কিয়েলিনি, যেভাবে চিনি

অনেক ফুটবলারই ব্যাপারটা ঠিক বুঝে উঠতে পারেননি। যুক্তরাজ্য ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ) ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে এক সপ্তাহ আগে, সেটার সঙ্গে ফুটবলেরও একটা প্রচ্ছন্ন সম্পর্ক আছে। কিন্তু ফুটবলারদের সেসব নিয়ে মাথা ঘামানোর সময় কই? ইংল্যান্ডের হ্যারি কেন ও তাঁর সতীর্থরা হাঁটলেন নিরাপদ পথে। মন্তব্য করার জন্য তাঁরা আরও অপেক্ষা করবেন! স্প্যানিশ ফরোয়ার্ড নলিতোর ধারণা, ‘ব্রেক্সিট’ একটা নাচের নাম!
কিন্তু ইতালির জর্জো কিয়েলিনি অনেক রাজনীতিকের চেয়েও উত্তরটা দিলেন গুছিয়ে, ‘প্রথম ধাক্কার পর পরের প্রভাবটা কী হবে, সেটা নিয়েই আমি ভাবছি। আর এরপর থেকে অন্য সব দেশই যদি ইইউ থেকে বেরিয়ে যাওয়ার জন্য এ রকম গণভোটের আয়োজন করে, তাহলে কী হবে? এই ইউনিয়ন করতে কম ত্যাগ স্বীকার করতে হয়নি। কিন্তু এখন সবখানে একটা অসহিষ্ণুতার সুর। সে জন্য কোনো যৌক্তিক কারণ ছাড়াই পরিবর্তনের কথা বলা হচ্ছে। যুক্তরাজ্য থেকে খুব খারাপ একটা ইঙ্গিত পাওয়া গেল।’
কিয়েলিনির সঙ্গে মেলানো একটু কঠিন, তাই না? দুই বছর আগে লুইস সুয়ারেজ ইতালির এই ডিফেন্ডারকে কামড়ে দিয়েছিলেন। মাঠে তাঁর ভাবমূর্তিটা পোড় খাওয়া এক ডিফেন্ডারের, কিন্তু বাইরে অনেকটাই অন্তর্মুখী ও চুপচাপ। ইতালির রক্ষণের পুরোনো সৈনিক। বোনুচ্চি ও বারজাল্লির সঙ্গে রক্ষণে তাঁর গাঁটছড়া এখন ‘বিবিসি’ নামেই পরিচিতি পেয়ে গেছে। তিনজন শুধু ইতালির নয়, জুভেন্টাসেরও সতীর্থ। পাঁচ বছর ধরে খেলছেন একসঙ্গে, টানা পাঁচটি সিরি ‘আ’ও জিতিয়েছেন ক্লাবকে। এই ইউরোতে অবশ্য গোল ঠেকানোর পাশাপাশি গোল করার কাজটাও করছেন। ৩১ বছর বয়সী এই ডিফেন্ডারের গোলেই তো ইতালি বিদায়ঘণ্টা শোনাল স্পেনকে।
মাঠের কিয়েলিনি আবার অন্য রকম। গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে যেমন বলেছেন, ‘মাঠে আমি প্রতিপক্ষ শিকার করতে যাই। শারীরিকভাবে তো বটেই, ব্যক্তিগত লড়াইও আমি জিততে চাই।’ কিয়েলিনির সঙ্গে জুভেন্টাসে খেলেছেন ইব্রাহিমোভিচ। পেয়েছেন প্রতিপক্ষ হিসেবেও। ইব্রার কথার একটা মূল্য তো আছেই, ‘সে মাঠে কোনো জায়গা দেয় না। আপনাকে নিশ্বাসই ফেলতে দেবে না।’
মাঠের বাইরে কিয়েলিনি যেন জ্ঞানতাপস। অর্থনীতি ও ব্যবসায় প্রশাসনে ডিগ্রি আছে তাঁর। এমনকি ডাক্তারও হতে চেয়েছিলেন, কিন্তু খুব বেশি সময় দিতে পারবেন না বলে ওই পথে যাওয়া হয়নি।
অন্যের প্রতি একটু বেশি সহানুভূতিশীল, বিশ্বকাপের ওই কামড়-কাণ্ডের পরও তাই সুয়ারেজকে ক্ষমা করে দিয়েছেন। সুয়ারেজের চার মাসের নিষেধাজ্ঞা বেশি হয়ে গেছে, এমনও বলেছিলেন, ‘আমার মধ্যে আনন্দ, প্রতিশোধ বা রাগের কোনো অনুভূতি নেই।’
কিয়েলিনির এই ‘দ্বৈত’ চরিত্রের খুব ভালো একটা ব্যাখ্যা দিয়েছেন জুভেন্টাসে তাঁর একসময়ের সতীর্থ আলবিন একদাল, ‘আমার তখন ড্রাইভিং লাইসেন্স ছিল না, সে আমাকে নিজে অনুশীলনে নিয়ে আসত। কিন্তু মাঠে সে সব সময় রেফারিকে প্রভাবিত করার চেষ্টা করত। একেবারে খাঁটি ইতালিয়ানের মতোই!’
মাঠে কঠোর, বাইরে কোমল—কিয়েলিনির যেন দ্বৈত সত্তা! রয়টার্স।