কিয়েলিনির ইতালি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরশু ইউরো বাছাইয়ে তিনটি গোল করেও এমন উল্লাস দুবার করেছেন জর্জো কিয়েলিনি। ইতালি-আজারবাইজান ম্যাচে এই ডিফেন্ডার একটি গোল করেছেন নিজ দলের বিপক্ষেই। ইতালি জিতেছে ২-১ গোলে l এএফপি
পরশু ইউরো বাছাইয়ে তিনটি গোল করেও এমন উল্লাস দুবার করেছেন জর্জো কিয়েলিনি। ইতালি-আজারবাইজান ম্যাচে এই ডিফেন্ডার একটি গোল করেছেন নিজ দলের বিপক্ষেই। ইতালি জিতেছে ২-১ গোলে l এএফপি

নায়ক থেকে খলনায়ক, খলনায়ক থেকে আবার নায়ক। পরশু জর্জো কিয়েলিনি যেন জটিল কোনো পাণ্ডুলিপির চরিত্রে অভিনয় করলেন। তাঁর কাজ গোল বাঁচানো কিন্তু ইতালিয়ান ডিফেন্ডারকে পেয়ে বসল গোল করার নেশায়। পালের্মোতে ইতালি-আজারবাইজান ম্যাচের ৩টি গোলই করেছেন কিয়েলিনি। তবে হ্যাটট্রিক হয়নি, দ্বিতীয় গোলটা যে নিজেদের জালেই পাঠিয়েছেন ৩০ বছর বয়সী ইতালিয়ান! কিয়েলিনির ৩ গোলেই ম্যাচের ফল ২-১, ইতালির অনুকূলে।
পরশু হল্যান্ডের বিপক্ষে ৬২ মিনিট পর্যন্ত এগিয়ে থেকেও ফিফা র্যা ঙ্কিংয়ের ১২৭ নম্বরে থাকা কাজাখস্তান শেষ পর্যন্ত হেরে গেছে ৩-১ গোলে। এশিয়া থেকে ইউরোপিয়ান ফুটবলে অভিবাসী হওয়া কাজাখরা পেরে ওঠেনি ডাচ অভিজ্ঞতার কাছে। ক্লাস-ইয়ান হান্টেলার, ইব্রাহিম আফেলাই ও রবিন ফন পার্সির গোলেই টানা দ্বিতীয় হারের শঙ্কা উড়িয়ে দিয়েছে হল্যান্ড। অবশ্য ১৭ মিনিটে রিনাত আবদুলিনের গোলে এগিয়ে যাওয়া কাজাখস্তান লাল কার্ডের খাঁড়ায় ৬৪ মিনিটে পরিণত হয় ১০ জনের দলে।
গ্রুপ ‘এ’-তে নিজেদের প্রথম ম্যাচে হল্যান্ডকে হারানো চেক প্রজাতন্ত্র তুরস্ককে ২-১ গোলে হারিয়ে তুলে নিয়েছে টানা দ্বিতীয় জয়। ‘বি’ গ্রুপে অ্যান্ডোরাকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালের পর প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচ খেলা বেলজিয়াম। তবে জিততে পারেনি গ্যারেথ বেলের ওয়েলস। কার্ডিফে বসনিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করেছে ১৯৫৮ সালের পর আবারও বড় কোনো আসরের চূড়ান্ত পর্বে খেলার স্বপ্ন দেখা ওয়েলস।
আজারবাইজানকে হারিয়ে দ্বিতীয় জয় পেয়েছে ইতালি। বুলগেরিয়াকে ১-০ গোলে হারিয়ে ইতালির গ্রুপসঙ্গী (এইচ) ক্রোয়েশিয়াও পেয়েছে টানা দ্বিতীয় জয়। পালের্মোতে ৪৪ মিনিটে আন্দ্রেয়া পিরলোর কর্নার থেকে হেডে প্রথম গোলটি করেন কিয়েলিনি। ৭৬ মিনিটে আবারও কর্নার থেকে গোল কিয়েলিনির, এবার কাজাখস্তানের দিমিত্রই নাজারভের কর্নারটা তাঁর পায়ে লেগেই ঢুকে যায় নিজেদের জালে। ক্ষতিপূরণটা অবশ্য মিনিট ছয়েকের মধ্যেই করে ফেলেন, জুভেন্টাস-সতীর্থ সেবাস্তিয়ান জোভিঙ্কোর দারুণ ক্রসটা কিয়েলিনির মাথা ছুঁয়ে ঢুকে যায় কাজাখদের গোলে। ম্যাচের পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে হাঁফ ছেড়ে বাঁচার অনুভূতিই প্রকাশ পেল কিয়েলিনির কণ্ঠে, ‘ভাগ্য ভালো, সঠিক পোস্টে আমি একটি গোল বেশি করেছি! ম্যাচটা না জিতলে খুব খারাপ হতো।’ এএফপি, সনি সিক্স।
এক নজরে ফল
ইতালি ২ : ১ আজারবাইজান
হল্যান্ড ৩ : ১ কাজাখস্তান
বেলজিয়াম ৬ : ০ অ্যান্ডোরা
ওয়েলস ০ : ০ বসনিয়া
তুরস্ক ১ : ২ চেক প্রজাতন্ত্র
বুলগেরিয়া ০ : ১ ক্রোয়েশিয়া
লাটভিয়া ০ : ৩ আইসল্যান্ড
মাল্টা ০ : ৩ নরওয়ে
সাইপ্রাস ১ : ২ ইসরায়েল
* প্রথমে স্বাগতিক দল