। আজ ভোরেই বিশকেকের উদ্দেশে ঢাকা ছেড়ে যাওয়ার কথা দলটির। দেশের বাইরে এর আগে পোখারা কাপ, কিংস কাপ জিতেছে শেখ জামাল। তবে আন্তর্জাতিক আসরের বড় কোনো টুর্নামেন্টে এবারই প্রথম চ্যালেঞ্জ নেবে বাংলাদেশের চ্যাম্পিয়নরা।
‘বি’ গ্রুপে ম্যাকাওয়ের সিএএসএ বেনফিকার সঙ্গে প্রথম ম্যাচ ১৩ আগস্ট। পরের ম্যাচ ১৫ আগস্ট; প্রতিপক্ষ কিরগিজ চ্যাম্পিয়ন এফসি আলগা। কাল ঢাকা ছাড়ার আগে আত্মবিশ্বাসীই মনে হলো অধিনায়ক মামুনুল ইসলামকে, ‘লিগ চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছি। এটা আমাদের জন্য বড় অনুপ্রেরণা। তবে সেখানে আমরা শুধু শেখ জামাল হিসেবেই যাব না। বাংলাদেশকেও প্রতিনিধিত্ব করব। নিজেদের সেরাটা দিতে পারলে আশা করি পরের রাউন্ডে উঠতে পারব।’ যদিও আক্রমণভাগের ত্রিফলার অন্যতম ওয়েডসন আনসেলমেকে পাচ্ছে না শেখ জামাল। দলকে চ্যাম্পিয়ন করে হাইতিয়ান এই স্ট্রাইকার ফিরে গেছেন দেশে।