কী বলেছিলেন দুঙ্গা?

ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচে দৃশ্যটা হয়তো অনেকেরই চোখে পড়েছে। আর্জেন্টাইন ডাগ-আউটের দিকে বারবার নাকে আঙুল চেপে কী যেন বলছিলেন দুঙ্গা। ভাবভঙ্গিতেই ধরা পড়ছিল ব্রাজিল কোচের উত্তেজনা। কিন্তু কী বলছিলেন তিনি? প্রচারমাধ্যমে তোলপাড়, ডিয়েগো ম্যারাডোনার কোকেনাসক্তির দিকেই ইঙ্গিত করেছিলেন দুঙ্গা। কিন্তু আসলেই কি তাই?
শেষ পর্যন্ত কাল ব্যাপারটা নিয়ে মুখ খুলেছেন দুঙ্গা। তাঁর দাবি, পুরো ব্যাপারটাই প্রচারমাধ্যমের উর্বর মস্তিষ্কপ্রসূত, ‘আমি কখনোই বলিনি খেলোয়াড়েরা মাদক নেয়। এ ধরনের কথা প্রচারমাধ্যমই ছড়িয়েছে।’ কদিন থেকেই বেইজিংয়ে পরিবেশদূষণ ছড়িয়ে পড়েছে। দুঙ্গার কথা, ‘হয়তো চীনের পরিবেশদূষণের কারণেই খেলোয়াড়দের সব সময় নাক বন্ধ করে রাখতে হয়েছিল।’ তা না হয় হলো, কিন্তু দুঙ্গা নাক চেপে কী বলছিলেন সেটা তো এড়িয়েই গেলেন।
আসলে কী বলেছিলেন, সেটা হয়তো কখনোই জানা যাবে না। তবে ডাগ-আউটে উত্তেজিত আচরণের জন্য ব্রাজিল কোচের আত্মপক্ষ সমর্থন, ‘ব্রাজিল যদি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা দল চায় তাহলে আমাদের নতুন কৌশলের দিকে যেতে হবে। নয়তো খেলোয়াড়েরা ঝিমিয়ে পড়বে। আমার মনে হয় না ব্রাজিলিয়ানরা দলের কাছ থেকে এটা আশা করে।’
আজ অবশ্য জাপানের সঙ্গে প্রীতি ম্যাচটি ব্রাজিল খেলছে সিঙ্গাপুরে। তবে শুরুর আগেই বিতর্ক শুরু হয়ে গেছে সেটিকে নিয়ে। খেলা নয়, বিষয়টা মাঠ-সংশ্লিষ্ট। ৫৫ হাজার দর্শক ধারণক্ষমতার মাঠে ঘাসের চেয়ে বালুই বেশি। নেইমার নাকি দাবি করেছেন এমন বাজে মাঠে এর আগে কখনো খেলেননি। মাঠ নিয়ে দুঙ্গারও একটু শঙ্কা আছে, ‘মাঠে প্রচুর বালু। চোটের সম্ভাবনাও অনেক বেশি। এই ঝুঁকি নিয়েই আমাদের খেলতে হবে। কেউ না কেউ চোটে পড়তেই পারে। আমি শুধু আশা করছি বালুর জন্য মাঠে কোনো গর্ত হবে না।’ এএফপি।