কী করলে চ্যাম্পিয়ন হবে বার্সা, কী করলে রিয়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লা লিগার শেষ অঙ্ক যেন রোমাঞ্চকর কোনো চলচ্চিত্র! ছবি: রয়টার্স
লা লিগার শেষ অঙ্ক যেন রোমাঞ্চকর কোনো চলচ্চিত্র! ছবি: রয়টার্স

আধা ঘণ্টাতেই ২-০ গোলে এগিয়ে যাওয়া ম্যাচে ড্র নিয়ে কোনো দল মাঠ ছাড়ে কীভাবে? বার্সা সমর্থকেরা হয়তো নিজেদের ভুলগুলোই বড় করে দেখবে। কিন্তু বার্সা যতটাই না পয়েন্ট হারিয়েছে, তার চেয়েও বেশি সেভিয়া একটা পয়েন্ট অর্জন করে নিয়েছে। ২ গোলে পিছিয়ে থাকা ম্যাচটা কীভাবে ড্র হয়? ড্র হয় সেভিয়ার মরণপণ লড়াইয়ে। ড্র হয় সেভিয়ার যেকোনো মূল্যে চ্যাম্পিয়নস লিগ খেলতে চাওয়ার তীব্রতম আকাঙ্ক্ষায়। ড্র হয় সেভিয়া কোচ উনাই এমেরির দুর্দান্ত চালে। তাঁর ‘সুপার সাব’ কেভিন গামেইরোই তো ৮৪ মিনিটের নাটকীয় গোলে ছিনতাই করলেন বার্সার হিরের চেয়েও দামি দুই-দুইটা পয়েন্ট!
এই ড্রয়ে সেভিয়া সমর্থকদের বাঁধনহারা উল্লাসের সঙ্গে যেন মিশে গিয়েছিল রিয়াল সমর্থকদের আনন্দ। তবে রিয়ালকে এটাও মাথায় রাখতে হচ্ছে, এই লড়াকু সেভিয়ার মাঠে এসেই খেলতে হবে তাদের। যে মাঠে তারা ৩২ ম্যাচ ধরে অপরাজিত!
স্প্যানিশ লিগটা শেষ অঙ্কে এসে দারুণভাবে জমে গেল। এ ড্রয়ের পরও টেবিলের শীর্ষ বার্সা। কিন্তু রিয়ালের সঙ্গে ব্যবধান মাত্র দুই পয়েন্টের। এক ম্যাচে বার্সার পা হড়ানোই আবার বদলে দিতে পারে দৃশ্যপট।
খুব স্বাভাবিকভাবেই দুই দলের সমর্থকেরাই হিসেব কষতে শুরু করে দিয়েছেন সামনের ম্যাচগুলো নিয়ে। সামনে আর সাত ম্যাচ বাকি। এর মধ্যে বার্সাকে যেমন কয়েকটি ম্যাচে কঠিন পরীক্ষা দিতে হবে, রিয়ালের জন্যও অপেক্ষা করছে কঠিন পরীক্ষা। বার্সার পরের ম্যাচটাই কঠিন। পয়েন্ট টেবিলের চারে থাকা ভ্যালেন্সিয়ার সঙ্গে। আর ৩৭তম ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে খেলতে হবে ভিসেন্তে ক্যালদেরনে।
সেভিয়ার মতো ভ্যালেন্সিয়াও চ্যাম্পিয়নস লিগে জায়গা পেতে উন্মুখ। ফলে মরিয়া লড়াই করবে ভ্যালেন্সিয়া। বার্সার জন্য দুটো আশার কথা আছে। ভ্যালেন্সিয়া লিগে গত দুই ম্যাচেই ড্র করেছে, গত পাঁচ ম্যাচের তিনটিতে জয় পায়নি। তারা ঠিক ছন্দে নেই। বার্সা খেলবেও নিজেদের মাঠে। আবার নিজেদের মাঠে খেলাটাও বার্সার জন্য ‘বরে’ ‘শাপ’ হতে পারে। লিগে যে তিনটা ম্যাচ হেরেছে বার্সা, এর দুটোই নিজেদের মাঠে! বার্সার তিন পরাজয়ের একটি রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে। বার্সাকে মাঝেমধ্যেই ভড়কে দেওয়া এই দলের বিপক্ষেও একটি ম্যাচ আছে মেসিদের। তবে বার্সার সবচেয়ে কঠিন পরীক্ষা অপেক্ষা করছে লিগের শেষ ম্যাচের আগের ম্যাচটিতে। ভিসেন্তে ক্যালদেরনে গিয়ে খেলতে হবে অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে!
বার্সার মতো অনেকটাই একই রকম পরীক্ষা অপেক্ষা করছে রিয়ালের জন্য। সেই দুটো নামই—সেভিয়া আর ভ্যালেন্সিয়া। দুই দলেরই পয়েন্ট ৬২, তিনে থাকা অ্যাটলেটিকোর সঙ্গে চার পয়েন্টের ব্যবধান। দুই দলই ৩ নম্বর জায়গাটি চায়, নিদেনপক্ষে চারে থেকে চ্যাম্পিয়নস লিগের বাছাই পর্বের টিকিট। এই দুই দলের বিপক্ষেই পর পর দুটো ম্যাচ আছে রিয়ালের।
আরও একবার সামান্য কয়েকটা পয়েন্ট লিগের শিরোপা নির্ধারক হতে চলেছে। এমনও হতে পারে দুই দলেরই পয়েন্ট সমান! তাতে সুবিধা হবে রিয়ালের, লা লিগায় পয়েন্ট সমান হলে গোল ব্যবধানের আগে দেখা হয় দুই দলের মুখোমুখি লড়াইয়ের হিসাব। এল ক্লাসিকোর প্রথম পর্বে বার্সা হেরেছিল ৩-১ ব্যবধানে, দ্বিতীয় পর্বে জিতেছিল ২-১ গোলে। পয়েন্ট সমান হলে বার্সার কপাল পুড়বে। সর্বশেষ এমনটা হয়েছিল ২০০৬-০৭ মৌসুমে। সেবার ৩৮ ম্যাচ শেষে দুই দলের পয়েন্ট ছিল ৭৬। তবে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থাকায় লিগ চ্যাম্পিয়ন হয়েছিল রিয়ালই।