কী নাটক, কী রোমাঞ্চ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিতর্ক? কমতি ছিল না কখনোই। বারুদ? সে-ও অফুরান। পরতে পরতে রোমাঞ্চ? তার সাক্ষী হয়ে আছে প্রজন্মের পর প্রজন্ম। ১১৫ বছরের ইতিহাসে এল ক্লাসিকো স্মরণীয় অনেক ম্যাচই উপহার দিয়েছে। শতাব্দীপ্রাচীন ইতিহাস খুঁড়লে অনেক রত্ন মিলবে, কিছু জঞ্জালও। কিন্তু যদি বলা হয় নিজের নামকে শতভাগ সার্থক করে এল ক্লাসিকো ‘দ্য ক্লাসিক’ হয়ে উঠতে পেরেছে কতবার? ইতিহাসের সেরা ধ্রুপদি লড়াইয়ের মধ্যে থাকবে কোন ম্যাচগুলো? বিতর্ক তো হবেই।
পরশুর ম্যাচটি যে সর্বকালের সেরা এল ক্লাসিকোর একটি, এ নিয়ে কোনো দ্বিধা নেই। নিকট অতীতেও কোটি কোটি দর্শকের স্নায়ুর পরীক্ষা নেওয়া এল ক্লাসিকো কম হয়নি। কিন্তু দুই দলই সমানে সমান খেলে আক্রমণের পর আক্রমণ করেছে; সমান পাল্লা দিয়ে দুই দলের গোলরক্ষক হয়ে উঠেছেন অতিমানবীয় প্রাচীর; গোল-পাল্টা গোল, আর প্রতিটি গোলে লিগের সম্ভাব্য ভবিষ্যৎ ১৮০ ডিগ্রি বাঁক নিয়ে বদলে যাওয়া—পরশুর প্রতিটি মিনিটই যেন হয়ে থাকল ম্যাচের একেকটি হাইলাইট।
এমন এল ক্লাসিকোর দেখা মিলল বহুদিন পর। বিশ্লেষকেরা বলেছেন, অন্তত তাঁদের দেখা সর্বকালের সেরা এল ক্লাসিকো পরশু বার্সার ৩-২ গোলের জয়ের ম্যাচটিই।
দুই দল মিলে ৩৮টি শট নিয়েছে, এর ২৩টিই গোলমুখে! দুই গোলরক্ষকের চরম পরীক্ষার রাত। আর তাতেই তাঁরা যেন হয়ে উঠলেন আরও বেশি উজ্জীবিত। দুই গোলরক্ষক মিলে সেভ করেছেন ১৮টি। কেইলর নাভাস ৬টি, টের স্টেগেন এর দ্বিগুণ—১২টি। বার্সা গোলরক্ষকের কয়েকটি সেভ অবশ্য ছিল সাধারণ বা নিয়মিত। এর মধ্যে ৬টি সেভ ছিল প্রায় অবিশ্বাস্য। নাভাসের ৫টি সেভও তা-ই। বরং কয়েকটি সেভের দিক দিয়ে নাভাস বেশি নম্বর পাবেন টের স্টেগেনের চেয়ে।
দুই দল মিলে ৩৮টি গোলের সম্ভাবনা তৈরি করেছে। প্রায় প্রতি সোয়া ২ মিনিটে একটি করে গোল সম্ভাবনার রোমাঞ্চ শিহরিত করেছে দর্শকদের। এর মধ্যে গোল-পাল্টা গোল। অপ্রত্যাশিত নায়ক হিসেবে আবির্ভূত হয়ে ২৮ মিনিটে কাসেমিরো এগিয়ে দিলেন তো মেসি ড্রিবলের জাদুতে আচ্ছন্ন করে ৫ মিনিটের মধ্যে সমতা ফেরালেন।
৭৩ মিনিটে রাকিটিচের গোল আর এর তিন মিনিটের মধ্যে রামোসের লাল কার্ড রিয়ালের জন্য ম্যাচ শেষ করে দিয়েছে বলে যখন ভাবা হচ্ছিল, বদলি নেমে ৪ মিনিটেই হামেস রদ্রিগেজের সমতা। ২-২ ড্রটাই সবাই মেনে নিতে যখন তৈরি, ম্যাচের শেষ শটে মেসির গোল; সেটিও বার্সার দ্রুততম পাল্টা আক্রমণ থেকে। ম্যাচে ৫টি গোল। প্রতিটিতেই লিগের সমীকরণ বদলেছে। একবার রিয়াল লা লিগার লড়াই ‘শেষ’ করে দিয়েছে তো আবার আশা জাগিয়ে তুলেছে বার্সা।
এই নাটকের মধ্যে বাড়তি ছিল উত্তেজনা আর বিতর্ক। শুরুটা ম্যাচের দ্বিতীয় মিনিটে রোনালদোর পেনাল্টি দাবি থেকে। রিয়ালের প্রথম গোলে রামোস অফসাইড ছিলেন কি না, প্রথমার্ধেই কাসেমিরোর লাল কার্ড দেখা উচিত ছিল কি না, মেসিকে ইচ্ছা করেই কনুই মেরে রক্তাক্ত করেছেন কি না মার্সেলো...যেন পৃথিবীর সেরা মাস্টার শেফের সেরা রান্নার মাঝখানে বাড়তি ডিশ হিসেবে হাজির হচ্ছিল। রামোস লাল কার্ড দেখার পর ‘চেনা শত্রু’ পিকের সঙ্গে তো একচোট হয়েই গেল। এগুলোর সবই ছিল ম্যাচটিকে আরও বেশি উপভোগ্য করে তোলার উপাদান।
খামতি? তা আছে। রোনালদো যদি সমানে সমান জবাব দিতে পারতেন মেসিকে! খামতি? দুই কোচ হয়তো ট্যাকটিকসের দিক দিয়ে আরও নিখুঁত হতে পারতেন। দুজনেরই দল নির্বাচন ছিল ভুল। সেটি প্রমাণ করে দিয়েছেন মার্কো এসেনসিও ও আন্দ্রে গোমেজ। অবশ্য এই দুই বদলি নাটকের আরও দুটি অধ্যায় বাড়িয়েছে—এও তো সত্যি।
এর মধ্যে অনেক এল ক্লাসিকোই হয়েছে, যেখানে দুই দলের খেলোয়াড়েরা নিজেদের সেরাটা উজাড় করে দিয়েছেন। চোখ-ধাঁধানো ফুটবলের পসরাও কম মেলে ধরেনি। কিন্তু সব ছাপিয়ে গেল কালকের ম্যাচ। খেলার ধরনে, ফলাফলে। যে ম্যাচের ঘোর ও রেশ কাটেনি হয়তো এখনো। সেই রেশের মধ্যেই সর্বকালের সেরা এল ক্লাসিকো এটাই কি না, সেই বিতর্ক চলুক!