কিশোরদের অনুপ্রাণিত করলেন সালাউদ্দিন
কাজী সালাউদ্দিনের কথা খুব আগ্রহ নিয়ে শুনছিল অনূর্ধ্ব-১৪ ফুটবল দলের কিশোরেরা। মালয়েশিয়ায় সুপার মক কাপের প্লেট গ্রুপে চ্যাম্পিয়ন হয়ে এসে ওরা কাল সামনে পেল বাফুফের সভাপতিকে। বাফুফে ভবনের সভাকক্ষে সার বেঁধে বসা কিশোরদের উদ্দেশে অনুপ্রেরণামূলক বক্তব্য দিলেন সালাউদ্দিন। সবার সঙ্গে হাত মিলিয়ে দিলেন কাঙ্ক্ষিত ঘোষণাও, ‘ফেব্রুয়ারি থেকে দীর্ঘ মেয়াদে প্রশিক্ষণ ক্যাম্পে রাখা হবে এই অনূর্ধ্ব-১৪ দলকে।’
তবে ছেলেদের মনে করিয়ে দিতে ভোলেননি, এখনই সব পাওয়া হয়ে যায়নি। সামনে আছে লম্বা পথ। তাই টাকার ভাবনা এখনই মাথায় না এনে আগে নিজেদের প্রতিষ্ঠিত করার উপদেশ দিলেন ছেলেদের। আগামী চার বছর খুদে ফুটবলারদের ক্যাম্পে রেখে গড়ে তোলার কথাও জানালেন। আর এতে সহায়তার হাত বাড়াবে পৃষ্ঠপোষক ম্যাক্স গ্রুপ, যারা গত দুটি মক কাপেই বাংলাদেশ দলকে আর্থিক সহায়তা করেছে।
আগে কিশোরদের লম্বা সময় ধরে রাখা হয়নি। তবে এই ছেলেদের হারিয়ে যেতে দেবেন না, এমন প্রতিশ্রুতি শোনা গেল বাফুফে ডেভেলপমেন্ট কমিটির প্রধান বাদল রায়ের কণ্ঠে। ছেলেদের করানো হলো মিষ্টিমুখও, যার সুবাস ছড়িয়ে পড়ে গোটা বাফুফে ভবনেই।