কী আছে রাশিয়ার ভাগ্যে?
ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্টের অ্যাথলেটদের নিষিদ্ধ করা হয়েছে এরই মধ্যে। কিন্তু রিও অলিম্পিক থেকে শেষ পর্যন্ত নিষিদ্ধ হয়ে যেতে পারে পুরো রাশিয়া দলই। যদি তা-ই হয়, তবে সেটি হবে ডোপিংয়ের কারণে কোনো দেশের অলিম্পিকে নিষিদ্ধ হওয়ার প্রথম ঘটনা। তবে ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্টের ৬৮ জন রাশিয়ান অ্যাথলেট এরই মধ্যে নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করেছেন আন্তর্জাতিক ক্রীড়া আদালতে। রাশিয়াও আশাবাদী, অলিম্পিকে পুরো রুশ দলই থাকবে।
রুশ অ্যাথলেটদের ডোপিং কেলেঙ্কারি তদন্তের পর গত সোমবার প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক ডোপিংবিরোধী সংস্থার (ওয়াডা) নিরপেক্ষ প্রতিবেদন। রিচার্ড ম্যাকলারেনের সেই প্রতিবেদন নতুন করে নাড়িয়ে দিয়েছে পুরো ক্রীড়াবিশ্বকে। ম্যাকলারেনের প্রতিবেদনের পর করণীয় ঠিক করতে পরশু জরুরি সভাও করেছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) নির্বাহী বোর্ড। সেটার পরেই জানানো হয়েছে, রাশিয়াকে অলিম্পিক থেকে নিষিদ্ধ করার আইনি প্রক্রিয়া খতিয়ে দেখছে আইওসি।
রাশিয়ার চোখে পুরো ব্যাপারটাই অবশ্য একটা রাজনৈতিক চক্রান্ত। ম্যাকলারেনের প্রতিবেদন প্রকাশ হওয়ার আগেই আইওসি ও ওয়াডার কাছে লেখা আমেরিকান ও কানাডিয়ান ডোপিং এজেন্সির দুটো চিঠি ফাঁস হয়ে যায়। যে চিঠি দুটিতে রাশিয়ার পুরো দলকে অলিম্পিকে নিষিদ্ধ করার দাবি জানানো হয়েছে। ওয়াডার ফাউন্ডেশন বোর্ডের সদস্য নেনাড লালোভিচ স্বীকার করেছেন, ফাঁস হয়ে যাওয়া এ চিঠি দুটি ম্যাকলারেনের প্রতিবেদনকে কিছুটা হলেও দুর্বল করে দিয়েছে।
রাশিয়া তো খেপেছে আরও বেশি। স্বয়ং প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আমেরিকার দিকে ইঙ্গিত করে বলেছেন, ‘আজ আমরা দেখতে পাচ্ছি রাজনীতির ভয়ংকর থাবা আবারও খেলাধুলাকে গ্রাস করছে। একটা দেশের রাষ্ট্রীয় সংস্থা আবারও চাইছে পুরো ক্রীড়াবিশ্বকে শাসন করতে।’
রাশিয়া ম্যাকলারেনের প্রতিবেদনকে আরও একটি কারণে প্রশ্নবিদ্ধ মনে করছে। রিচার্ড ম্যাকলারেনের মূল সাক্ষী ছিলেন মস্কোর অ্যান্টিডোপিং পরীক্ষাগারের সাবেক প্রধান গ্রিগরি রদচেনকোভ। তদন্তে যিনি ডোপিংয়ের পুরো প্রক্রিয়া ধামাচাপা দেওয়ার সঙ্গে তাঁর জড়িত থাকার কথা স্বীকার করেছেন। কিন্তু সেই রদচেনকোভ এখন নিজেই আমেরিকায় পলাতক, রাশিয়াই তাঁকে খুঁজছে শাস্তি দিতে।
ম্যাকলারেনের প্রতিবেদন প্রকাশের পর গত মঙ্গলবার জরুরি সভা ডেকেছিল আইওসি। সেই সভার পরই জানানো হয়েছে, রিও অলিম্পিক থেকে রাশিয়ার পুরো দলকে নিষিদ্ধ করার কথা বিবেচনা করা হচ্ছে। এ ক্ষেত্রে পুরো দল নিষিদ্ধ করা হলে ব্যক্তিগতভাবে অ্যাথলেটরা কোনো অবিচারের শিকার হন কি না, সেটিই মূল বিবেচ্য বিষয়। ধারণা করা হচ্ছে, আন্তর্জাতিক ক্রীড়া আদালতে রাশিয়ান অ্যাথলেটরা যে আপিল করেছেন, সেটির রায় জেনেই এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে আইওসি। জেনেভায় পরশু হয়ে যাওয়া সেই আপিলের শুনানিতে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক অ্যাথলেটিকস ফেডারেশনের (আইএএএফ) সভাপতি সেবাস্তিয়ান কো। আপিলের রায় হয়ে যেতে পারে আজই।
তবে আইওসি জরুরি সভার পরই জানিয়ে দিয়েছে, সবকিছুর মীমাংসা হওয়ার আগ পর্যন্ত রাশিয়ায় তারা আর কোনো ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করবে না বা পৃষ্ঠপোষকতা করবে না। ২০১৯ সালে রাশিয়ায় প্রস্তাবিত ইউরোপিয়ান গেমসও তাই হচ্ছে না বলেই ধরে নেওয়া যায়। ২০১৪ সোচি শীতকালীন অলিম্পিকে সবচেয়ে বড় কেলেঙ্কারিটা হয়েছে বলে দাবি করা হয়েছে ম্যাকলারেনের প্রতিবেদনে। আইওসি তাই শীতকালীন খেলাগুলোর সব ফেডারেশনকে বলেছে, রাশিয়ায় যে আর কোনো বড় আন্তর্জাতিক প্রতিযোগিতা হবে না এমন প্রস্তুতি নিয়ে রাখতে। আর কোনো টুর্নামেন্টে রাশিয়া ওয়াডার নীতিমালা ভেঙেছে কি না সেটি খতিয়ে দেখতে সব আন্তর্জাতিক ক্রীড়া ফেডারেশনকেও সুপারিশ করা হয়েছে। এএফপি।
ডোপিংবিরোধী এই লড়াইয়ে সামগ্রিকভাবে যে সামর্থ্যের ঘাটতি, তা নিয়েও উদ্বিগ্ন আইওসির নির্বাহী বোর্ড। এ জন্য ওয়াডাকে ২০১৭ সালে একটি বিশেষ সম্মেলন ডাকারও প্রস্তাব দিয়েছে আইওসি।
সর্বশেষ
এদিকে রিও অলিম্পিকের জন্য ৩৮৭ জনের দল ঘোষণা করেছে রাশিয়া। নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করা ট্র্যাক অ্যান্ড ফিল্ডের ৬৮ জন অ্যাথলেটই আছেন সেখানে। পোলভোল্টের রানি ইয়েলেনা ইসিনবায়েভাও আছেন দলে।