কিশোরীদের ফুটবলে মুগ্ধ দেশ

চূড়ান্ত লক্ষ্য অর্জনের আগেই জনতার মন জিতে নিয়েছে মেয়েরা। তিন ম্যাচে ১৮ গোল। এই মেয়েদের পক্ষে অনেক কিছুই করা সম্ভব। বাংলাদেশের কাছে পরশু ১০-০ গোলে বিধ্বস্ত হয়ে কিরগিজস্তানের কোচও বলছেন, ‘বাংলাদেশের এই মেয়েরা অনেক দূর যাবে। চূড়ান্ত পর্বে ওরাই যাবে মনে হচ্ছে।’
আগামীকাল সামনে প্রবল প্রতিদ্বন্দ্বী চীনা তাইপে। জিতলে এএফসি অনূর্ধ্ব-১৬ ফুটবলের গ্রুপ চ্যাম্পিয়নশিপ প্রায় নিশ্চিত। শেষ ম্যাচে দুর্বল আরব আমিরাতের বিপক্ষে ড্র হলেও চলবে। তবে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন ব্যক্তিগত কাজে পরশু যুক্তরাষ্ট্র যাওয়ার আগে নিজের চাওয়াটা জানিয়ে গেছেন, ‘কোনো ম্যাচ হারা চলবে না। সব জেতা চাই।’
সালাউদ্দিনের বিশ্বাস, এরা পারবে। শুধু চ্যাম্পিয়নশিপ নয়, বাফুফের মহিলা কমিটির প্রধান মাহফুজা আক্তার কিরণের চোখ আরও দূরে। ২০২২ অনূর্ধ্ব-১৭ বা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে নিয়ে যেতে চান বাংলাদেশকে! অনেকেই এটা শুনে নড়েচড়ে বসেছেন। বেশির ভাগই বলছেন, এ সম্ভব নয়। কিন্তু মাহফুজা মনে করেন সম্ভব, ‘জেনেবুঝেই বিশ্বকাপে খেলার স্বপ্নের কথা বলেছি এবং এটা আমরা বাস্তবায়ন করবই।’ সে জন্য সবার সহযোগিতা চাই। বুধবারের পত্রিকায় বিশ্বকাপ-স্বপ্নের কথা পড়ে জাতীয় ক্রীড়া পরিষদের শীর্ষ এক কর্মকর্তা সাতসকালেই মাহফুজাকে ফোনে বলেন, ‘বিশ্বকাপে যেতে আপনাদের কী ধরনের সহযোগিতা প্রয়োজন বলুন। আমরা দিতে প্রস্তুত।’ কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠান আর্থিক সহায়তা দেওয়ার আগ্রহও জানিয়েছে।
কিন্তু ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলেই ভয় পায়। বাংলাদেশে কোনো দল ভালো করলে প্রথম প্রথম তুমুল আগ্রহ দেখায় সবাই। কিন্তু দুই দিন পর আর খোঁজ থাকে না। গত বছর সাফ অনূর্ধ্ব-১৬ ফুটবলে চ্যাম্পিয়ন হওয়া দলটিকে নিয়ে বাফুফের সে কী মাতামাতি! খেলোয়াড়দের সব দায়িত্ব নেবেন বলেছিলেন সালাউদ্দিন। কিন্তু এক বছরের মধ্যেই সেই দলটি চোরাবালিতে হারিয়ে গেছে।
বাফুফে এখন বলছে, মেয়েদের এই দলকে হারিয়ে যেতে দেবে না। চার বছরের জন্য এই মেয়েদের ক্যাম্পে তোলার প্রতিশ্রুতিও এসে গেছে। সালাউদ্দিন নিজে বলছেন, ‘মেয়েদের এগিয়ে নিতে টাকা কোনো সমস্যা হবে না। প্রয়োজনীয় সবকিছুই আমরা করব।’
তবে ফুটবল বিশ্লেষকেরা এখনই উচ্ছ্বাসে ভাসতে নারাজ। অভিজ্ঞ কোচ অমলেশ সেন যেমন বললেন, ‘মেয়েরা তাদের কাজটা করছে। মাঠে দারুণ ফুটবল খেলছে। এখন ফেডারেশনের উচিত লম্বা সময়ের জন্য পরিকল্পনা বাস্তবায়ন করা।’
বাংলাদেশে বেশির ভাগ পরিকল্পনাই আসলে কর্তাদের দেরাজে পড়ে থাকে। নিজের অভিজ্ঞতা থেকে এটি জানেন বাংলাদেশ দলের সাবেক কোচ জর্জ কোটান। সেই কোটানও অমলেশ সেনের মতো এই মেয়েদের নিয়ে কার্যকর পরিকল্পনার ওপর জোর দিচ্ছেন, ‘দারুণ ফুটবল খেলছে এই মেয়েরা। তবে এদের জন্য একটা লম্বা সময়ের পথরেখা দরকার।’
এই প্রতিযোগিতায় গ্রুপ চ্যাম্পিয়ন হলেই এশিয়ার বড় বড় দলের সঙ্গে খেলবে কৃষ্ণারা। চূড়ান্ত পর্বে খেলবে ৮টি দল, ৪টি গতবারের চার সেমিফাইনালিস্ট উত্তর কোরিয়া, জাপান, চীন ও থাইল্যান্ড খেলবে সরাসরি। বাছাই থেকে আসবে অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়ার মতো দলগুলো।
অস্ট্রেলিয়া এখন পর্যন্ত তিন ম্যাচে করেছে ৫০ গোল। ফিলিস্তিনকে ২৮, হংকংকে ১৪, ইরাককে দিয়েছে ৮ গোল। সেই অস্ট্রেলিয়া, কোরিয়া, জাপান, চীনের সঙ্গে চূড়ান্ত পর্বে খেলতে পারা হবে বিরাট অর্জন। আগামী পরশু চূড়ান্ত পর্বের ভেন্যু ঠিক হওয়ার কথা। তবে এসব আলোচনার ফাঁকেই বারবার বেরসিক প্রশ্নটা আসছে, অনূর্ধ্ব-১৬ কিশোরদের মতো এই কিশোরীরাও হারিয়ে যাবে না তো?