কী বলছেন পেলে!
এই তো মাস সাতেক আগের কথা। নেইমারকে তখন ‘পূর্ণাঙ্গ’ একজন খেলোয়াড়েরই স্বীকৃতি দিয়েছিলেন পেলে। কিন্তু সেই পেলেই এখন বলছেন রক্ষণে নেইমার অবদান রাখতে পারেন না।
ভাসকনসেলসের নাম শুনেছেন? সান্তোসের এই সাবেক খেলোয়াড়েরই জায়গা নিয়েছিলেন পেলে। ব্রাজিলের হয়ে সে রকম কিছু করতে পারেননি, সান্তোসের হয়ে কী করেছেন সেটিরও কোনো উল্লেখ রেকর্ড বইয়ে নেই। নেইমার অবশ্য ২৩ বছর বয়সেই ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতাদের সেরা পাঁচে ঢুকে গেছেন। এর মধ্যেই তাঁর ৪৬ গোল, ক্যারিয়ার শেষ করার আগেই পেলের ৭৭ গোলের রেকর্ড ছাড়িয়ে গেলে সেটা বিস্ময়ের কিছু হবে না। অথচ পেলের চোখে ভাসকনসেলস এখন নেইমারের চেয়ে দশ গুণ ভালো খেলোয়াড়!
কিছুদিন আগেই পেলে বলেছিলেন, সম্পূর্ণ ফুটবলার হয়ে ওঠার সবকিছুই নেইমারের মধ্যে আছে। অথচ নিজের ৭৫তম জন্মদিনে ব্রাজিল কিংবদন্তি ব্রাজিলিয়ান সাময়িকী প্লাসারকে বললেন, ‘নেইমার একজন ফরোয়ার্ড, সে সামনে খেলে। এটা নির্দিষ্ট একটা ভূমিকা। সে নিচে নেমে দলকে সাহায্য করে না, খেলাটা গোছাতে তার অবদান নেই।’ পেলে অবশ্য স্বীকার করেছেন, এখনকার ব্রাজিলিয়ানদের মধ্যে নেইমারই উজ্জ্বলতম নাম।
লিওনেল মেসিকে এই সময়ের সেরা হিসেবে পেলে আগেই স্বীকৃতি দিয়েছেন। আবারও সেই কথাই বললেন, তবে এর মধ্যে মিশিয়ে দিলেন একটু সমালোচনাও, ‘আমি সব সময়ই বলেছি গত ১০ বছরে মেসি সবার চেয়ে এগিয়ে। কিন্তু দেখুন, ওর হেডিং অতটা ভালো নয়। সে দুই পায়েই সমান দক্ষ নয়, বাঁ পা’টাই বেশি চলে। কিন্তু এ মুহূর্তে সে-ই সেরা।’ দুই সময়ের দুই রোনালদোকে নিয়েও কথা বলেছেন। ক্রিস্টিয়ানো রোনালদোকে একসময় এগিয়ে রাখলেও সবকিছু বিবেচনায় ব্রাজিলিয়ান রোনালদোর পক্ষেই নিজের রায়টা দিচ্ছেন পেলে। নিজের সর্বকালের সেরার তালিকায় আলাদা করে উল্লেখ করেছেন গারিঞ্চা, ফ্যালকাও, জিকো, রিভেলিনো, রোমারিও, জর্জ বেস্ট, ইয়োহান ক্রুইফ, ববি মুর, ববি চার্লটন ও ফ্রাঞ্জ বেকেনবাওয়ারের কথা। ডিয়েগো ম্যারাডোনা অবশ্য এই তালিকায় ঠাঁই পাননি! ইএসপিএন।