কিশোরীদের মন ছুঁয়ে যাওয়া মুভ, পাস, গোল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের খেলায় মুগ্ধ হয়েছেন সবাই। ছবি: প্রথম আলো
বাংলাদেশের খেলায় মুগ্ধ হয়েছেন সবাই। ছবি: প্রথম আলো

ডান প্রান্ত থেকে বল নিয়ে বক্সের মধ্যে কোনাকুনি দৌড়, আর তার পিছু পিছু ডিফেন্ডার। তখন ডিফেন্ডার তো কোন ছার, ভারতীয় গোলরক্ষক অ্যাঙ্গেল ব্লক করে পোস্টে ছেড়ে বের হয়ে এসেছিল। কিন্তু বলে থাবা দেওয়ার আগেই গোলরক্ষকের পাশ দিয়ে বল চলে গেল জালে। গোলদাতার নাম মনিকা চাকমা। বাংলাদেশি এই মিডফিল্ডারের ঠান্ডা মাথার ফিনিশিং দেখে মনে হলো, গোল না করতে পারাটাই ছিল তার জন্য কঠিন। আহ্‌, গোলের কী সৌন্দর্য!

বাংলাদেশি মেয়েদের ফুটবল মানেই দুর্দান্ত সব গোল; যা দুর্দান্ত সব পাস ও মুভের চূড়ান্ত রসায়ন। দর্শকদের মন ছুঁয়ে যাবেই তা। মনিকার এই গোলটার প্রেক্ষাপটও ছিল দুর্দান্ত মুভ ও বোঝাপড়ায় সমৃদ্ধ। মাঝমাঠে রাইট ব্যাক আনাই মগিনির পায়ে যখন বল, তখন মাঝমাঠের একটু ওপরে হালকা জগিংয়ে ছিল মনিকা। ইশারা দিয়ে ডান প্রান্তে ঝটকা ‘কৌণিক দৌড়ে’ বড় ফাঁকা জায়গা তৈরি করে নিল মনিকা, আর আনাইয়ের পা থেকে ম্যাজিকের মতো বলও চলে গেল তার পায়ে। সেখান থেকে বাংলাদেশের তৃতীয় গোল। দুর্দান্ত মুভ ও বোঝাপড়ার ফসল।

এখনো কিশোরী বয়স। কিন্তু ফুটবল জ্ঞানে যথেষ্ট পরিপক্ব বাংলাদেশের মেয়েরা। দেখে মনেই হলো না আজই প্রথম আন্তর্জাতিক ম্যাচে বাংলাদেশের জার্সি পরে নেমেছে রিতু পর্না চাকমা। বাঁ পায়ের খেলোয়াড়। বাঁ প্রান্তে ইচ্ছেমতো ভারতীয় রাইট ব্যাককে নাচাল। কখনো স্ট্রাইকারের সঙ্গে ওয়ান টু ওয়ান খেলে ভেতরে ঢুকল অনায়াসে। আবার মিডল করিডরে প্রতিপক্ষ বেশি দেখে বল হোল্ড করে আচমকা ‘বিহাইন্ড দ্য ডিফেন্স’ খেলার চেষ্টা। গোল হয়তো হয়নি, কিন্তু প্রতিপক্ষকে তো হাঁসফাঁস করতে দেখা গেছে।

একটা দলের ভালো করার পেছনে অন্যতম একটি লক্ষণ হলো খেলোয়াড়দের বিভিন্ন জায়গায় খেলতে পারার যোগ্যতা। শামসুন্নাহার মূলত লেফট ব্যাক। অথচ কী দুর্দান্তই না খেলছে ফরোয়ার্ড লাইনে। তিনটি ম্যাচেই দুই উইংয়েই জায়গা বদল করে খেলল অনবরত। তার বাঁ পায়ের ডজে (ক্রুইফ টার্নে) ভারতীয় এক ডিফেন্ডার গড়াগড়ি খেল আজ। দর্শকদের আবার গ্যালারিতে টানার জন্য এই একটা ডজই যথেষ্ট।

গোলরক্ষক থেকে স্ট্রাইকার, পুরো দলটাই এক সুতোয় গাঁথা। একটু ভালো করে খেয়াল করলে দেখা যাবে, প্রতিটি আক্রমণের শুরুই হচ্ছে গোলরক্ষক মাহমুদার পা থেকে। আবার বাংলাদেশের ডিফেন্ডিংয়ের শুরুটা হচ্ছে ফরোয়ার্ড লাইন থেকেই।

যার ফল স্বরূপ পুরো টুর্নামেন্টের গ্রুপ পর্বের তিন ম্যাচে ১২ গোল দিয়েছে বাংলাদেশের মেয়েরা। হজম করেনি একটি গোলই। এই কিশোরীরা ফাইনালে আবারেও ভারতকে হারিয়ে অনূর্ধ্ব-১৫ সাফের শিরোপা জয় করবে, এই স্বপ্ন তো দেখাই যায়।