কী রত্ন হেলায় হারিয়েছে রিয়াল আর ইউনাইটেড!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিএসজির হয়ে নিয়মিতই গোলের দেখা পাচ্ছেন ডি মারিয়া। ছবি: এএফপি
পিএসজির হয়ে নিয়মিতই গোলের দেখা পাচ্ছেন ডি মারিয়া। ছবি: এএফপি

রিয়াল মাদ্রিদ ছেড়েছিলেন ২০১৪ চ্যাম্পিয়নস লিগ জেতানোর পর। রিয়াল ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে চলে এসেছিলেন অ্যাঙ্গেল ডি মারিয়া। সেটিও ব্রিটিশ দলবদল ফির রেকর্ড গড়ে। কিন্তু সেখানেও এক মৌসুমের বেশি টিকতে পারলেন না এই আর্জেন্টাইন উইঙ্গার। মাঠে লু​ই ফন গালের কৌশল, মাঠের বাইরে নিরাপত্তা—দুই ‘আতঙ্কে’ ম্যানচেস্টার ছাড়লেন। এখন তিনি প্যারিসে। ডি মারিয়া তো দুটি ক্লাব থেকেই চলে গেলেন, তবে তাতে ক্ষতিটা কার হলো?

রিয়াল আর ইউনাইটেড এখন শুধু দীর্ঘশ্বাসই ফেলতে পারে। এই দুটো ক্লাবই যেখানে ধুঁকছে, সেখানে পিএসজির হয়ে গোলের সঙ্গে, জয়ের সঙ্গে চুটিয়ে ‘রোমান্স’ করে যাচ্ছেন ডি মারিয়া। রীতিমতো ফুল ফোটাচ্ছেন।
তখনকার কোচ কার্লো আনচেলত্তি ও দলের সবচেয়ে বড় তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর আপত্তি সত্ত্বেও ডি মারিয়াকে বিক্রি করে দিয়েছিল রিয়াল। আসলে বলা যায়, বিক্রি করে দিয়েছিলেন পেরেজ। কারণ দেখানো হয়েছিল, বেতন বেশি চাইছেন ডি মারিয়া। মজার ব্যাপার কী জানেন, সে সময় ডি মারিয়ার বেতন ছিল সপ্তাহে ৯৫ হাজার পাউন্ড। মাত্রই চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ম্যান অব দ্য ম্যাচ হওয়া একজনকে এর চেয়ে খুব বেশি বেতন বাড়াতে রাজি ছিলেন না রিয়াল সভাপতি পেরেজ। দলে হামেস রদ্রিগেজকেও টেনেছে রিয়াল; কী দরকার ডি মারিয়ার! তাই তাঁকে বিক্রি করে দিয়ে আনা হলো বিশ্বকাপ তারকা রদ্রিগেজকে। তাঁকে ঠিকই কিন্তু সপ্তাহে বেতন দেওয়া হলো ১ লাখ ২০ হাজার পাউন্ড!
হামেস খারাপ খেলছেন না, তবে ডি মারিয়ার অভাবটা এখনো টের পাচ্ছে রিয়াল। মাঠের বাঁ প্রান্ত ধরে ওভাবে টানা ওপর-নিচ দৌড়াতে পারা, ডিফেন্সে মার্সেলো আর আক্রমণে রোনালদোর সঙ্গে মিলে রক্ষণ-আক্রমণে ভারসাম্য এনে দেওয়া আরেকজন খেলোয়াড় যে এখনো বের করে নিতে পারেনি ‘লস ব্লাঙ্কো’রা। তারই ফল হিসেবে হয়তো গত মৌসুমটা কাটাতে হয়েছে শিরোপাশূন্য। এই মৌসুমেও দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক সেই ‘ভারসাম্য’ খুঁজে নিতে মাথা কুটছেন রিয়াল কোচ রাফায়েল বেনিতেজ।
আর ইউনাইটেড? কোচ লুই ফন গালের ‘জেদে’র কাছে হারিয়েছে তাঁদের ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড়টিকে। এক মৌসুম পরই পিএসজিতে ডি মারিয়ার ওভাবে চলে যাওয়াকে মেনে নিতে পারেননি অনেক ইউনাইটেড সমর্থকই। তখন আর্জেন্টাইন উইঙ্গারকে ‘বিশ্বাসঘাতক’ উপাধিও দিয়েছিলেন কেউ কেউ। কিন্তু এই মুহূর্তে যদি আবেগ একপাশে সরিয়ে রেখে বলতে বলা হয়, কোন খেলোয়াড়টিকে সবচেয়ে বেশি দরকার ইউনাইটেডের, তাতে হয়তো জরিপে একমাত্র রোনালদোর সঙ্গেই জোর প্রতিযোগিতা হবে ডি মারিয়ার। ইউনাইটেড যে একদমই খেলতে পারছে না ইউনাইটেডের মতো। গতকালও লিগে নরউইচের কাছে ২-১ গোলে হেরে নেমে গেছে তালিকার পাঁচে।
ইউনাইটেড সমর্থকদের আক্ষেপ আরেকটু বাড়িয়ে দিচ্ছে ডি মারিয়ার ফর্ম। গতকালও ফ্রেঞ্চ লিগের ম্যাচে আর্জেন্টান উইঙ্গারের জোড়া গোলের সঙ্গে ইব্রাহিমোভিচের গোল মিলিয়ে কাঁ-কে ৩-০ গোলে হারিয়েছে পিএসজি। লিগের প্রথম ধাপের ১৯ ম্যাচ শেষে এখনো অপরাজিত ফ্রেঞ্চ চ্যাম্পিয়নরা। এরই মধ্যে দ্বিতীয় স্থানে থাকা মোনাকোর চেয়ে এগিয়ে ১৯ পয়েন্টে! আর পিএসজির এই আগুনে ফর্মে ইব্রার সঙ্গে নিয়মিত ঘি ঢেলে যাচ্ছেন ডি মারিয়া। ফ্রেঞ্চ ক্লাবটির হয়ে সর্বশেষ ৭ ম্যাচে ১০টি গোলে অবদান এই উইঙ্গারের!
নিজের জালের খোঁজ পেয়েছেন ৪ বার, অন্যকে সে সুযোগ করে দিয়েছেন আরও ৬ বার। সব মিলিয়ে এই মৌসুমে পিএসজির হয়ে ২৬ ম্যাচে ১৩ গোল, ১১ অ্যাসিস্ট। গত ছয় ম্যাচে মাত্র ছয় গোল করা ইউনাইটেড এই গোল-অ্যাসিস্টগুলো পেলে রীতিমতো বর্তে যেত।
অবশ্য ডি মারিয়াই একমাত্র খেলোয়াড় নন, ফন গালের ‘ছেড়ে দেওয়া ভুল হয়েছে’ খেলোয়াড়ের তালিকায় আছেন হাভিয়ের হার্নান্দেজও। এই মৌসুমেই ইউনাইটেড ছেড়ে জার্মান ক্লাব বেয়ার লেভারকুসেনে গিয়েছেন এই মেক্সিকান স্ট্রাইকার। তাঁর পারফরম্যান্স? ফন গালের জন্য লজ্জায় মুখ লুকানোর মতো ব্যাপার - এরই মধ্যে ১৪ ম্যাচে ১১ গোল করে ফেলেছেন হার্নান্দেজ।
‘চিচারিতো’ তো আছেনই, ডি মারিয়াও প্রতি মুহূর্তে আক্ষেপ বাড়াচ্ছেন ইউনাইটেড সমর্থকদের। রিয়ালেরও। কী এক রত্ন হেলায় হারিয়েছে তারা! তথ্যসূত্র: গোলডটকম, হুস্কোরড।