কিশোরদের পুরস্কার বোনাস ও প্রশিক্ষণের প্রতিশ্রুতি

যেকোনো বয়সভিত্তিক দল সাফল্য পেলেই তাদের নিয়ে অনেক স্বপ্ন দেখে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। দিয়ে থাকে অনেক প্রতিশ্রুতির ঘোষণাও। অনূর্ধ্ব-১৫ সাফ চ্যাম্পিয়ন দলের কিশোরদের জন্যও বরাদ্দ হয়েছে অনেক প্রতিশ্রুতি। নগদ অর্জন বলতে আগামী মাসে থাইল্যান্ডের একটি টুর্নামেন্টে অংশগ্রহণ নিশ্চিত করা।
গতকালই নেপাল থেকে দেশে ফিরেছে কিশোররা। আজ বাফুফে ভবনে তাদের সঙ্গে সাক্ষাৎ করেন ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন। অনুষ্ঠানেই সভাপতির পাশে বসে বাফুফের পক্ষ থেকে প্রত্যেক খেলোয়াড়কে এক লাখ টাকা বোনাস দেওয়ার ঘোষণা দেন বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। টাকাটা কবে দেওয়া হবে, তা নিশ্চিত নয়।
আগামী ৬ থেকে ১৪ ডিসেম্বর থাইল্যান্ডে চার জাতি অনূর্ধ্ব-১৫ টুর্নামেন্ট আয়োজন করবে ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন। সেখানে স্বাগতিক থাইল্যান্ড, মালদ্বীপ ও সাইপ্রাসের সঙ্গে খেলবে বাংলাদেশও। তাই আগামীকাল সকালেই দল চলে যাবে সিলেট বিকেএসপিতে। সেখানেই শুরু হবে চ্যাম্পিয়ন কিশোরদের দ্বিতীয় পর্ব।
এ ছাড়া আগের মতো অনেক প্রতিশ্রুতির ঘোষণাও এসেছে। এই কিশোর ফুটবলারদের মধ্যে থেকে সেরাদের বাছাই করে তিন বছরের চুক্তি করবেন বলে জানিয়েছেন সাধারণ সম্পাদক, ‘কিশোর ফুটবলারদের মধ্যে থেকে বাছাই করে প্রতিভাবানদের সঙ্গে ৩ বছরের চুক্তি করে তাদের প্রতি মাসে বেতন দেওয়া হবে। চুক্তির খেলোয়াড়ের সংখ্যাটা নির্ভর করছে মানের ওপর। আর বেতনের পরিমাণ এখনো ঠিক হয়নি।’
এর আগেও বিভিন্ন সময়ে ছেলেদের বয়সভিত্তিক টুর্নামেন্টে সাফল্য পাওয়ার পর বাফুফে ঘোষণা দিয়েছিল তাদের দীর্ঘমেয়াদি প্রশিক্ষণের। তবে তা কখনোই আলোর মুখ দেখেনি। এবার কী হয়, তা-ই দেখার অপেক্ষা।