কী ভুল করেছিলেন রিয়াল কোচ?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত মৌসুম দুর্দান্ত কাটানো আনচেলত্তির বিদায় ঘণ্টা বাজল গতকাল। ছবি: রয়টার্স
গত মৌসুম দুর্দান্ত কাটানো আনচেলত্তির বিদায় ঘণ্টা বাজল গতকাল। ছবি: রয়টার্স

কদিন ধরেই গুজব ভাসছিল বাতাসে, বরখাস্ত হতে পারেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। তবে খেলোয়াড়-সমর্থকেরা চেয়েছিলেন তিনি থেকে যান। শেষ পর্যন্ত বরখাস্তই হলেন। গতকাল স্থানীয় সময় সন্ধ্যা সাতটায় আনচেলত্তির সঙ্গে এক বৈঠক শেষে রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেন বার্নাব্যুতে আর থাকছেন না আনচেলত্তি।

চুক্তির মেয়াদ এক বছর বাকি থাকতেই কেন সরিয়ে দেওয়া হলো আনচেলত্তিকে? সাফল্যের খাতাটা নেহাত মন্দ নয় এ ইতালিয়ানের। ২০১৩ সালের জুনে রিয়ালে যোগ দেওয়ার পর পেরেজ আনচেলত্তিকে বলেছিলেন, ‘কেবল ‘‘লা ডেসিমা’’ এনে দেন’। প্রায় এক যুগের অবসান ঘটিয়ে রিয়ালের বহু আরাধ্য লা ডেসিমা এনে দিয়েছিলেন আনচেলত্তি। গত বছর ২৪ মে লিসবনে চ্যাম্পিয়নস লিগে জয়ের উচ্ছ্বাসে যখন ভাসছিলেন, তখনো কি ভেবেছিলেন ঠিক এক বছর পর বেদনাহত মনে ছাড়তে হবে রিয়াল? নিয়তির কী খেলা, হলোও তা-ই!
খেলোয়াড় ও কোচের ভূমিকায় চ্যাম্পিয়নস লিগ জিতেছেন—ফুটবল ইতিহাসে মাত্র ছয়জন আছেন এ তালিকায়; আনচেলত্তি তাঁর একজন। কোচ হিসেবে চ্যাম্পিয়নস লিগ জিতেছেন দুটি ভিন্ন ভিন্ন ক্লাবের হয়ে (এসি মিলান ও রিয়াল)। বছর দুয়েক আগে যোগ দিয়ে রিয়ালের হয়ে জিতেছেন কোপা ডেল রে, উয়েফা সুপার কাপ ও ফিফা ক্লাব বিশ্বকাপ। শূন্যতা ছিল কেবল এক জায়গায়—স্প্যানিশ লিগটাই জিততে পারেননি। এ মৌসুমেও শুরুটা হয়েছিল দুরন্ত গতিতে। তাঁর অধীনে টানা ২২ ম্যাচে জিতে রেকর্ডই গড়েছিল রিয়াল। তবুও আনচেলত্তির কেন করুণ বিদায়?
প্রশ্নটা গতকালই পেরেজকে করেছিলেন সাংবাদিকেরা। জবাবে রিয়াল সভাপতি সরাসরি কিছু বলতে চাননি, ‘আমি বিস্তারিত কিছু বলতে চাচ্ছি না। কারণ, বলার জন্য এটা উপযুক্ত সময় নয়। চাহিদার বিচারে দুই বছর পর রিয়াল নতুন কাউকে দেখতেই পারে।’ তবে এও জানিয়েছেন ভালোভাবে বিচার-বিশ্লেষণ করেই নেওয়া হয়েছে এ সিদ্ধান্ত, ‘আমরা সব কিছুই বিশ্লেষণ করেছি। এটা (সভাপতি পদ) কোনো সহজ চাকরি নয়। তবে সবাই যদি একমত হয় পরিবর্তন দরকার, তবে সেটা করা আমাদের দায়িত্ব।’ আনচেলত্তিকে কোনো রকম দায়ী না করে পেরেজের মন্তব্য, ‘কারও দোষ নেই। সময় পরিক্রমায় কোচের চাকরিটা সব সময়ই নড়বড়ে হতে বাধ্য।’
রিয়াল কর্তৃপক্ষ নাকি মনে করছে, আনচেলত্তির কৌশলের কারণেই এ মৌসুমে খেলোয়াড়েরা বেশি চোটে পড়েছেন। যার প্রভাব পড়েছে ম্যাচের ফলে। খেলোয়াড়দের সঠিকভাবে ঘুরিয়ে-ফিরিয়ে তিনি খেলাতে পারেননি। রিয়াল সভাপতি নাকি হুমকিও দিয়েছিলেন, ‘আপনার সহকারীদের বদলান, নইলে চাকরি হারাবেন’। এখানে আপত্তি ছিল আনচেলত্তির। যে সহকারীদের নিয়ে ১৮ বছর ধরে কাজ করছেন, তাঁদের ছাড়তে চাননি।
অবশ্য এমন আরও নানা খুঁত বের করা যাবে আনচেলত্তির। তবে সবচেয়ে বড় যে বিষয়টি বরখাস্তের নেপথ্যে কাজ করেছে, এ মৌসুমে রিয়ালের শিরোপা শূন্য থাকা। এ ব্যর্থতা হজম করতে পারেনি ক্লাব কর্তৃপক্ষ। শুধু আনচেলত্তির ক্ষেত্রে প্রথম এমন ঘটল, তা নয়। এমন করুণ বিদায়ের শিকার হতে হয়েছিল ভিসেন্তে দেল বস্ককেও। রিয়ালের হয়ে দুবার লা লিগা, দুবার চ্যাম্পিয়নস লিগ, একবার উয়েফা সুপার কাপ জয়ের পরও নির্দিষ্ট মেয়াদের আগে বিদায় নিতে হয়েছিল তাঁকে। ২০১০ বিশ্বকাপ জয়ী এ কোচের বড় ব্যর্থতা ছিল, পেরেজের মেয়াদে জিদান, রাউল, রোনালদো, রবার্তো কার্লোস ও ফিগোর মতো তারকাবহুল দল নিয়ে চ্যাম্পিয়নস লিগ জিততে পারেননি।
পেশাদার ফুটবল বড্ড নিষ্ঠুর; বর্তমান সাফল্যই যেখানে শেষ কথা। নইলে খেলোয়াড়-সমর্থকদের চাওয়ার পরও গত মৌসুমে আনচেলত্তির সাফল্য কেন ম্লান হয়ে যাবে মাত্র এক মৌসুমের ব্যর্থতায়। তথ্যসূত্র: মার্কা, গোলডটকম, মেইল অনলাইন, রয়টার্স।