কী নৈমিত্তিক রামোস-মিরাকল!

জার্মানিকে নিয়ে গ্যারি লিনেকারের কথাটা মনে আছে? ‘ফুটবল একটা সহজ খেলা। ২২ জন মানুষ ৯০ মিনিট ধরে বলের পেছনে দৌড়ায়, আর সবশেষে জেতে জার্মানি।’
সার্জিও রামোসকে নিয়েও এমন কিছু লেখার সময় সম্ভবত চলে এসেছে। সেটা এমন হতে পারে, ‘ফুটবল ৯০ মিনিটের খেলা, ৯০ মিনিটের পর যোগ করা সময়ে রামোস গোল করেন।’ অবিশ্বাস্য ব্যাপারটাই যে দিনে দিনে এমনই সহজ, স্বাভাবিক বানিয়ে ফেলছেন রিয়াল মাদ্রিদ অধিনায়ক! গত সপ্তাহেই ৯০ মিনিটে গোল করে এল ক্লাসিকোতে ড্র এনে দিয়েছেন রিয়াল মাদ্রিদকে। এক সপ্তাহও যায়নি, পরশু আবার ‘দেজা ভ্যু’! এবার ৯৩ মিনিটে গোল করলেন হেডে, ঘরের মাঠে দেপোর্তিভো লা করুনিয়ার বিপক্ষে। রামোসের এই গোল রিয়ালকে এবার জিতিয়ে দিল ৩-২ গোলে।
এতে টানা অপরাজিত থাকার রেকর্ডটা রিয়াল টেনে নিয়ে গেল ৩৫ ম্যাচ পর্যন্ত। এর আগে ১৯৮৯-৯০ মৌসুমে ডাচ কোচ লিও বেনহ্যাকারের রিয়াল অপরাজিত ছিল টানা ৩৪ ম্যাচ।
পরশু নিজেদের ম্যাচে জিতে ব্যবধানটা ৩ পয়েন্টে নামিয়ে এনেছিল বার্সেলোনা। সেটিকে আবার ৬ পয়েন্টে তুলে নেওয়ার চ্যালেঞ্জ ছিল রিয়ালের। কিন্তু সেই চ্যালেঞ্জে কোচ জিনেদিন জিদান নামিয়ে দেন ভাঙাচোরা এক দল! তিন দিন পর ক্লাব বিশ্বকাপের ম্যাচ আছে জাপানে, জিদান তাই বিশ্রাম দিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো ও করিম বেনজেমাকে। ছিলেন না রিয়ালের মাঝমাঠের ইঞ্জিন লুকা মডরিচও।
এই রিয়ালই এগিয়ে যায় ৫০ মিনিটে, বক্সের বাইরে থেকে মোরাতার দুর্দান্ত বাঁকানো শটে। তবে সেটি যেন তাতিয়ে দেয় রিয়ালের একাডেমিতে একসময় মোরাতার সঙ্গী হোসেলুকে। ৬৩ ও ৬৫ মিনিটে পরপর দুই গোল করে দেপোর্তিভো স্ট্রাইকার স্তব্ধ করে দেন বার্নাব্যুকে। স্বস্তি ফেরে ৮৮ মিনিটে। ভাসকেজের ক্রস থেকে হেড করে সমতা ফেরান দিয়াজ, লিগে যেটি তাঁর প্রথম গোল।
এতে ড্র নিশ্চিত হয়ে যায়। সঙ্গে রিয়ালের অপরাজিত থাকার রেকর্ডটাও। কিন্তু একজন সন্তুষ্ট হতে পারলেন না—‘মিরাকলম্যান’ রামোস! গল্পটা পরিচিত—কর্নার থেকে বক্সে ক্রস, রামোসের হেড! স্প্যানিশ দৈনিক মার্কার শিরোনামটাই সম্ভবত ছিল যথার্থ, ‘রামোসের গোল ছাড়া এমন ম্যাচ শেষ হতে পারে না!’
দলের অধিনায়ক তিনি, নিজের গোলের চেয়েও রামোস বেশি খুশি তাই দলের জয়ে, ‘শেষ পর্যন্ত লড়ে গেলে ফল আপনার পক্ষে আসবেই। গোল করতে পেরেছি বলে আমি খুশি। তবে এর চেয়েও গুরুত্বপূর্ণ, সবাই মিলে নিজেদের লক্ষ্যটা পূরণ করে যাচ্ছি।’ আর জিদান? রিয়ালের কোচ প্রশংসায় ভাসালেন রামোসকে, ‘ওকে আটকানোর চেষ্টা করতে পারেন, কিন্তু ব্যাপারটা মোটেও সহজ নয়।’
পয়েন্ট তালিকার এখন যা পরিস্থিতি, তাতে রিয়ালের শিরোপা জয় ঠেকানোও কঠিন হবে বার্সা-অ্যাটলেটিকোর জন্য। তা যদি হয়ই, পেছন ফিরে রিয়াল সমর্থকেরা বড় ধন্যবাদটা দেবেন রামোসকেই। রয়টার্স।