কী দারুণ সুযোগ হাতছাড়া করল লিভারপুল!

সালাহর গোলে একটা পয়েন্ট নিয়ে ফিরেছে লিভারপুল।ছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিগের পয়েন্ট তালিকায় সবার ওপরে ওঠার সুযোগটা এভাবে হাতছাড়া করল লিভারপুল!
শিরোপাদৌড়ে সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বীদের সবাই এই সপ্তাহে পয়েন্ট হারিয়েছে। কাল রাতে ম্যানচেস্টার ডার্বিতে গোলশূন্য ড্র-তে সন্তুষ্ট থেকেছে ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটি। ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের চেলসি সব টুর্নামেন্ট মিলিয়ে ১৭ ম্যাচ পর হেরে গেছে এভারটনের কাছে ১-০ গোলে। আজ দিনের আগের এক ম্যাচ জোসে মরিনিওর টটেনহামও পয়েন্ট হারিয়েছে ক্রিস্টাল প্যালেসের মাঠে, ড্র করেছে ১-১ গোলে।

লিভারপুলের জন্য সুযোগটা তাই বড় হয়েই দেখা দিয়েছিল। পুঁচকে ফুলহামের মাঠে জিতলেই টটেনহামের চেয়ে ২ পয়েন্ট এগিয়ে লিগশীর্ষে চলে যেত ইয়ুর্গেন ক্লপের দল। কিন্তু জয় তো দূরে থাক, ফুলহামের মাঠ থেকে যে শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র করে ফিরেছে লিভারপুল, তাতেই হাঁফ ছেড়ে বাঁচবেন দলটার সমর্থকেরা।

লিগে আগের ১১ ম্যাচে মাত্র ১ পয়েন্ট পাওয়া ফুলহাম আজ অনেক দিন বাদে নিজেদের সমর্থকদের পেয়েছে মাঠে। লন্ডন, লিভারপুলসহ ইংল্যান্ডের বেশ কয়েকটি অঞ্চলে মাঠে খুব অল্প সংখ্যায় দর্শক ঢোকার অনুমতি দেওয়া হয়েছে। আপাতত দুই হাজার দর্শক করোনা–সংক্রান্ত অনেক স্বাস্থ্যবিধি মেনে চলার শর্তে ঢুকতে পারছেন মাঠে।

লন্ডনের ক্লাব ফুলহামের মাঠ ক্র্যাভেন কটেজেও তাই আজ মার্চের পর প্রথমবারের মতো ঢুকলেন দর্শক। ঢুকে যা দেখেছেন, তাতে মুগ্ধ হওয়ার কথা তাঁদের।

ক্লপ-সালাহদের হতাশই হতে হয়েছে।
ছবি: রয়টার্স

দল কোনোমতেই পয়েন্ট পাচ্ছে না, দেয়ালে পিঠ ঠেকে গেছে...সে কারণেই কি না, ফুলহাম কোচ ও দলটার সাবেক মিডফিল্ডার স্কট পার্কার দল সাজিয়েছেন ৩-৪-২-১ ছকে। লিভারপুল ৪-৩-৩ ছকে খেললেও তাদের আক্রমণের মূল উৎস যে তাদের দুই উইংব্যাক, তা তো গত দুই মৌসুমে প্রায় সবারই জানা। ফুলহাম এই ছক দিয়ে লিভারপুলের দুই উইংব্যাককে উল্টো ব্যতিব্যস্ত রেখেছে। শুরু থেকেই দারুণভাবে প্রেসিং করেছে দলটা। তাতে প্রথমার্ধে লিভারপুলকেই মনে হচ্ছিল দিশেহারা।

ম্যাচ শুরুর আগে টটেনহামের ম্যাচ যদি সুখবর হয়ে থাকে, লিভারপুল–ভক্তদের একটা দুঃসংবাদও দিলেন কোচ ইয়ুর্গেন ক্লপ। এই মৌসুমে ক্লাবে এসেই দারুণ ছন্দে খেলতে থাকা দিয়োগো জোতা হাঁটুর চোটে অন্তত মাস দুয়েকের জন্য মাঠের বাইরে চলে গেছেন। চ্যাম্পিয়নস লিগে বুধবার মিতিউলানের মাঠে চোট পাওয়া জোতা গতকাল দলের অনুশীলনে ছিলেন না, এরপরই তাঁর চোটের গুঞ্জন চাউর হয়। সেটিই নিশ্চিত করলেন ক্লপ।

জোতা না থাকলেও, সালাহ-মানে-ফিরমিনোকে নিয়ে পূর্ণশক্তির আক্রমণ নিয়েই নেমেছে লিভারপুল। মাঝমাঠে অধিনায়ক জর্ডান হেন্ডারসনের সঙ্গে জর্জিনিও ভাইনালডাম ও তরুণ কার্টিস জোনস। আর রক্ষণের কেন্দ্রে ভার্জিল ফন ডাইক, জো গোমেজের চোটের কারণে আবারও সেই জোয়েল মাতিপ-ফাবিনিওর জুটি। আর দুই পাশে রাইটব্যাক ট্রেন্ট আলেক্সান্ডার আরনল্ড ও অ্যান্ডি রবার্টসন। আর গোলপোস্টে আলিসন।

কিন্তু প্রথমার্ধটা লিভারপুল যা খেলেছে, তা মৌসুমে এখন পর্যন্ত তাদের সবচেয়ে বাজে ৪৫ মিনিটই বলা যায়। ফুলহাম স্ট্রাইকার ইভান কাভালেইরো দুবার আলিসনের পরীক্ষা নেন। এরপর ২৫ মিনিটে ববি রিডের দারুণ শটে এগিয়ে যায় ফুলহাম। সেটা প্রাপ্যই ছিল তাদের!

বিরতিতে লিভারপুলের আরেক দুঃসংবাদ, পিঠে হালকা সমস্যা বোধ করা ডিফেন্ডার জোয়েল মাতিপকে সরিয়ে নিতে হয়। তাঁর জায়গায় মাঝমাঠে তাকুমি মিনামিনোকে এনে হেন্ডারসনকে রক্ষণে নিয়ে আসেন ক্লপ। তারপরও দ্বিতীয়ার্ধে পাল্টা আক্রমণের কৌশলে খেলা ফুলহামের রক্ষণ ভাঙতে পারছিল না লিভারপুল। অবশেষে ৭৯ মিনিটে গোল পায় ভাগ্যের সহায়তাই। ভাইনালডামের নিরীহদর্শন ফ্রি-কিক বক্সে ফুলহামের এক ডিফেন্ডারের গায়ে লাগে। পেনাল্টি! তাতে গোল মোহামেদ সালাহর।

এরপর কার্টিস জোনস মিডফিল্ড থেকে দারুণ দৌড়ে ফুলহাম বক্সে ঢুকে গোলের আশা জাগিয়েছিলেন বটে, কিন্তু তাঁর শট যায় সোজা ফুলহাম গোলকিপার আরেওলার গায়ে।

এই ড্রয়ে ১২ ম্যাচে ২৫ পয়েন্ট লিভারপুলের। সমান ২৫ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে শীর্ষে টটেনহাম।