কিশোরদের সালাউদ্দিন-প্রেরণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে চার দিন আগেই ঢাকায় এসেছে সৌদি আরব অনূর্ধ্ব-১৬ দল। বাফুফের অ্যাস্ট্রো টার্ফে কাল বিকেলে যখন সৌদি যুবারা অনুশীলন করতে নামছিল, তার এর একটু পরই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় সংযুক্ত আরব আমিরাত দল। স্বাগতিক বাংলাদেশ, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতকে নিয়ে আগামীকাল থেকে ঢাকায় শুরু হচ্ছে এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের ‘ডি’ গ্রুপের খেলা।
গত মাসে দক্ষিণ এশিয়ার অনূর্ধ্ব-১৬ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। এখন অবশ্যই দৃষ্টি যাওয়া উচিত এশিয়ার দিকে। এশীয় শ্রেষ্ঠত্বের মুকুট পরা বাংলাদেশের কাছে একটা স্বপ্ন। তা স্বপ্ন দেখতে না পারলে কি সাফল্য ধরা দেয়? কিশোর ফুটবলারদের বড় স্বপ্ন চোখেই নির্ভার হয়ে নিজেদের খেলাটা উপভোগ করতে বলেছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। কাল দুপুরে হঠাৎই সালাউদ্দিন উপস্থিত হন টিম হোটেলে। সেখানেই নিপু-শাওনদের সঙ্গে দুপুরের খাবার খেয়েছেন এবং বলেছেন, ‘নিজের মাঠে বাঘের বাচ্চার মতো খেলবে। হারজিত পরের কথা। সাহস নিয়ে খেলো। কোচ কী বলেন সেটা শোনো আর অনুসরণ করো। খেলাটা উপভোগ করো।’
ভালো ফলের জন্য অনুশীলনের বিকল্প নেই—ফুটবলারদের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটি মনে করিয়ে দিয়ে বাংলাদেশের এই ফুটবল কিংবদন্তি নিজের ছোটবেলার কিছু মজার গল্প শোনান কিশোরদের। কীভাবে বাড়ির লনে অনুশীলন করতেন, কীভাবে মাঠে প্রতিদিন কমপক্ষে ৬-৭ ঘণ্টা অনুশীলন করতেন, সেসব শুনিয়ে তাদের উদ্বুদ্ধ করেন অনুশীলনে।
এএফসি অনূর্ধ্ব-১৬ ফুটবলের গ্রুপ পর্বে বাংলাদেশের প্রথম ম্যাচ আগামীকাল, প্রতিপক্ষ সৌদি আরব। ১৮ সেপ্টেম্বর বাংলাদেশ দ্বিতীয় ম্যাচ খেলবে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে। ২০ সেপ্টেম্বর গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হবে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। এই গ্রুপের চ্যাম্পিয়ন দল আগামী বছর ভারতে খেলবে চূড়ান্ত পর্বে।